বাংলাস্ফিয়ার: ভারত সরকারের নতুন গোপনীয়তা আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আইনি লড়াই শুরু করেছে দেশের শীর্ষ ২১টি সংবাদমাধ্যম ও প্রকাশনা সংস্থা। সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি নেওয়ার নিয়মকে ‘পূর্ব-সেন্সরশিপ’ আখ্যা দিয়ে এই আইন অনুসন্ধানী সাংবাদিকতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতাকে ধ্বংস করে দেবে বলে সতর্ক করেছেন আইনজীবীরা।

ভারত সরকারের নতুন গোপনীয়তা আইন বা প্রাইভেসি ল নিয়ে নরেন্দ্র মোদী প্রশাসনের বিরুদ্ধে দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো সুপ্রিম কোর্টে এক ঐতিহাসিক আইনি লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। মিডিয়া গ্রুপগুলোর জোরালো দাবি, এই আইনের অবাস্তব শর্ত ও নিয়মকানুনের কারণে স্বাধীনভাবে সাংবাদিকতা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়বে এবং বহু সংবাদপ্রতিষ্ঠান বন্ধের মুখে পড়বে।

বিতর্কিত এই আইনের সবচেয়ে বড় আপত্তিজনক দিক হলো, কোনো ব্যক্তির বিরুদ্ধে খবর বা প্রতিবেদন প্রকাশ করতে হলে লেখার আগেই তাঁর সম্মতি বা অনুমতি নিতে হবে।

আইনটিকে সরাসরি ‘পূর্ব-সেন্সরশিপ’ আখ্যা দিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিট দায়ের করেছে দেশের প্রভাবশালী সংবাদমাধ্যমগুলোর জোট। তাদের স্পষ্ট বক্তব্য, কোনো অপরাধী বা দুর্নীতিগ্রস্ত ব্যক্তি কখনোই নিজের বিরুদ্ধে খবর প্রকাশের অনুমতি দেবে না। ফলে খবর প্রকাশের আগেই তা চিরতরে আটকে যাবে, যা মূলত সেন্সরশিপের নামান্তর।

সর্বোচ্চ আদালতে মামলার শুনানিতে সংবাদমাধ্যমগুলোর পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, এই আইন কার্যকর হলে সত্য প্রকাশের পথ রুদ্ধ হয়ে যাবে এবং দেশের বড় বড় সংবাদমাধ্যমগুলো বড় ধরনের অস্তিত্বের সংকটে পড়ব।

২০১৪ সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকেই ভারতে সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব হওয়ার অভিযোগ উঠছে। যদিও সরকারের পক্ষ থেকে বরাবরই এই অভিযোগ অস্বীকার করে সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী বলে দাবি করা হয়েছে।

সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ধনকুবের মুকেশ আম্বানি ও গৌতম আদানির মালিকানাধীন প্রতিষ্ঠানসহ ২১টি বড় সংবাদ প্রকাশনা সংস্থার একটি যৌথ দল এই আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করেছে।

প্রকাশকদের আশঙ্কা, এই আইন কেবল অনুসন্ধানী সাংবাদিকতার হাতকেই বেঁধে ফেলবে না, বরং সরকারের হাতে সাংবাদিকদের গোপন তথ্যের উৎস জানার বিপজ্জনক সুযোগও তুলে দেবে।

দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল প্রকাশকদের সংগঠন ‘ডিজিটাল নিউজ পাবলিশার্স অ্যাসোসিয়েশন’ (ডিএনপিএ)-এর পক্ষে আদালতে সওয়াল করতে গিয়ে বিশিষ্ট আইনজীবী মাধবী গোরাডিয়া দিভান বিচারকদের জানান, এই আইন খবরের মূল সংজ্ঞাই বদলে দিচ্ছে।

তিনি আদালতকে বলেন, “আমাদের যদি যেকোনো সংবাদের জন্য সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি নিতে হয়, তবে দেশের সব নিউজ রুম বা সংবাদ কক্ষগুলো বন্ধ করে দেওয়া ছাড়া উপায় থাকবে না। এটি পুরোপুরি এক ধরনের পূর্ব-সেন্সরশিপ।”

দিভান আরও জানান, আইনের প্রাথমিক খসড়াগুলোতে সাংবাদিকদের জন্য কিছু ক্ষেত্রে ছাড়ের বিধান রাখা হলেও, চূড়ান্ত সংস্করণে তা সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে।

এত দিন মূলত বাকস্বাধীনতাবিষয়ক কর্মী ও কিছু ছোট মাপের সংবাদমাধ্যম এই আইনের প্রতিবাদ করে আসছিল। তবে এবারই প্রথম দেশের মূলধারার শীর্ষ মিডিয়া হাউজগুলো একজোট হয়ে মোদীর সরকারের এই বিতর্কিত আইনের বিরুদ্ধে সরাসরি আদালতের দ্বারস্থ হলো।

আগামী ১৭ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট। চলতি মাসের শুরুর দিকে আদালতে জমা দেওয়া নথিপত্র অনুযায়ী, গত আগস্টে সরকারের সঙ্গে বৈঠকে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার মৌখিক আশ্বাস দেওয়া হয়েছিল প্রকাশকদের।

তবে ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর কিংবা যুক্তরাজ্যের মতো আইনে সাংবাদিকদের জন্য কোনো লিখিত ও সুনির্দিষ্ট ছাড় বা সুরক্ষা না থাকায় প্রকাশকদের উদ্বেগ মাত্রাতিরিক্ত বেড়ে গেছে।

আগামী ২০২৭ সালের মে মাস থেকে কার্যকর হতে যাওয়া এই আইনের বিতর্কিত ধারাগুলো অবিলম্বে বাতিলের জোরালো দাবি জানাচ্ছে প্রকাশকদের সংগঠন।

তাদের গভীর আশঙ্কা, এই আইন কার্যকর হলে সংবাদমাধ্যমগুলোকে তাদের আর্কাইভ বা পুরোনো খবর পর্যন্ত মুছে ফেলতে বাধ্য করা হতে পারে। একই সঙ্গে সাংবাদিকদের সুরক্ষার প্রাচীর ভেঙে তাদের গোপন সূত্রের তথ্য সরকারের হাতে তুলে দিতে বাধ্য করা হতে পারে।

মোদী সরকারের বিরুদ্ধে এই আইনি লড়াইয়ে নামা ‘ডিজিটাল নিউজ পাবলিশার্স অ্যাসোসিয়েশন’ (ডিএনপিএ)-এর সদস্য তালিকায় রয়েছে আম্বানির মালিকানাধীন ‘নেটওয়ার্ক১৮’, আদানির ‘এনডিটিভি’, এবং প্রভাবশালী দৈনিক ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ ও ‘টাইমস অব ইন্ডিয়া’র ডিজিটাল শাখা ‘টাইমস ইন্টারনেট’। আগামীদিনে সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেটাই এখন দেখার।