ভারত মহাসাগরীয় অঞ্চলে সামরিক আধিপত্য ও সামুদ্রিক আকাশশক্তি বৃদ্ধিতে বড়সড় মাইলফলক স্পর্শ করল ভারতীয় নৌবাহিনী। ভারতের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত বিমানবাহী রণতরী ‘আইএনএস বিক্রান্ত’-এর ডেকে সফলভাবে অবতরণ করল ফরাসি যুদ্ধবিমান ‘রাফাল মেরিন’ (Rafale M)। নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম প্রচেষ্টাতেই এই কঠিন অবতরণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। এই ঐতিহাসিক মুহূর্তের এক চমকপ্রদ ভিডিও প্রকাশ করেছে ভারতীয় নৌবাহিনী।

নৌসেনা সূত্রে জানা গিয়েছে, আইএনএস বিক্রান্তে রাফাল মেরিনের এই পরীক্ষামূলক উড়ান ও অবতরণ ভারতীয় নৌবাহিনীতে এই উন্নত যুদ্ধবিমান অন্তর্ভুক্তিকরণের প্রক্রিয়ায় প্রথম ও অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভারত ও ফ্রান্সের মধ্যে স্বাক্ষরিত প্রায় ৬৩,০০০ কোটি টাকার আন্তঃসরকারি চুক্তির আওতায় মোট ২৬টি রাফাল মেরিন যুদ্ধবিমান সংগ্রহ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ২২টি একক আসনবিশিষ্ট যুদ্ধবিমান এবং ৪টি দ্বৈত আসনবিশিষ্ট প্রশিক্ষণ বিমান।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, নৌবহরে রাফাল মেরিনের সংযোজন ভারতীয় নৌবাহিনীর রণকৌশলগত ভারসাম্য এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেবে। এর ফলে বিমানবাহী রণতরী কেন্দ্রিক যুদ্ধদল (Carrier Battle Group) উন্নত আকাশ প্রতিরক্ষা, দূরপাল্লার সুনির্দিষ্ট সামুদ্রিক আঘাত এবং দৃষ্টিসীমার বাইরে গিয়ে (BVR) শত্রুবিমান ধ্বংসের বিধ্বংসী ক্ষমতা অর্জন করবে।

https://x.com/indiannavy/status/2116112357168713918?s=20

নৌবাহিনীর পরিকল্পনা অনুযায়ী, রাফাল মেরিন যুদ্ধবিমানগুলি আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্য—উভয় রণতরীর ডেক থেকেই পরিচালিত হবে। বিক্রান্তের ডেকে এই যুদ্ধবিমানের সফল ট্রায়াল ভারতীয় নৌবাহিনীর ক্যারিয়ার এভিয়েশন সক্ষমতাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিল।