শিখদের প্রথম গুরু গুরু নানক দেবের জন্মজয়ন্তীর দিনটাই বেছে নিল বিজেপি। মঙ্গলবার ওই দিনে শিরোমণি অকালি দলের (শিঅদ) সঙ্গে জোটের কথা ঘোষণা করল তারা। লক্ষ্য ২০২৭ সালের ফেব্রুয়ারিতে পাঞ্জাব বিধানসভা নির্বাচন। দিল্লিতে বিজেপির সদর দফতরে যৌথ সাংবাদিক বৈঠক হয়। সেখানে ছিলেন শিঅদ সভাপতি সুখবীর সিংহ বাদল আর বিজেপি সভাপতি নীতিন নবীন। তাঁদের পাশে বসে ঘোষণাটি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এনডিএ-র দুই পুরনো শরিক আবার এক হল। খাতায়-কলমে এই মিলন আর তার প্রতীকী তাৎপর্য বেশ জোরালো দেখায়। তবে নানা কারণ আছে, অতীতের অভিজ্ঞতাও আছে। তাই প্রচারে বিজেপি ও শিঅদ দু'পক্ষকেই সাবধানে পা ফেলতে হবে।
দিল্লির সীমানায় কৃষকদের আন্দোলন চলেছিল প্রায় এক বছর। তার পরে ২০২১ সালের নভেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটি কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেন। সে দিনও ছিল গুরু নানক দেবের জন্মজয়ন্তী। কিন্তু তিন মাস পরে ভোটে তার কোনও সুফল মেলেনি। ২০২২ সালের ফেব্রুয়ারির বিধানসভা ভোটে বিজেপি একাই লড়েছিল। কারণ ওই আইনগুলি নিয়েই ২০২০ সালের সেপ্টেম্বরে শিঅদ বিজেপির সঙ্গ ছেড়েছিল। সেই ভোটে আপ রাজ্যের ১১৭টি আসনের মধ্যে ৯২টি জিতে কার্যত ঝড় তোলে। কংগ্রেস পায় ১৮টি। বিজেপি জেতে মাত্র দু'টি আসন, শিঅদ তিনটি।
২০২৪ সালের লোকসভা ভোটে পাঞ্জাব বিজেপি একটি আসনও পায়নি। তবে তাদের ভোটের হার বেড়ে ১৮ শতাংশে পৌঁছয়। অন্য দিকে, অকালি দল ১৩টি আসনের মধ্যে জেতে মাত্র একটি। তাদের ভোটের হারও নেমে আসে ১৩ শতাংশে।
পর্যবেক্ষকদের মতে, দুই দল এখন জোট ফিরিয়ে আনছে ঠিকই, কিন্তু পুরনো সমীকরণ আবার কাজ করবে, তার কোনও নিশ্চয়তা নেই। সেই সমীকরণে বিজেপির লক্ষ্য ছিল হিন্দু ভোট, শিঅদের লক্ষ্য শিখ ভোট।
কৃষক-সহ পাঞ্জাবের নানা মহলের ক্ষোভের মুখে অকালি দলকে এনডিএ ছাড়তে হয়েছিল। শিঅদ তখন বিজেপির বিরুদ্ধে অকাল তখ্ত-সহ শিখ প্রতিষ্ঠানগুলিতে হস্তক্ষেপের অভিযোগও তুলেছিল। বাদলরা এমনও অভিযোগ করেছিলেন যে বিজেপি তাঁদের দল ভাঙার চেষ্টা করেছে। সেই তিক্ত বিবাদ এখন দু'পক্ষই পিছনে ফেলে এগোতে চাইছে।
পন্থিক চ্যালেঞ্জ
অকালিদের সামনে এখন সবচেয়ে বড় কাজ শিখ ভোট ফিরিয়ে আনা। ২০২৪ সালের লোকসভা ভোটে খাদুর সাহিব আসনে জেতেন কট্টরপন্থী ধর্মপ্রচারক অমৃতপাল সিংহ। তিনি অকালি দল (ওয়ারিস পাঞ্জাব দে)-এর প্রধান, এবং ২০২৩ সালের এপ্রিল থেকে অসমের ডিব্রুগড় জেলে বন্দি। ফরিদকোট থেকে জেতেন সরবজিৎ সিংহ খালসা। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর হত্যাকারী বেয়ন্ত সিংহের ছেলে।
২০১৭ সালের বিধানসভা ভোটে ক্ষমতাসীন শিঅদ-বিজেপি জোটকে হারিয়ে কংগ্রেস ক্ষমতায় ফেরে। সে বার ধর্মগ্রন্থ অবমাননার মামলায় সুবিচার চাওয়া শিখ ভোটারদের বড় অংশ কংগ্রেসকে সমর্থন করেছিলেন। ২০২২ সালে সেই সমর্থন সরে যায় আপের দিকে। ওই মামলাগুলিতে সুবিচার নিশ্চিত করতে আপ ও কংগ্রেস ব্যর্থ, এমন অভিযোগ আছে। তাতে ২০২৭ সালের ভোটে শিঅদের সামনে একটা সুযোগ তৈরি হয়েছে। কিন্তু বিজেপিও সমালোচনার মুখে পড়েছে। হরিয়ানার বিজেপি সরকার বার বার গুরমিত রাম রহিমকে প্যারোল দিয়েছে, অথচ তিনি অবমাননার মামলাতেও অভিযুক্ত। ধারণা, তাঁর ডেরা সাচ্চা সৌদা ২০২৪ সাল থেকে বিজেপিকে সমর্থন করছে। বিজেপি ডেরার মন জোগাতে চাইলে অকালিরা তা মেনে নেবে কি না, সেটাই আগামী দিনে দুই শরিকের সংঘাতের কারণ হয়ে উঠতে পারে।
অমিত শাহ বলেছেন, মাদকের বিপদ নির্মূল করাই হবে বিজেপি-শিঅদ জোটের অন্যতম প্রধান প্রতিশ্রুতি। কিন্তু অমৃতপাল সিংহও আগে মাদকবিরোধী প্রচার চালিয়েছিলেন। আগের শিঅদ-নেতৃত্বাধীন সরকারও মাদক রুখতে ব্যর্থতার অভিযোগে কাঠগড়ায় উঠেছিল। কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধেও অভিযোগ আছে যে তারা মাদক পাচার ঠেকাতে পারেনি। পাচারের পথ পাকিস্তান সীমান্ত থেকে শুরু করে গুজরাত, রাজস্থান, মধ্যপ্রদেশ ও দিল্লি পর্যন্ত ছড়িয়ে আছে।
আসন রফা ও দলবদলু
আসন ভাগাভাগির সূত্র বিজেপি ও শিঅদ এখনও ঘোষণা করেনি। সূত্রের খবর, বিজেপি বেশি আসন পেলে শিঅদের অন্দরে ক্ষোভ দেখা দিতে পারে। গত কয়েক মাসে কংগ্রেস ও আপ ছেড়ে বেশ কয়েক জন নেতা বিজেপিতে এসেছেন, যাঁরা অকালিদের বিরোধী ছিলেন। তাঁদের মধ্যে আছেন প্রাক্তন আইজি কুঁয়র বিজয় প্রতাপ সিংহ ও এইচ এস ফুলকা।
বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিংহ বিট্টুকেও এখন শিঅদ নেতাদের সঙ্গে এক মঞ্চে দাঁড়াতে হবে। অথচ সেই নেতারা বলবন্ত সিংহ রাজোয়ানার মুক্তি দাবি করছেন। রাজোয়ানার মৃত্যুদণ্ড হয়েছিল প্রাক্তন কংগ্রেসি মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংহকে হত্যার দায়ে। বিয়ন্ত সিংহ বিট্টুর ঠাকুরদা।
শিখ বন্দি ও চুরাশির দাঙ্গা
বিয়ন্ত সিংহ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আর এক বন্দি জগতার সিংহ হাওয়ারা। অসুস্থ মায়ের সঙ্গে দেখা করার জন্য তাঁকে প্যারোল দেয়নি দিল্লির বিজেপি সরকার। রাজোয়ানার মৃত্যুদণ্ড মকুবের জন্য শিখ সংগঠনগুলির আবেদনও এখনও ঝুলে আছে।
২০২৫ সালের এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলা হয়। তার পর থেকে কর্তারপুর করিডরও বন্ধ। শিঅদ, এসজিপিসি ও অকাল তখ্ত বার বার করিডর খোলার দাবি জানিয়েছে।
১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গা নিয়ে অকালি দল বরাবরই কংগ্রেসকে নিশানা করে এসেছে। কিন্তু অতীতের বহু নির্বাচনে সেই কৌশল কাজে আসেনি।
শিখ ভোটারদের মন পেতে কংগ্রেসও এখন সর্বশক্তি দিয়ে নেমেছে। ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক পরগট সিংহের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল শিঅদে। তাঁকে নিয়োগ করার সিদ্ধান্তের পিছনে শিখ ভোটের অঙ্ক কাজ করেছে বলে মনে করা হচ্ছে। অকালি দল তাদের চিরাচরিত ভোটব্যাঙ্ক ফিরে পেতে চাইছে, আর সেই পথে তিনি বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।