অভিনেতা টাইগার শ্রফের উপর গত ১৮ অক্টোবরের হামলা এবং লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম করে একের পর এক হুমকির পর বলিউডের অন্তত দুই প্রথম সারির তারকার নিরাপত্তা বাড়িয়ে ওয়াই-প্লাস শ্রেণিতে নিয়ে গিয়েছে মুম্বই পুলিশ। অন্য কয়েক জনের সুরক্ষাও জোরদার করা হয়েছে।
আধিকারিকেরা জানিয়েছেন, বলিউডের বিশিষ্ট ব্যক্তিত্বদের নিরাপত্তা নিয়ে বৃহত্তর পর্যালোচনার অংশ হিসেবেই এই পদক্ষেপ। যাঁরা ইতিমধ্যেই নিরাপত্তা পান, তাঁদের ঝুঁকি কতটা, তা খতিয়ে দেখছে একাধিক সংস্থা। পাশাপাশি, নতুন করে কাদের নিরাপত্তা দেওয়া প্রয়োজন, তাঁদেরও চিহ্নিত করা হচ্ছে।
নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোথাও নিরাপত্তার শ্রেণি উন্নীত করা হচ্ছে—যার মূল অর্থ নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানো। কোথাও আবার শ্রেণি অপরিবর্তিত রেখেই অতিরিক্ত কর্মী মোতায়েন করা হচ্ছে। নজর রাখা হচ্ছে তারকাদের যাতায়াতের পথেও। গ্যাংয়ের নিশানায় থাকা অভিনেতাদের পরিবারের কিছু সদস্য এবং ঘনিষ্ঠদেরও নিরাপত্তার আওতায় আনা হয়েছে।
গত ১৮ অক্টোবর সন্ধ্যায় জুহুর পুষ্পা পার্কের কাছে একটি ফুটবল মাঠ থেকে টাইগার শ্রফের গাড়ি বেরোনোর সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। একটি মোটরবাইকে আসা তিন দুষ্কৃতী অভিনেতাকে লক্ষ্য করে অন্তত তিন রাউন্ড গুলি চালায়। টাইগার অক্ষত থাকলেও তাঁর গাড়ির চালক এবং এক অটোরিকশাচালক আহত হন। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের বিদেশে থাকা দুই সদস্যের বলে দাবি করা একটি অডিয়ো বার্তায় হামলার দায় স্বীকার করা হয়। সেই বার্তায় সলমন খানের সঙ্গে কাজ না করার জন্য টাইগারকে হুঁশিয়ারিও দেওয়া হয়।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে জুহুতে পরিচালক রোহিত শেট্টির বাড়িতে গুলি চালানোর ঘটনার সঙ্গে এই গ্যাংয়ের নাম জড়িয়েছিল। ২০২৪ সালের এপ্রিলে বান্দ্রায় সলমন খানের আবাসনের বাইরে গুলি চালানো এবং ওই বছরের অক্টোবরে প্রাক্তন বিধায়ক বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের সঙ্গেও গ্যাংটির যোগসূত্র উঠে এসেছে।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, নতুন পর্যালোচনার ভিত্তিতে এক প্রথম সারির তারকার নিরাপত্তা এক্স শ্রেণি থেকে ওয়াই-প্লাস করা হয়েছে। আর এক জনের নিরাপত্তা ওয়াই থেকে বাড়িয়ে ওয়াই-প্লাস করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট অভিনেতাদের নাম এবং সুরক্ষাব্যবস্থার কার্যকরী খুঁটিনাটি প্রকাশ করা হয়নি ।
যোগাযোগ করা হলে মুম্বই পুলিশের এক পদস্থ আধিকারিক নিরাপত্তাব্যবস্থার বিস্তারিত জানাতে চাননি। তবে তিনি জানান, পুলিশ নিয়মিত নিরাপত্তা পর্যালোচনা করে এবং হুমকির মুখে থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখে।
ওই আধিকারিক বলেন, “কিছু পরিস্থিতিতে আমাদের মনে হয়, কোনও নির্দিষ্ট জায়গায় বিপদের আশঙ্কা বেশি। তখন সেখানে অতিরিক্ত কর্মী দেওয়া হয়। নিরাপত্তার শ্রেণিটাই যদি বাড়িয়ে দেওয়া হয়, তা হলে সংশ্লিষ্ট তারকা যেখানেই যান, সেই সংখ্যক পুলিশকর্মীকে তাঁর সঙ্গে যেতে হবে। কিছু ক্ষেত্রে তার প্রয়োজন না-ও থাকতে পারে। তাই পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়, নিরাপত্তার শ্রেণি বদলানো হবে, নাকি শুধু অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হবে।”
একটি সূত্র জানিয়েছে, ভক্তদের সঙ্গে সাক্ষাৎ বা জনসংযোগের সময় কয়েক জন প্রথম সারির তারকার নিরাপত্তা জেড শ্রেণির সমতুল্য পর্যায়ে নিয়ে যাওয়া হয়। এ ধরনের অনুষ্ঠানে উর্দিধারী এবং সাদা পোশাকের কর্মী—দু’পক্ষকেই মোতায়েন করা হয়। এই তারকারা বাড়ির বাইরে বেরোলেও একই ধরনের সতর্কতা নেওয়া হয়। জনসমক্ষে হাজির হওয়ার সময় থাকে বাড়তি সুরক্ষা।
টাইগার শ্রফ-সহ কয়েক জন অভিনেতার বাড়ির নিরাপত্তাও বাড়ানো হয়েছে। এক অভিনেতার বাড়িতে বুলেটপ্রুফ কাঠামো বসানো হয়েছে। সূত্রের খবর, মুম্বইয়ের বাইরে যাওয়ার পরিকল্পনা থাকলে অভিনেতাদের যাত্রাপথ আগাম পুলিশকে জানাতে বলা হয়েছে, যাতে সেই পথে নজরদারি চালানো যায়। গন্তব্যস্থলেও আগে থেকে নিরাপত্তা তল্লাশি করে এলাকা সুরক্ষিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট স্থানীয় থানাগুলিকেও সতর্ক করা হচ্ছে, যাতে তারকারা তাদের এলাকার বাইরে না যাওয়া পর্যন্ত প্রয়োজনীয় নিরাপত্তা পান।
নিরাপত্তা পর্যালোচনা এখনও চলছে। শুধু সরাসরি হুমকি পাওয়া অভিনেতারাই এর আওতায় নেই। গ্যাংয়ের নিশানায় থাকা কয়েক জন অভিনেতার ঘনিষ্ঠ বলে যাঁদের মনে করা হচ্ছে, তাঁদের নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যেকের ব্যক্তিগত ঝুঁকি বিচার করে সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। সূত্রের খবর, কয়েক জন অভিনেতার পরিবারের সদস্যদের এক্স শ্রেণির নিরাপত্তাও দেওয়া হয়েছে।
আধিকারিকেরা জানিয়েছেন, পর্যালোচনার চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে নিরাপত্তাব্যবস্থায় আরও পরিবর্তন আনা হতে পারে।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।