বুধবার, ২৮ অক্টোবর ঘূর্ণিঝড় ‘অর্ণব’ উপকূলে আছড়ে পড়তে পারে। তার আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্কুল বন্ধ করেছে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ সরকার। সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে উদ্ধারকারী দলগুলিকে। প্রশাসনের লক্ষ্য, প্রাণহানি সম্পূর্ণ ঠেকানো এবং পরিকাঠামোর ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কমিয়ে আনা।

ঘূর্ণিঝড়টি বর্তমানে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে, বিশাখাপত্তনম থেকে প্রায় ৬১০ কিলোমিটার দূরে অবস্থান করছে। সেটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগোচ্ছে। উপকূলে আঘাত হানার আগে এটি আরও শক্তি সঞ্চয় করে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, ২৮ অক্টোবর দুপুরের আগেই বাপাটলা ও বিশাখাপত্তনমের মধ্যে দিয়ে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়টি। সেই সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার হতে পারে।

ঘূর্ণিঝড়ের অবস্থান সম্পর্কে প্রতিবেদনে আরও জানানো হয়েছে, এর কেন্দ্র আন্দামান দ্বীপপুঞ্জের শ্রী বিজয়পুরমের প্রায় ৫৯০ কিলোমিটার উত্তর-পশ্চিমে, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের ৬৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে, কাকিনাড়ার ৭৩০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে, মছলিপত্তনমের ৮৩০ কিলোমিটার পূর্বে এবং বাপাটলার ৯১০ কিলোমিটার পূর্বে রয়েছে।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ২৬ অক্টোবর আধিকারিকদের চব্বিশ ঘণ্টা নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। ঘূর্ণিঝড়ের প্রভাব যতটা সম্ভব কমিয়ে আনা এবং প্রাণহানি ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করতে বলেছেন তিনি।

এদিকে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু সক্রিয় থাকায় তামিলনাড়ুর বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত রয়েছে। ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে ২৭ অক্টোবর পর্যন্ত আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।