আজ থেকে স্বাস্থ্যকর খাবার খেতে শুরু করলেন। কিন্তু এত দিন ধরে কী খেয়েছেন, তার ছাপ কি শরীরের ভিতরে থেকেই যায়? ইঁদুরের উপর সাম্প্রতিক একটি গবেষণায় মিলেছে তেমনই চমকপ্রদ ইঙ্গিত। গবেষকেরা দেখেছেন, দীর্ঘদিন বেশি চর্বিযুক্ত খাবার খেলে অন্ত্রের ভিতরের আবরণের স্টেম সেলে কিছু পরিবর্তন ঘটে। পরে খাদ্যাভ্যাস বদলালেও সেই পরিবর্তনের কিছু ছাপ থেকে যায়। এমনকি ফের বেশি চর্বিযুক্ত খাবার খেতে শুরু করলে কোষগুলি আগের তুলনায় আরও দ্রুত ও জোরালো ভাবে সাড়া দেয়। কোলন ক্যানসারের ঝুঁকির সঙ্গে দীর্ঘদিনের খাদ্যাভ্যাসের সম্ভাব্য যোগসূত্র বুঝতে এই গবেষণা নতুন দিশা দেখাচ্ছে।
গবেষণাটি প্রকাশিত হয়েছে স্টেম সেল রিপোর্টস পত্রিকায়। গবেষকেরা টানা ছ’মাস ইঁদুরকে বেশি চর্বিযুক্ত, পশ্চিমি ধাঁচের খাবার খাইয়েছিলেন। তাতে দেখা যায়, তাদের অন্ত্রে স্টেম সেলের সংখ্যা বেড়েছে। পাশাপাশি কোষ বিভাজনের গতিও বেড়েছে। এর পরে ইঁদুরগুলিকে কম চর্বিযুক্ত খাবার দেওয়া হয়। চার সপ্তাহ পরেও দেখা যায়, কোষের ভিতরে ডিএনএ-র বিন্যাসে আগে যে পরিবর্তন ঘটেছিল, তার প্রায় ১৮ শতাংশের ছাপ রয়ে গিয়েছে।
চর্বির ছাপ কোষে
অন্ত্রের ভিতরের আবরণ নিয়মিত মেরামত করার দায়িত্ব স্টেম সেলের। পুরনো বা ক্ষতিগ্রস্ত কোষের জায়গায় নতুন কোষ তৈরি করে এই স্টেম সেল। তবে এই কোষ থেকেই কোনও কোনও ক্ষেত্রে ক্যানসারের সূত্রপাত হতে পারে।
ফরিদাবাদের এশিয়ান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের প্রধান ডা. অমিত মিগলানির মতে, কোষ যত বেশি বা যত দ্রুত বিভাজিত হয়, ততই তার মধ্যে ক্ষতিকর পরিবর্তন ঘটার সুযোগ তৈরি হতে পারে। সময়ের সঙ্গে সেই পরিবর্তন টিউমার তৈরিতেও ভূমিকা নিতে পারে।
কোষের স্মৃতি কী ভাবে তৈরি হয়?
বেশি চর্বিযুক্ত খাবার বন্ধ করার পর ইঁদুরগুলির অন্ত্রের স্টেম সেলের কার্যকলাপ অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছিল। কিন্তু কোষের ভিতরে আগের খাদ্যাভ্যাসের কিছু চিহ্ন তখনও রয়ে গিয়েছিল। গবেষকেরা এই ঘটনাকেই কোষের এক ধরনের ‘স্মৃতি’ হিসেবে ব্যাখ্যা করছেন।
ডা. মিগলানি জানান, কোষ কী ভাবে কাজ করবে, তার নির্দেশ থাকে ডিএনএ-তে। তবে ডিএনএ-র মূল ক্রমে কোনও পরিবর্তন না ঘটিয়েও নির্দিষ্ট কিছু নির্দেশ সক্রিয় বা নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। এই ধরনের পরিবর্তনকে বলা হয় ‘এপিজেনেটিক’ পরিবর্তন। গবেষণায় যে ১৮ শতাংশের কথা বলা হয়েছে, তা বেশি চর্বিযুক্ত খাবারের প্রভাবে ডিএনএ-র বিন্যাসে তৈরি হওয়া পরিবর্তনের একটি অংশ। চার সপ্তাহ পরেও সেই ছাপ শনাক্ত করতে পেরেছিলেন গবেষকেরা।
ফিরল পুরনো খাবার, বাড়ল সাড়া
এর পর গবেষকেরা ইঁদুরগুলিকে আবার বেশি চর্বিযুক্ত খাবার দিতে শুরু করেন। দেখা যায়, যারা আগেও এই ধরনের খাবার খেয়েছিল, তাদের অন্ত্রের স্টেম সেল নতুন করে দ্রুত ও জোরালো ভাবে সক্রিয় হয়ে উঠেছে। তুলনায়, যারা প্রথম বার বেশি চর্বিযুক্ত খাবার খাচ্ছিল, তাদের কোষে এই প্রতিক্রিয়া ততটা দেখা যায়নি।
ডা. মিগলানির কথায়, আগের খাদ্যাভ্যাসের প্রভাব রয়ে যাওয়ায় পরে একই ধরনের খাবার পেলে অন্ত্রের কোষগুলি বেশি সংবেদনশীল হয়ে উঠতে পারে। গবেষণায় দেখা গিয়েছে, আগে বেশি চর্বিযুক্ত খাবার খাওয়া ইঁদুরগুলির অন্ত্রে প্রাথমিক পর্যায়ের টিউমারও তুলনায় বড় হয়েছে। অর্থাৎ, খাদ্যাভ্যাসের পুরনো ছাপ পরবর্তী সময়ে কোষের আচরণে প্রভাব ফেলতে পারে।
পুরনো অভ্যাস কি স্থায়ী ক্ষতি করে?
এমনটা ভাবার কারণ নেই। কারণ, গবেষণাটি হয়েছে ইঁদুরের উপর। মানুষের অন্ত্রেও একই ধরনের পরিবর্তন ঘটে কি না, কিংবা ঘটলেও কোলন ক্যানসারের ঝুঁকি ঠিক কতটা বাড়ে, তা এখনও স্পষ্ট নয়।
ডা. মিগলানির মতে, খাদ্যাভ্যাসের সঙ্গে ক্যানসারের সম্ভাব্য সম্পর্ক বুঝতে এই গবেষণা গুরুত্বপূর্ণ। তবে শুধু এই গবেষণার ভিত্তিতে কোনও ব্যক্তির ক্যানসারের ঝুঁকি নির্ধারণ করা সম্ভব নয়।
অন্ত্র ভাল রাখতে কী খাবেন?
খাদ্যাভ্যাসে বদল আনতে কখনও দেরি হয়ে যায় না। ডা. মিগলানির পরামর্শ, প্রক্রিয়াজাত মাংস, ডুবোতেলে ভাজা খাবার এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত প্যাকেটজাত খাবার যতটা সম্ভব কমাতে হবে। লাল মাংসও খেতে হবে পরিমিত পরিমাণে। তার বদলে রোজের পাতে জায়গা করে দিন শাকসবজি, ফল, গোটা শস্য, ডাল এবং অন্যান্য আঁশসমৃদ্ধ খাবার। পাশাপাশি পর্যাপ্ত জল পান, নিয়মিত শরীরচর্চা এবং ওজন নিয়ন্ত্রণে রাখাও জরুরি।
ডা. মিগলানির কথায়, দীর্ঘদিন অস্বাস্থ্যকর খাবার খেলেও খাদ্যাভ্যাস বদলানোর সুফল পাওয়া সম্ভব। অতীতের অভ্যাসের কারণে স্থায়ী ক্ষতি হয়ে গিয়েছে, এমনটা ধরে নেওয়ার কোনও কারণ নেই। সুষম খাবার, সক্রিয় জীবনযাপন এবং প্রয়োজনমতো কোলোরেক্টাল ক্যানসারের স্ক্রিনিং—এই তিনটির উপরেই জোর দেওয়া উচিত। বিশেষ করে যাঁদের এই ক্যানসারের ঝুঁকি বেশি, তাঁদের ক্ষেত্রে সময়মতো স্ক্রিনিং করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।