গত দু’দশকে কমবয়সিদের মধ্যে কোলন বা বৃহদন্ত্রের ক্যানসার উদ্বেগজনক হারে বেড়েছে। কেন বাড়ছে এই প্রবণতা? অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার, অস্বাস্থ্যকর জীবনযাপন থেকে শুরু করে অন্ত্রে জমে থাকা ক্ষতিকর পদার্থ—সম্ভাব্য কারণ নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা চলছে। এ বার সন্দেহের তালিকায় নতুন সংযোজন মাইক্রোপ্লাস্টিক! প্লাস্টিকের অতি ক্ষুদ্র এই কণাগুলিই কি তরুণদের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে?

পরিসংখ্যান বলছে, আমেরিকায় ২০১৩ থেকে ২০২২ সালের মধ্যে ২০ থেকে ৪৯ বছর বয়সিদের কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হওয়ার হার প্রতি বছর গড়ে ৩ শতাংশ করে বেড়েছে। কোলোরেক্টাল ক্যানসার বলতে বৃহদন্ত্র ও মলাশয়ের ক্যানসারকে বোঝায়। সম্প্রতি চিনের সেন্ট্রাল সাউথ ইউনিভার্সিটির গবেষকদের একটি গবেষণায় মাইক্রোপ্লাস্টিকের সঙ্গে এই রোগের সম্ভাব্য যোগসূত্রের ইঙ্গিত মিলেছে।

প্লাস্টিকেই বিপদ?

গবেষণাটি প্রকাশিত হয়েছে গত মাসে। তাতে দেখা গিয়েছে, দীর্ঘদিন পলিস্টাইরিনের ন্যানোপ্লাস্টিকের সংস্পর্শে থাকলে ইঁদুরের শরীরে টিউমারের বৃদ্ধি ত্বরান্বিত হতে পারে। পলিস্টাইরিন হল সেই ধরনের প্লাস্টিক, যা দিয়ে স্টাইরোফোমের কাপ কিংবা খাবার বহনের পাত্র তৈরি হয়।

গবেষণার জন্য ইঁদুরগুলির জিনগত পরিবর্তন ঘটিয়ে তাদের কোলন ক্যানসারে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ানো হয়েছিল। এর পর তাদের একাংশকে দীর্ঘদিন ন্যানোপ্লাস্টিকের সংস্পর্শে রাখা হয়। দেখা যায়, প্লাস্টিকের অতি ক্ষুদ্র কণাগুলি বৃহদন্ত্রে জমে অন্ত্রের ভিতরের আবরণের কোষগুলির স্বাভাবিক কাজ ব্যাহত করছে। একই সঙ্গে নষ্ট হচ্ছে অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য। ন্যানোপ্লাস্টিকের সংস্পর্শে থাকা ইঁদুরগুলির শরীরে টিউমারের সংখ্যাও ছিল বেশি। টিউমারগুলির তীব্রতাও তুলনায় বেশি।

মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিক কোলোরেক্টাল ক্যানসারের সূত্রপাত এবং বিস্তারে ভূমিকা রাখতে পারে, এমন ইঙ্গিত অবশ্য এই প্রথম নয়। গত বছর প্রকাশিত অন্য একটি গবেষণাতেও দেখা গিয়েছিল, কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত রোগীদের টিউমারে আশপাশের সুস্থ টিস্যুর তুলনায় বেশি পরিমাণে মাইক্রোপ্লাস্টিক জমে রয়েছে।

ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলাইনার কলেজ অব ফার্মেসির অধ্যাপক এবং গবেষণা বিভাগের অ্যাসোসিয়েট ডিন লর্ন হফসেথের মতে, “আমার ধারণা, এটি একটি বড় কারণ।”

কেন সন্দেহের তালিকায়?

তরুণদের মধ্যে কোলন ক্যানসার বাড়ার সময়কালও গবেষকদের নজর কেড়েছে। ১৯৯০-এর দশক থেকেই কম বয়সিদের মধ্যে এই রোগের বিস্তার বাড়তে শুরু করেছে বলে শনাক্ত করেন গবেষকেরা। সাধারণত কোনও ঝুঁকির উপাদানের সংস্পর্শে আসার প্রায় ২০ বছর পরে কোলোরেক্টাল ক্যানসার তৈরি হতে পারে। তাই গবেষকেরা এমন কোনও কারণ খুঁজছেন, যার প্রভাব ১৯৭০-এর দশক থেকে বাড়তে শুরু করেছে এবং এখনও অব্যাহত। পাশাপাশি, যেহেতু এই প্রবণতা শুধু একটি দেশে সীমাবদ্ধ নয়, বরং বিশ্বজুড়েই দেখা যাচ্ছে, তাই এমন কোনও উপাদানের খোঁজ চলছে, যা গোটা পৃথিবীর মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করছে।

হফসেথের কথায়, “সব দিক একসঙ্গে মিলিয়ে দেখলে কয়েকটি বিষয় সামনে আসে। অতি-প্রক্রিয়াজাত খাবারের ব্যবহার বেড়েছে। বেড়েছে ‘ফরএভার কেমিক্যালস’—অর্থাৎ সহজে ভাঙে না, পরিবেশে দীর্ঘদিন থেকে যায় এমন রাসায়নিকের উপস্থিতি। খাবারে কৃত্রিম রঙের ব্যবহারও বেড়েছে। তবে একই সঙ্গে উল্লেখযোগ্য হারে বেড়েছে মাইক্রোপ্লাস্টিকও।”

আমেরিকায় ১৯৯০-এর দশক থেকে কম বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হওয়ার হার ধারাবাহিক ভাবে বেড়েছে। সাম্প্রতিক বছরগুলিতে সেই বৃদ্ধির গতি আরও তীব্র। তবে পরীক্ষার নিয়মে পরিবর্তনেরও এতে কিছুটা ভূমিকা থাকতে পারে। ২০২১ সালে আগাম ক্যানসার পরীক্ষার নির্দেশিকায় পরিবর্তন এনে ৫০ বছরের পরিবর্তে ৪৫ বছর বয়স থেকেই পরীক্ষা শুরু করার পরামর্শ দেওয়া হয়। ফলে আরও বেশি সংখ্যক কমবয়সি রোগী শনাক্ত হচ্ছেন।

নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব ওটাগোর শল্যচিকিৎসার অধ্যাপক ফ্র্যাঙ্ক ফ্রিজেলের মতে, আজকের তরুণদের জীবনযাপন আগের প্রজন্মের তুলনায় অনেক ক্ষেত্রেই স্বাস্থ্যকর। তাঁরা তুলনায় কম রেড মিট খান, বেশি শাকসবজি খান, ধূমপান ও মদ্যপানের প্রবণতাও কমেছে। তা সত্ত্বেও কম বয়সে ক্যানসারের হার বাড়ছে। ফলে অন্য কোনও পরিবেশগত কারণের ভূমিকা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

অন্ত্রের ঢালেই আঘাত?

ফ্রিজেলের ধারণা, মাইক্রোপ্লাস্টিক বৃহদন্ত্রের ভিতরের মিউকাস বা শ্লেষ্মার স্তরের ক্ষতি করে ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। এই শ্লেষ্মার স্তর আসলে অন্ত্রের এক ধরনের সুরক্ষাকবচ। ক্ষতিকর রাসায়নিক ও জীবাণুকে বৃহদন্ত্রের দেওয়াল পর্যন্ত পৌঁছতে বাধা দেয় এটি।

কিন্তু প্লাস্টিকের অতি ক্ষুদ্র কণাগুলি যদি এই স্তর ভেদ করে ভিতরে ঢুকে পড়ে, তা হলে সেই সুরক্ষা দুর্বল হয়ে যেতে পারে। ফ্রিজেলের ভাষায়, ব্যাপারটা অনেকটা “কন্ডোমে ফুটো করে দেওয়ার মতো”। অর্থাৎ, সুরক্ষার আবরণে ফাটল ধরলে ক্ষতিকর পদার্থের পক্ষে বৃহদন্ত্রের কোষগুলির ক্ষতি করা সহজ হয়ে ওঠে।

কম বয়সে হওয়া কোলন ক্যানসারের ক্ষেত্রে বেশি বয়সে হওয়া ক্যানসারের তুলনায় এই শ্লেষ্মার স্তর জড়িয়ে পড়ার সম্ভাবনাও বেশি। অন্য দিকে, প্রাণীদের উপর চালানো কয়েকটি গবেষণায় দেখা গিয়েছে, মাইক্রোপ্লাস্টিক এই সুরক্ষাকবচের ক্ষতি করতে পারে।

তবে ফ্রিজেল মনে করেন, মাইক্রোপ্লাস্টিক নিজেই হয়তো সরাসরি ক্যানসারের কারণ নয়। বরং তাঁর ধারণা, “মাইক্রোপ্লাস্টিক শ্লেষ্মার স্তর পেরিয়ে যাওয়ার একটি পথ তৈরি করে দিচ্ছে।” অর্থাৎ, এর ফলে অন্য ক্ষতিকর পদার্থের পক্ষে অন্ত্রের কোষে পৌঁছে ক্ষতি করা সহজ হতে পারে।

আগাম পরীক্ষাই ভরসা

মাইক্রোপ্লাস্টিক ও কোলোরেক্টাল ক্যানসারের মধ্যে সরাসরি কার্যকারণ সম্পর্ক এখনও প্রতিষ্ঠিত হয়নি। এ বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছতে আরও গবেষণা প্রয়োজন। তবে প্রাথমিক গবেষণার ফলাফল যথেষ্ট উদ্বেগজনক বলে মনে করছেন বিজ্ঞানীরা।

এই পরিস্থিতিতে ক্যানসার প্রতিরোধের একটি কার্যকর উপায় হল আরও কম বয়স থেকে নিয়মিত পরীক্ষা শুরু করা। আগাম পরীক্ষায় বৃহদন্ত্র ও মলাশয়ে তৈরি হওয়া পলিপ শনাক্ত করে সরিয়ে দেওয়া সম্ভব। এই পলিপগুলির কিছু পরবর্তী সময়ে ক্যানসারে পরিণত হতে পারে। ফলে ক্যানসার তৈরি হওয়ার আগেই বিপদ ঠেকানো যায়।

অস্ট্রিয়ার মতো দেশে ৪৫ বা ৫০ বছরের অপেক্ষা না করে ৪০ বছর বয়স থেকেই এই পরীক্ষা শুরু করা হয়। সেখানে কম বয়সে কোলোরেক্টাল ক্যানসারের হার উল্লেখযোগ্য ভাবে বাড়তে দেখা যাচ্ছে না। বরং কমছে বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা।

ফ্রিজেলের মতে, আগাম পরীক্ষার মাধ্যমে রোগের ঝুঁকি অনেকটাই সামাল দেওয়া সম্ভব। তবে শুধু রোগ শনাক্ত করলেই হবে না, খাবারের সঙ্গে শরীরে কতটা প্লাস্টিক প্রবেশ করছে, সেটিও নিয়ন্ত্রণ করা জরুরি। তাঁর কথায়, “খাবারের ক্ষেত্রে আমাদের বিষয়টি নতুন করে ভাবতে হবে। কী ভাবে খাবারের দূষণ কমানো যায়, সেটাই এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন।”

রান্নাঘরেই সতর্কতা

মাইক্রোপ্লাস্টিকের সংস্পর্শ যতটা সম্ভব কমাতে দৈনন্দিন জীবনেও কিছু পরিবর্তন আনা যায়। তার মধ্যে অন্যতম হল প্লাস্টিকের পাত্রে খাবার বা পানীয় গরম না করা। কারণ, তাপের সংস্পর্শে প্লাস্টিক থেকে আরও বেশি পরিমাণে রাসায়নিক ও ক্ষুদ্র কণা খাবার বা পানীয়তে মিশে যেতে পারে।

তাই খাবার গরম করার জন্য কাচ বা অন্য উপযুক্ত পাত্র ব্যবহার করা ভাল। তবে মনে রাখতে হবে, মাইক্রোপ্লাস্টিকের সঙ্গে কোলন ক্যানসারের যোগসূত্র নিয়ে গবেষণা এখনও প্রাথমিক পর্যায়ে। প্লাস্টিক এড়িয়ে চলা সতর্কতামূলক পদক্ষেপ হতে পারে, কিন্তু ক্যানসার প্রতিরোধের নিশ্চিত উপায় হিসেবে একে দেখা যাবে না।