লোকসভায় সমাজবাদী পার্টির (এসপি) সাংসদ ৩৭ জন, রাজ্যসভায় পাঁচ জন। দুই কক্ষেই বিরোধী শিবিরের পক্ষে এই সংখ্যা যথেষ্ট গুরুত্বপূর্ণ।
দলের রাজ্যসভা সাংসদ জাভেদ আলি খান ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে বলেন, “এসপি সংসদের অধিবেশনে যোগ দেবে। দলের মতে, এই বিল দেশের পক্ষে বিপর্যয় ডেকে আনবে। পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে সোমবার দলের বৈঠকে।”
শুক্রবার এক্স-এ এক পোস্টে অখিলেশ লেখেন, “আসন পুনর্বিন্যাসই হবে বিজেপির রাজনীতির সবচেয়ে বড় ভুল।”
পরে আসন পুনর্বিন্যাস বিল বিবেচনা ও পাশ করানোর জন্য প্রস্তাবিত সংসদ অধিবেশন নিয়ে প্রশ্নের জবাবে অখিলেশ বলেন, নরেন্দ্র মোদী সরকার কেবল আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন জিততেই বিলটি নিয়ে আসছে। তাঁর অভিযোগ, “দানচুরির (অযোধ্যার রামমন্দিরে কথিত দান তছরুপ) পরে যখন ওরা বুঝল উত্তরপ্রদেশের ভোট হাত থেকে বেরিয়ে যাচ্ছে, তখনই শুধু ইউপি ভোট জেতার জন্য ডিলিমিটেশন বিল আনা হচ্ছে। আর সে জন্য গোটা দেশকে বিভ্রান্ত করছে ওরা।”
সংসদে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবং বিরোধীদের শক্তির হিসাব নিয়ে অখিলেশ বলেন, “সংখ্যার কথা যদি বলেন, সংখ্যার খেলা তো হবেই। কিন্তু আমি বলতে পারি, আসন পুনর্বিন্যাস হবে বিজেপির সবচেয়ে বড় ভুল। ওরা যত বড় বড় সিদ্ধান্ত নিয়েছে, তার কোনওটা থেকেই মানুষ উল্লেখযোগ্য সুবিধা পাননি।”
এসপি-র আর এক নেতার বক্তব্য, সৎ উদ্দেশ্যে করা হলে আসন পুনর্বিন্যাসের পরে কেন্দ্রের সংখ্যা বাড়লে সব রাজনৈতিক দল এবং সব রাজ্যই লাভবান হতে পারত। তিনি বলেন, “কিন্তু বিজেপি প্রতিটা রাজনৈতিক সিদ্ধান্ত নেয় ভোটে নিজের জমি তৈরি করতে। এই পরিস্থিতিতে, যখন সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন মাত্র কয়েক সপ্তাহ দূরে, তখন কোনও বিষয়েই বিজেপির পাশে দাঁড়িয়েছে বলে মনে হতে পারে এমন পদক্ষেপ এসপি করতে পারে না। এসপি ডিলিমিটেশন বিলের বিরুদ্ধেই ভোট দেবে।”
উত্তরপ্রদেশের নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে প্রশ্নের উত্তরে অখিলেশ সাংবাদিক বৈঠকে বলেন, আসন পুনর্বিন্যাস বিলই দেখিয়ে দেবে কোন দল কোন দিকে।
তিনি আরও বলেন, জেন জ়ি আন্দোলনের পরে বিজেপি ‘ধাক্কা খেয়েছে’ এবং উত্তরপ্রদেশে ‘অনুকূল আবহ’ তৈরি করতে না পেরেই শাসকদল এই বিল আনছে।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।