হ্যাঁ, হতে পারে। হার্ট অ্যাটাকের একেবারে গোড়ায় হৃদ্‌যন্ত্রের বৈদ্যুতিক কার্যকলাপে যে পরিবর্তন ঘটে, তা প্রথম ইসিজিতে ধরা না-ও পড়তে পারে। তাই বুকে ব্যথা, শ্বাসকষ্ট বা হার্ট অ্যাটাকের অন্য উপসর্গ থাকলে ইসিজি স্বাভাবিক দেখেও নিশ্চিন্ত হওয়া বা অপেক্ষা করা উচিত নয়। জরুরি চিকিৎসা নেওয়া জরুরি।

ডাক্তারি পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক এলে স্বস্তি মেলে। কিন্তু সব সময় কি নিশ্চিন্ত হওয়া যায়? হার্ট অ্যাটাকের সন্দেহ হলে চিকিৎসকেরা প্রথমেই যে পরীক্ষাগুলি করেন, ইলেক্ট্রোকার্ডিয়োগ্রাম বা ইসিজি তার অন্যতম। অথচ হার্ট অ্যাটাক হলেও কারও কারও প্রথম ইসিজিতে স্পষ্ট অস্বাভাবিকতা ধরা পড়ে না। কেন এমন হয়?

আমদাবাদের নারায়ণা হাসপাতালের হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. জিশান মনসুরি ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কম-কে বলেন, “হ্যাঁ, ইসিজি স্বাভাবিক হলেও হার্ট অ্যাটাক হতে পারে।” তাঁর ব্যাখ্যা, হৃদ্‌পেশির খুব ছোট একটি অংশ আক্রান্ত হলে, কোনও ধমনি আংশিক বন্ধ থাকলে কিংবা পরীক্ষার সময় হার্ট অ্যাটাকের বৈদ্যুতিক লক্ষণগুলি স্পষ্ট না হলে এমনটা ঘটতে পারে।

হার্ট অ্যাটাকের এক ধরনের ক্ষেত্রে ইসিজির রেখায় ‘এসটি’ নামে পরিচিত অংশটি উপরে ওঠে না। চিকিৎসার পরিভাষায় একে বলে নন-এসটি-এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফার্কশন, সংক্ষেপে এনএসটেমি (NSTEMI)। তাই হার্ট অ্যাটাকের আশঙ্কা উড়িয়ে দেওয়ার আগে চিকিৎসকেরা রোগীর উপসর্গ, হৃদ্‌রোগের ঝুঁকি, পরবর্তী ইসিজি এবং রক্তপরীক্ষার ফল একসঙ্গে বিচার করেন।

প্রথম ইসিজিতে ধরা পড়ে না কেন?

ইসিজি করার সময় হৃদ্‌যন্ত্রে যে বৈদ্যুতিক কার্যকলাপ চলে, যন্ত্রটি তারই রেকর্ড রাখে। হার্ট অ্যাটাকের একেবারে গোড়ায় হৃদ্‌পেশিতে রক্ত চলাচল কমে গেলেও তার প্রভাব ইসিজিতে তখনও স্পষ্ট না-ও হতে পারে। কখনও পরিবর্তন এতটাই সামান্য হয় যে তা বোঝা কঠিন। আবার কোনও পরিবর্তন অল্প সময়ের জন্য দেখা দিয়ে মিলিয়েও যেতে পারে।

আক্রান্ত অংশটি কোথায়, সেটিও গুরুত্বপূর্ণ। শরীরের নির্দিষ্ট কয়েকটি জায়গায় ইলেকট্রোড লাগিয়ে ইসিজি করা হয়। হৃদ্‌যন্ত্রের কোনও কোনও অংশের পরিবর্তন প্রচলিত ইসিজিতে ততটা স্পষ্ট ধরা পড়ে না। কোনও ধমনিতে রক্ত চলাচল সাময়িক ভাবে বন্ধ হয়ে ফের শুরু হলেও পরীক্ষার মুহূর্তে সমস্যাটি চোখ এড়াতে পারে।

ডা. মনসুরি বলেন, “ইসিজি প্রাথমিক পরীক্ষাগুলির একটি। কিন্তু শুধু এই পরীক্ষার ভিত্তিতে হার্ট অ্যাটাকের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।” তাঁর মতে, উপসর্গ থেকে গেলে বা বারবার ফিরে এলে আবার ইসিজি করার পাশাপাশি রক্তপরীক্ষাও জরুরি।

ইসিজি স্বাভাবিক হলে আর কী পরীক্ষা?

সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলির একটি হল হাই-সেনসিটিভিটি কার্ডিয়াক ট্রোপোনিন। হৃদ্‌পেশিতে আঘাত লাগলে রক্তে ট্রোপোনিন নামের একটি প্রোটিনের মাত্রা বেড়ে যেতে পারে। প্রথমবার রক্তের নমুনা নেওয়ার কিছু সময় পরে চিকিৎসকেরা আবার নমুনা নিতে পারেন। এতে বোঝা যায়, সময়ের সঙ্গে ট্রোপোনিনের মাত্রা বাড়ছে কি না, কিংবা আগে বেড়ে থাকলে তা কমছে কি না।

রোগীর শারীরিক অবস্থা এবং প্রাথমিক পরীক্ষার ফল অনুযায়ী আরও কয়েকটি পরীক্ষা করা হতে পারে।

  • আবার ইসিজি: প্রথম পরীক্ষায় ধরা না-পড়া কোনও পরিবর্তন পরে দেখা দিচ্ছে কি না, তা বোঝা যায়।

  • ইকোকার্ডিয়োগ্রাম: হৃদ্‌পেশির বিভিন্ন অংশ কেমন নড়াচড়া করছে এবং হৃৎপিণ্ড কতটা কার্যকর ভাবে রক্ত পাম্প করছে, তা দেখা যায়। রোগীর অবস্থা অস্থিতিশীল হলে এই পরীক্ষা বিশেষ কাজে আসতে পারে বলে জানান ডা. মনসুরি।

  • করোনারি সিটি অ্যাঞ্জিয়োগ্রাফি: রোগীর ঝুঁকি ও অন্য পরীক্ষার ফল বিবেচনা করে সিটি স্ক্যানের সাহায্যে হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী ধমনিগুলি পরীক্ষা করা হতে পারে।

  • করোনারি অ্যাঞ্জিয়োগ্রাফি: প্রয়োজন হলে ক্যাথেটারের সাহায্যে ওই ধমনিগুলি পরীক্ষা করেন চিকিৎসকেরা।

সময়ের সঙ্গে বদলায় ইসিজি?

হ্যাঁ। ডা. মনসুরির কথায়, প্রথম ইসিজিতে হয়তো কোনও পরিবর্তনই দেখা যায় না, অথবা থাকলেও তা খুব সামান্য। পরে ইসিজিতে এসটি অংশটি উপরে উঠতে বা নীচে নামতে পারে, ‘টি’ তরঙ্গ উল্টে যেতে পারে কিংবা নতুন ‘কিউ’ তরঙ্গ দেখা দিতে পারে। কোন ধমনি আক্রান্ত, কতক্ষণ ধরে সমস্যা চলছে এবং কী ধরনের হার্ট অ্যাটাক হয়েছে, তার উপর এই পরিবর্তনগুলি নির্ভর করে।

কিছু পরিবর্তন একবার দেখা দিয়েই মিলিয়ে যেতে পারে। তাই চিকিৎসকেরা পরপর করা ইসিজির রেকর্ড পাশাপাশি রেখে দেখেন। পাশাপাশি মিলিয়ে নেন রোগীর উপসর্গ এবং ট্রোপোনিন পরীক্ষার ফলও।

ইসিজি স্বাভাবিক, তবু বুকে ব্যথা?

বুকে ব্যথা, শ্বাসকষ্ট, অতিরিক্ত ঘাম, বমি বমি ভাব, মাথা ঘোরা কিংবা বুক থেকে বাহু, চোয়াল বা পিঠে ব্যথা ছড়িয়ে পড়ার মতো উপসর্গ থাকলে দ্রুত জরুরি চিকিৎসা নিন। আগের ইসিজি স্বাভাবিক হলেও বাড়িতে অপেক্ষা করবেন না।

ডা. মনসুরির পরামর্শ, “নিজে গাড়ি চালাবেন না। দ্রুত জরুরি পরিষেবায় ফোন করুন।”

হাসপাতালে চিকিৎসকেরা প্রয়োজন অনুযায়ী আবার ইসিজি করবেন, নির্দিষ্ট সময়ের ব্যবধানে রক্তে ট্রোপোনিনের মাত্রা মাপবেন এবং উপসর্গের অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখবেন। মনে রাখবেন, প্রথম ইসিজি স্বাভাবিক এসেছে বলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। চিকিৎসা নিতে দেরি করাই বিপদের কারণ হতে পারে।