শরদচন্দ্র পওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি আনুষ্ঠানিকভাবে আসন পুনর্বিন্যাস বিলে সমর্থন জানিয়েছে। শুক্রবার এ কথা ঘোষণা করেছেন দলের বিধায়ক ও জাতীয় মুখপাত্র জিতেন্দ্র আওহাড়। ঘোষণাটি এল এমন সময়ে, যখন আসন পুনর্বিন্যাস সংক্রান্ত সংশোধিত সংবিধান সংশোধনী বিল নিয়ে অবস্থান স্থির করতে ইন্ডিয়া জোটের শরিকেরা আগামিকাল, ২৮ নভেম্বর, বৈঠকে বসতে চলেছেন।

কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু আগেই জানিয়েছিলেন, বিশেষ অধিবেশনের জন্য সংসদ ফের ডাকা হয়েছে। লোকসভা বসবে ৩০ নভেম্বর থেকে, রাজ্যসভা ২ ডিসেম্বর থেকে। এর আগে এপ্রিলে সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা জোগাড়ের চেষ্টা ব্যর্থ হয়েছিল।

সিদ্ধান্ত ঘোষণা করে আওহাড় জানান, সব রাজ্যে লোকসভার আসন সমান হারে ৫০ শতাংশ বাড়ানোর সংস্থান বিলে থাকলে এনসিপি (এসপি) তাকে সমর্থন করবে। দলের আট জন লোকসভা সাংসদকেই ৩০ নভেম্বর থেকে সভায় উপস্থিত থাকার নির্দেশ দিয়ে আগেই হুইপ জারি করা হয়েছিল।

দলীয় প্রধান শরদ পওয়ারের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের আওহাড় বলেন, দল বিলটিকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা যে সংশোধিত সূত্রে ছাড়পত্র দিয়েছে, তাতে সব রাজ্যে লোকসভার আসন ৫০ শতাংশ বাড়ানোর পাশাপাশি আগামী ২৫ বছর, অর্থাৎ ২০৫১ সাল পর্যন্ত, রাজ্যগুলির আপেক্ষিক অংশীদারি অপরিবর্তিত রাখার কথা বলা হয়েছে।

আওহাড়ের কথায়, “কোনও বিভ্রান্তিই নেই। আসন পুনর্বিন্যাসকে সমর্থন করা হবে বলেই সিদ্ধান্ত হয়েছে। আমরা সমর্থন করব।” শরদ পওয়ারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি জানান, আলোচনা হয়েছে “আসন পুনর্বিন্যাসের সাংবিধানিক দিক নিয়ে। এটা আজ হোক বা কাল, হতেই হবে।”

আওহাড়ের বক্তব্য সাংসদ সুপ্রিয়া সুলের আগের অবস্থানেরই প্রতিধ্বনি। সুপ্রিয়া জানিয়েছিলেন, আসনবৃদ্ধি সব রাজ্যে সমান হারে হলে তবেই দল বিলটিকে সমর্থন করবে।

সংশোধিত প্রস্তাব অনুযায়ী লোকসভার আসনসংখ্যা বেড়ে হবে ৮১৫, আর রাজ্যগুলির আপেক্ষিক প্রতিনিধিত্ব ২০৫১ সাল পর্যন্ত অপরিবর্তিত থাকবে।

দলের সাংসদেরা সিদ্ধান্ত নেওয়ার আগে ইন্ডিয়া জোটের সম্মিলিত অবস্থানের অপেক্ষা করবেন কি না, এই প্রশ্নে আওহাড় বলেন, “আমাদের সাংসদেরা বিলটি পড়বেন, তার সংস্থানগুলি বুঝবেন। ইন্ডিয়া জোটের বৈঠকে আমরা উপস্থিত থাকব। বিলে যা থাকবে, সেই অনুযায়ী সুপ্রিয়া সুলে যে সিদ্ধান্ত নেবেন, সেটাই মানা হবে।”

প্রস্তাবিত এই প্রক্রিয়া নিয়ে বিরোধী জোটের অন্দরে মতভেদের আবহেই এনসিপি-র এই অবস্থান সামনে এল। কংগ্রেস ইঙ্গিত দিয়েছে, তাদের অবস্থান ভিন্ন। অন্য দিকে, ডিএমকে-র মতো দলগুলি গোড়া থেকেই বলে আসছে, দক্ষিণের রাজ্যগুলির আপেক্ষিক প্রতিনিধিত্ব যাতে কমে না যায়, সে জন্য লোকসভার আসনবৃদ্ধি সব রাজ্যে সমান হারেই হতে হবে।