দেওয়ালির আলোর উৎসবের মাঝে দিল্লিতে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। উৎসবের আনন্দে পরিবারের সঙ্গে বাজি ফাটানোর সময় রকেট বাজির আঘাত পেয়ে প্রাণ হারালো ১০ বছরের এক শিশু। সলতেয় আগুন দেওয়ার পর বাজিটি উপরের দিকে না গিয়ে সোজা এসে শিশুটির বুকে আঘাত করে ফেটে যায়। ঘটনাটি ঘটেছে দিল্লির নারেলা এলাকায়। মৃত শিশুটির নাম ঋষি।

পরিবার সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় বাড়ির সামনে অন্যান্য আত্মীয় ও সদস্যদের সাথে রংমশাল, ফুলঝুরি ও রকেট বাজি ফাটাচ্ছিল ঋষি। একটি খালি বোতলে রকেট বাজিটি বসিয়ে তার সলতেয় আগুন ধরাতেই বিপত্তি ঘটে। রকেটটি আকাশে ওঠার বদলে দিক পরিবর্তন করে গোত্তা খেয়ে সোজা গিয়ে ধাক্কা মারে ঋষির বুকে এবং সেখানেই বিস্ফোরণ ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সঙ্গে সঙ্গে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

এই মর্মান্তিক পরিণতিতে ঋষির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর নিহতের পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম অবহেলা ও চিকিৎসায় গাফিলতির গুরুতর অভিযোগ তুলেছে। ঋষির দাদা মোহিতের দাবি, হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ও তাঁর ভাই বেঁচে ছিল, কিন্তু জরুরি বিভাগের চিকিৎসকদের তৎপরতার অভাবে তাকে বাঁচানো সম্ভব হয়নি। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশের তোয়াক্কা না করে দেওয়ালির রাতে দিল্লিতে দেদার বাজি ফাটার ফলে দূষণের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছে এবং একাধিক জায়গায় বাজি সংক্রান্ত দুর্ঘটনার খবর সামনে এসেছে।