একই ব্যায়াম করছেন দু’জন, অথচ একজনের গা প্রায় শুকনো, অন্য জন ঘামে একেবারে নেয়ে উঠেছেন! এমনটা কেন হয়? বেশি ঘামলেই কি শরীরের কোনও সমস্যা রয়েছে? চিকিৎসকদের মতে, এর পিছনে থাকতে পারে শরীরের স্বাভাবিক কিছু বৈশিষ্ট্য, আবার কখনও কোনও অসুখের ইঙ্গিতও হতে পারে। কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন?
ব্যায়াম করতে গিয়ে ঘাম হওয়া খুবই স্বাভাবিক। পেশি যত কাজ করে, শরীরে তত তাপ তৈরি হয়। বাড়তে থাকে শরীরের ভিতরের তাপমাত্রা। তখন মস্তিষ্কের নির্দেশে ঘর্মগ্রন্থি থেকে ঘাম বেরোতে শুরু করে। ত্বকের উপর সেই ঘাম বাষ্প হয়ে উড়ে যাওয়ার সময় শরীর ঠান্ডা হয়।
কিন্তু একই ব্যায়াম করেও কারও ঘাম হয় সামান্য, আবার কেউ ঘামে ভিজে যান। এমনকি হালকা ব্যায়ামেও কারও কারও প্রচুর ঘাম হতে পারে। তাতেই যে শরীরে কোনও অসুখ বাসা বেঁধেছে, এমন নয়। তবে পরিচিত ব্যায়াম করতে গিয়ে হঠাৎ আগের চেয়ে অনেক বেশি ঘাম হলে কিংবা ঘামের সঙ্গে অন্য উপসর্গ দেখা দিলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার।
ঘামের এত তারতম্য কেন?
শারদাকেয়ার হেলথসিটির ইন্টারনাল মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট চিকিৎসক নীরজ কুমারের মতে, কে কতটা ঘামবেন, তা একাধিক বিষয়ের উপর নির্ভর করে। বংশগত বৈশিষ্ট্য, বয়স, ওজন, শারীরিক সক্ষমতা, বাইরের তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা, ব্যায়ামের তীব্রতা এবং শরীরে জলের পরিমাণ—সবই ঘামের পরিমাণ নির্ধারণে ভূমিকা নেয়।
নিয়মিত ব্যায়াম করেন যাঁরা, তাঁদের ক্ষেত্রে ঘাম তুলনামূলক তাড়াতাড়ি শুরু হতে পারে। চিকিৎসক কুমারের ব্যাখ্যা, শরীর নিয়মিত পরিশ্রমের সঙ্গে মানিয়ে নিতে শেখে। ফলে নিজের তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থাও আরও দক্ষ হয়ে ওঠে।
অন্য দিকে, শরীরের ওজন বেশি হলে কিংবা কঠোর ব্যায়াম করলে শরীরে বেশি তাপ তৈরি হতে পারে। ফলে ঘামের পরিমাণও বাড়ে। অর্থাৎ, বেশি ঘাম মানেই যে বেশি ক্যালরি খরচ হচ্ছে বা ব্যায়াম বেশি কার্যকর হচ্ছে, তা নয়।
কখন ঘাম অসুখের ইঙ্গিত?
কখনও কখনও অতিরিক্ত ঘামের পিছনে থাকতে পারে শারীরিক সমস্যা। চিকিৎসক কুমার জানাচ্ছেন, থাইরয়েড গ্রন্থি অতিসক্রিয় হলে শরীরের বিপাকের হার বেড়ে যায়। এই অবস্থাকে বলা হয় হাইপারথাইরয়েডিজম। তখন মাঝারি পরিশ্রমেও অতিরিক্ত ঘাম হতে পারে।
এ ছাড়া রক্তে শর্করার মাত্রার ওঠানামা, ডায়াবিটিসের কারণে ঘাম নিয়ন্ত্রণকারী স্নায়ুর কাজে ব্যাঘাত, হরমোনের পরিবর্তন, কিছু সংক্রমণ এবং নির্দিষ্ট কয়েকটি ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াতেও ঘাম বাড়তে পারে।
আর একটি সমস্যার নাম হাইপারহাইড্রোসিস। এই অবস্থায় শরীর ঠান্ডা রাখতে যতটা ঘাম প্রয়োজন, তার চেয়ে অনেক বেশি ঘাম তৈরি হয়। যাঁদের এই সমস্যা রয়েছে, তাঁরা ব্যায়াম করার সময় তো বটেই, এমনকি বিশ্রামের সময়েও অস্বাভাবিক ঘামতে পারেন।
কোন লক্ষণে চিকিৎসকের কাছে যাবেন?
প্রত্যেকের শরীরের ঘামার ধরন আলাদা। তাই নিজের ক্ষেত্রে কোন মাত্রার পরিশ্রমে সাধারণত কতটা ঘাম হয়, তা খেয়াল রাখা জরুরি। চিকিৎসক কুমারের পরামর্শ, ঠান্ডা পরিবেশে পরিচিত ব্যায়াম করতে গিয়েও যদি হঠাৎ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ঘাম হয়, তা হলে চিকিৎসকের পরামর্শ নিন।
বিশেষ করে অতিরিক্ত ঘামের সঙ্গে নীচের উপসর্গগুলি দেখা দিলে সতর্ক হওয়া দরকার—
অকারণে ওজন কমে যাওয়া।
বুক ধড়ফড় করা বা হাত কাঁপা।
একটানা ক্লান্তি বা দুর্বলতা।
গরম সহ্য করতে অসুবিধা হওয়া।
বিশ্রামের সময়েও অস্বাভাবিক ঘাম হওয়া।
ব্যায়ামের সময় মাথা ঘোরা, বমি ভাব, পেশিতে টান, দুর্বলতা কিংবা বিভ্রান্তি দেখা দিলে তা শরীরে জলের ঘাটতি অথবা অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়ার লক্ষণ হতে পারে।
তবে ঠান্ডা ঘামের সঙ্গে বুকে অস্বস্তি, শ্বাসকষ্ট কিংবা অজ্ঞান হয়ে যাওয়ার মতো অনুভূতি হলে দেরি না করে জরুরি চিকিৎসা নিন। এগুলি হৃদ্রোগের মতো গুরুতর সমস্যারও লক্ষণ হতে পারে।
ব্যায়ামের সময় কী কী মাথায় রাখবেন?
ঘামের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে এবং শরীরকে অতিরিক্ত গরম হয়ে যাওয়া থেকে বাঁচাতে কয়েকটি অভ্যাস কাজে আসতে পারে।
ব্যায়ামের আগে, মাঝে ও পরে পর্যাপ্ত জল পান করুন।
হালকা এবং হাওয়া চলাচল করে এমন পোশাক পরুন।
খোলামেলা বা বাতাস চলাচল করে এমন জায়গায় ব্যায়াম করুন।
গরম ও আর্দ্র আবহাওয়ায় ব্যায়ামের তীব্রতা কমিয়ে দিন।
শরীর অতিরিক্ত ক্লান্ত লাগলে বিরতি নিন।
মনে রাখবেন, শুধু ঘামের পরিমাণ দেখে শারীরিক সক্ষমতা কিংবা অসুস্থতা বিচার করা যায় না। বরং নিজের শরীরের স্বাভাবিক ধরন চিনে রাখা এবং তাতে হঠাৎ কোনও পরিবর্তন ঘটছে কি না, সেদিকে নজর দেওয়াই সবচেয়ে জরুরি।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।