৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন বসছে। সেখানে আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ কার্যকর করার জন্য নতুন কয়েকটি বিল আনতে পারে কেন্দ্র। গোটা প্রক্রিয়ার সামনে বড় প্রশ্ন একটাই। দেশের বেশির ভাগ জায়গায় নতুন জনগণনার কাজ শেষ হতে আর তিন মাসের সামান্য বেশি বাকি। তা হলে সরকার কেন ২০১১-র জনগণনার উপরেই ভরসা রাখতে চাইছে?
এপ্রিলে বিরোধী দলগুলি, বিশেষত দক্ষিণের রাজ্যের দলগুলি, একটি বড় আপত্তি তুলেছিল। নতুন আইনে সব রাজ্যে লোকসভার আসন সমহারে ৫০ শতাংশ বাড়ানোর ব্যবস্থা রেখে সরকার সেই আপত্তির জবাব দিতে পারে। তাতে সংসদে রাজ্যগুলির আপেক্ষিক প্রতিনিধিত্ব মোটের উপর একই থাকবে। কিন্তু ২০১১-র জনগণনা আঁকড়ে থাকার যুক্তি নিয়ে প্রশ্নও উঠবে।
সমহারে আসন বাড়লে বিতর্কের চেহারা বদলায় কেন?
সংবিধানে আসন পুনর্বিন্যাসের মাধ্যমে দু'ধরনের রদবদলের কথা বলা আছে। একটি আসনসংখ্যার পরিবর্তন, অন্যটি কেন্দ্রের সীমানার পরিবর্তন। ৮১(২)(ক) অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যগুলির মধ্যে লোকসভার আসন এমন ভাবে ভাগ করতে হবে যাতে যত দূর সম্ভব গোটা দেশে জনসংখ্যা ও আসনের অনুপাত সমান থাকে। কয়েকটি ছোট রাজ্য এর ব্যতিক্রম। ৮১(২)(খ) অনুচ্ছেদ প্রতিটি রাজ্যের ভিতরে কেন্দ্রগুলির মধ্যে একই রকম সমতা আনতে চায়।
প্রথম নীতিটি কার্যত ১৯৭৬ সাল থেকে স্থগিত। সে বছর রাজ্যগুলির আসনসংখ্যা স্থির করে দেওয়া হয়, যাতে যে রাজ্যগুলি জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে সফল, তারা রাজনৈতিক প্রতিনিধিত্ব না হারায়। রাজ্যগুলির আসন বণ্টন এখনও মোটের উপর ১৯৭১-এর জনগণনার ভিত্তিতে। আর দেশের বেশির ভাগ জায়গায় কেন্দ্রের সীমানা শেষ বার নতুন করে টানা হয়েছিল ২০০১-এর জনগণনা ধরে।
সমহারে ৫০ শতাংশ আসন বাড়লে উত্তরপ্রদেশ এখনকার ৮০-র জায়গায় পাবে ১২০টি আসন, বিহার ৪০-এর জায়গায় ৬০, কেরল ২০-র জায়গায় ৩০। এতে এক জন সাংসদ যত মানুষের প্রতিনিধিত্ব করেন, সেই সংখ্যা কমবে। কিন্তু রাজ্যগুলির মধ্যে প্রতিনিধিত্বের যে বৈষম্য রয়েছে, তা ঘুচবে না। ২০১১-র জনগণনা ধরলেও প্রস্তাবিত বৃদ্ধির পরে বিহারে এক জন সাংসদ গড়ে প্রায় ১৭.৩৫ লক্ষ মানুষের প্রতিনিধি হবেন। কেরলে এই সংখ্যা ১১.১৪ লক্ষ।
রাজ্যগুলির বর্তমান জনসংখ্যার সঙ্গে সম্পর্ক না রেখেই সরকার তাদের আসন বণ্টন ঠিক করছে। ফলে আসন পুনর্বিন্যাসে নতুন জনগণনার মূল কাজ হবে দুটো বিষয় ঠিক করা: রাজ্যের ভিতরে বাড়তি আসনগুলি কোথায় হবে, আর তার কতগুলি তফসিলি জাতি ও জনজাতির জন্য সংরক্ষিত থাকবে। এই কাজে সাধারণত সর্বশেষ জনসংখ্যার তথ্য ব্যবহার করাই বাঞ্ছনীয়।
২০১১-র জনগণনার পক্ষে সরকারের যুক্তি কী?
সরকার চায় ২০২৯-এর লোকসভা নির্বাচনের মধ্যেই লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ চালু করতে। ২০২৩ সালের সেপ্টেম্বরে সংসদে পাশ হওয়া সংবিধান (১০৬তম সংশোধনী) আইন মহিলা সংরক্ষণ কার্যকর করাকে একটি শর্তে বেঁধে দিয়েছিল। আইন চালু হওয়ার পরে প্রথম যে জনগণনা হবে, তার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস হলে তবেই সংরক্ষণ কার্যকর হবে।
১৭ এপ্রিল লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যুক্তি দেন, নতুন জনগণনার পরে আসন পুনর্বিন্যাস করলে ২০২৯-এর নির্বাচনের আগে তা শেষ করা যাবে না, কারণ এই প্রক্রিয়ায় ব্যাপক জনশুনানি লাগে।
তবে জনগণনার গণনাপর্ব শেষ হওয়া আর আসন পুনর্বিন্যাসের জন্য প্রয়োজনীয় জনসংখ্যার তথ্য হাতে আসা এক কথা নয়। দেশের প্রথম ডিজিটাল জনগণনায় তথ্য প্রক্রিয়াকরণের সময় অনেকটা কমবে বলে আশা। গত বছর জুনে 'দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস' জানিয়েছিল, গণনা শেষ হওয়ার ১০ দিনের মধ্যে জনসংখ্যার প্রাথমিক হিসাব পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। যাচাইয়ে লাগতে পারে আরও ছ'মাস। কিন্তু আসন পুনর্বিন্যাসের জন্য গ্রাম, শহর ও ওয়ার্ড স্তর পর্যন্ত খুঁটিনাটি জনসংখ্যার তথ্য লাগে, তফসিলি জাতি ও জনজাতির জনসংখ্যা সমেত।
সম্প্রতি জট পাকিয়েছে মণিপুরও। সেখানে হাই কোর্টের নির্দেশে জনগণনার কাজ ২০২৭-এর ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত।
বিল পাশ হওয়ার পরেই ডিলিমিটেশন কমিশন গঠন করা হলে ২০১১-র জনগণনা ধরে কাজ শেষ করতে কমিশন দু'বছরের বেশি সময় পাবে। ২০২৭-এর জনগণনার বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করলে সেই সময় অনেকটাই কমে যেতে পারে। শেষ দেশব্যাপী আসন পুনর্বিন্যাস শুরু হয়েছিল ২০০২ সালে, শেষ হয় ২০০৮-এ। মাঝপথে কোন জনগণনা ধরা হবে তা বদলে যাওয়ায় এবং ২০০৪-এর লোকসভা নির্বাচনের জন্য প্রক্রিয়া বাধা পেয়েছিল।
২০১১-র জনগণনা ব্যবহারের বিপদ কোথায়?
এপ্রিলে পেশ হওয়া ডিলিমিটেশন বিলের উদ্দেশ্য ও কারণ সংক্রান্ত বিবৃতিতে সরকার নিজেই একটি প্রধান যুক্তি দিয়েছিল। তা হল, জনসংখ্যার অসম বৃদ্ধি এবং অভিবাসন, বিশেষত গ্রাম থেকে শহরে, নির্বাচনী কেন্দ্রগুলিতে জনঘনত্বের ব্যাপক ফারাক তৈরি করেছে।
কিন্তু শেষ আসন পুনর্বিন্যাসের পরে দেশে যে জনবিন্যাসগত পরিবর্তন হয়েছে, তার বড় অংশই ২০১১-র জনগণনার আওতার বাইরে। গত দেড় দশকে দ্রুত বাড়তে থাকা মহানগর অঞ্চল, উপনগরী আর শিল্পকেন্দ্রগুলিতে বিপুল সংখ্যক মানুষ এসে বসত গড়েছেন।
এই বৈষম্যের মাত্রা কতটা, তার আভাস মেলে ২০২৪-এর লোকসভা নির্বাচনে নির্বাচন কমিশনের তথ্যে। তেলঙ্গানার মালকাজগিরি কেন্দ্রে হায়দরাবাদ মহানগর অঞ্চলের বড় অংশ রয়েছে। সেখানে নথিভুক্ত ভোটার ছিলেন ৩৭.৮০ লক্ষ, অথচ হায়দরাবাদ কেন্দ্রে ২২.১৭ লক্ষ। শুধু ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যেই মালকাজগিরিতে ভোটার বেড়েছে ৬.৩ লক্ষেরও বেশি। ভোটার তালিকা জনগণনার তথ্যের বিকল্প হতে পারে না ঠিকই, কিন্তু বিভিন্ন কেন্দ্রে কতটা জনবিন্যাসগত পরিবর্তন হয়েছে তার একটা ইঙ্গিত দেয়।
একটি কাল্পনিক রাজ্যের কথা ধরা যাক, যা আসন পুনর্বিন্যাসের পরে ১৫০টি আসন পাবে। ২০১১-য় রাজ্যের জনসংখ্যার ১০ শতাংশ যে অঞ্চলে ছিল, তার প্রাপ্য মোটামুটি ১৫টি আসন। ২০২৭-এর মধ্যে রাজ্যের জনসংখ্যায় সেই অঞ্চলের ভাগ ১৫ শতাংশে পৌঁছলে নতুন জনগণনার ভিত্তিতে তার প্রাপ্য হতে পারে ২২ বা ২৩টি আসন।
অর্থাৎ কোন জনগণনা ধরা হচ্ছে, তার উপরে রাজ্যের ভিতরে রাজনৈতিক প্রতিনিধিত্বের ভৌগোলিক বণ্টন অনেকটাই নির্ভর করতে পারে। তফসিলি জাতি ও জনজাতির জন্য সংরক্ষিত কেন্দ্রের সংখ্যা ও অবস্থানও তখন এমন জনসংখ্যার অনুপাতে ঠিক হতে পারে, যা আর সমকালীন নয়।
২০২৭-এর জনগণনার পরে কি আবার আসন পুনর্বিন্যাস হবে?
এপ্রিলে পেশ হওয়া বিলগুলির প্রেক্ষিতে প্রশ্নটি গুরুত্বপূর্ণ। সংবিধান (১৩১তম সংশোধনী) বিল, ২০২৬ লোকসভায় প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। প্রতিটি জনগণনার পরে আসন পুনর্বিন্যাসের যে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে, এই বিলে তা তুলে দেওয়ার প্রস্তাব ছিল। বিলটি ৮১ ও ৮২ অনুচ্ছেদ সংশোধন করে সংসদের হাতে এই ক্ষমতা দিতে চেয়েছিল যে, কোন জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস হবে এবং কখন হবে, তা সংসদ আইন করে ঠিক করবে। বিধানসভার ক্ষেত্রেও একই রকম পরিবর্তনের প্রস্তাব ছিল।
সঙ্গের ডিলিমিটেশন বিলে বলা হয়েছিল, ডিলিমিটেশন কমিশন গঠনের দিন পর্যন্ত যে জনগণনার পরিসংখ্যান প্রকাশিত হয়েছে, সেটাই প্রযোজ্য হবে। অর্থাৎ কমিশনের কাজ চলাকালীন নতুন জনগণনার পরিসংখ্যান প্রকাশিত হলেও তা অন্তর্ভুক্ত করার কোনও আপনা থেকে তৈরি হওয়া বাধ্যবাধকতা থাকবে না।
নতুন বিলগুলিতে এই ধারাগুলি থেকে গেলে ২০২৭-এর জনগণনা প্রকাশের পরে আবার আসন পুনর্বিন্যাসের কোনও সাংবিধানিক বাধ্যবাধকতাও থাকবে না। ফলে সংসদ নতুন করে আইন না করা পর্যন্ত ২০১১-র জনগণনার ভিত্তিতে টানা কেন্দ্রগুলিই একাধিক নির্বাচনে বহাল থাকতে পারে।
মহিলা সংরক্ষণ আর আসন পুনর্বিন্যাসকে জুড়ে দেওয়ার রাজনৈতিক অঙ্ক কী?
২০২৯-এর মধ্যে মহিলা সংরক্ষণ চালু করতে পারলে বিজেপি দাবি করতে পারবে, মহিলাদের রাজনৈতিক ক্ষমতায়নের একটি বড় প্রতিশ্রুতি তারা রক্ষা করেছে। কল্যাণ প্রকল্প আর রাজনৈতিক প্রচারের মাধ্যমে দলটি বরাবরই মহিলাদের একটি আলাদা ভোটব্যাঙ্ক হিসাবে গড়ে তোলার চেষ্টা করেছে। এপ্রিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শাহ দু'জনেই আসন পুনর্বিন্যাসের প্যাকেজে বিরোধীদের আপত্তিকে মহিলা সংরক্ষণের বিরোধিতা হিসাবে তুলে ধরতে চেয়েছিলেন। শাহ বলেছিলেন, পরের নির্বাচনগুলিতে বিরোধী দলগুলিকে মহিলা ভোটারদের রোষের মুখে পড়তে হবে।
সংরক্ষণ চালুর আগে লোকসভার আসন বাড়ানোয় দলমত নির্বিশেষে একটা রাজনৈতিক সুবিধাও আছে। এখনকার ৫৪৩ আসনের সভায় মহিলা সংরক্ষণ চালু হলে নারী-পুরুষ নির্বিশেষে প্রার্থীদের জন্য খোলা থাকবে মাত্র ৩৬২টি আসন। ৮১৬ আসনের বর্ধিত সভায় এক-তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত রাখার পরেও খোলা থাকবে ৫৪৪টি আসন। তাতে বিপুল সংখ্যক বর্তমান সাংসদ ও টিকিটপ্রার্থীকে বাদ দেওয়ার চাপ দলগুলির উপরে অনেকটাই কমবে।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।