অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ওজন বৃদ্ধি এবং বয়স বাড়ার সঙ্গে উচ্চ কোলেস্টেরলের সম্পর্কের কথা প্রায়ই শোনা যায়। কিন্তু উদ্বেগের বিষয় হল, রক্তে কোলেস্টেরল বিপজ্জনক মাত্রায় পৌঁছলেও একজন মানুষ নিজেকে সম্পূর্ণ সুস্থ বলে মনে করতে পারেন। অন্য অনেক অসুখের মতো উচ্চ কোলেস্টেরলের স্পষ্ট উপসর্গ থাকে না। শরীরে যে কোনও সমস্যা হচ্ছে, তার প্রকাশ্য ইঙ্গিত না দিয়েই বছরের পর বছর নিঃশব্দে ধমনির ক্ষতি করে যেতে পারে এটি।

কোনও কোনও ক্ষেত্রে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হওয়ার পর মানুষ প্রথম জানতে পারেন, তাঁদের কোলেস্টেরল বেশি। কিন্তু এত দিন ধরে সমস্যাটি ধরা পড়ে না কেন? আগে থেকে সতর্ক হওয়ার মতো কোনও লক্ষণ কি আছে?

একই প্রশ্ন তুলেছিলেন অনলাইন প্রশ্নোত্তর মঞ্চ কোরার এক ব্যবহারকারী। তাঁর জিজ্ঞাসা ছিল, গুরুতর জটিলতা তৈরি হওয়ার আগে পর্যন্ত উচ্চ কোলেস্টেরল কেন নজরে আসে না?

বিষয়টি বুঝতে আমরা কথা বলেছি মুম্বইয়ের নারায়ণা হেল্‌থ এসআরসিসি চিলড্রেন্স হসপিটালের শিশুহৃদ্‌রোগ বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও ক্লিনিক্যাল লিড, চিকিৎসক সুপ্রতিম সেনের সঙ্গে।

কেন উচ্চ কোলেস্টেরলকে ‘নীরব’ সমস্যা বলা হয়?

চিকিৎসক সেনের ব্যাখ্যা, উচ্চ কোলেস্টেরলকে নীরব সমস্যা বলা হয় কারণ, এর মাত্রা অনেকটা বেড়ে গেলেও সাধারণত কোনও উপসর্গ দেখা যায় না।

তাঁর কথায়, “কোলেস্টেরল রক্তে ঘুরে বেড়ায় এবং ধমনির দেওয়ালে ধীরে ধীরে জমতে থাকে। অথচ এর ফলে ব্যথা, অস্বস্তি বা ক্লান্তি হয় না। বছরের পর বছর ধমনির ক্ষতি হতে থাকলেও মানুষ নিজেকে পুরোপুরি সুস্থ বলে মনে করতে পারেন।”

তবে কারও কারও চোখের পাতায় বা বাহুতে কোলেস্টেরল জমে দৃশ্যমান দাগ বা গুটি তৈরি হতে পারে। চোখের পাতায় এ ধরনের জমাটকে বলা হয় ‘জ্যানথেলাসমা’, আর ত্বকের নিচে তৈরি গুটিকে বলা হয় ‘জ্যানথোমা’।

অতিরিক্ত কোলেস্টেরল কীভাবে ধমনির ক্ষতি করে?

এলডিএলকে সাধারণভাবে ‘খারাপ কোলেস্টেরল’ বলা হয়। অতিরিক্ত এলডিএল ধমনির দেওয়ালের ভিতরে ঢুকে চর্বিজাত পদার্থের আস্তরণ তৈরিতে ভূমিকা নেয়। এই আস্তরণকে বলা হয় ‘প্লাক’। সময়ের সঙ্গে সঙ্গে প্লাক জমে ধমনি সরু হয়ে আসে এবং রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়।

সেন বলেন, “কোনও প্লাক ফেটে গেলে সেখানে রক্ত জমাট বাঁধতে পারে। সেই জমাট রক্ত হঠাৎ হৃৎপিণ্ড বা মস্তিষ্কে রক্ত সরবরাহ বন্ধ করে দিয়ে হার্ট অ্যাটাক বা স্ট্রোক ঘটাতে পারে।”

অর্থাৎ, ধমনিতে এই আস্তরণ তৈরি হয় ধীরে ধীরে। কিন্তু তার পরিণতি কখনও আচমকাই দেখা দেয় এবং প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

হার্ট অ্যাটাক বা স্ট্রোকের পরেই কেন অনেকে সমস্যাটি জানতে পারেন?

উচ্চ কোলেস্টেরলে সচরাচর চোখে পড়ার মতো উপসর্গ হয় না। তাই রক্ত পরীক্ষা না করালে বহু মানুষ বছরের পর বছর সমস্যাটির কথা জানতেই পারেন না।

সেনের কথায়, “কোনও কোনও ক্ষেত্রে আগে থেকেই ক্ষতিগ্রস্ত ধমনি হঠাৎ বন্ধ হয়ে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়। সেটিই হয়ে ওঠে সমস্যার প্রথম ইঙ্গিত।”

নিজেকে সুস্থ মনে হচ্ছে মানেই তাই কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রয়েছে, এমন নয়। আপাতদৃষ্টিতে সুস্থ মানুষেরও নিয়মিত কোলেস্টেরল পরীক্ষা করানো গুরুত্বপূর্ণ।

ধমনির ক্ষতির কোনও আগাম লক্ষণ কি আছে?

দুর্ভাগ্যজনকভাবে, অধিকাংশ মানুষের ক্ষেত্রে আগাম কোনও সতর্কসংকেত দেখা যায় না। সেন বলেন, “বেশির ভাগ মানুষের শরীরে কোলেস্টেরলের সঙ্গে সম্পর্কিত ধমনির অসুখ নিঃশব্দেই এগোয়। আগে থেকে সতর্ক হওয়ার মতো লক্ষণ থাকে না।”

পরিশ্রম করলে বুকে ব্যথা, হাঁটার সময় পায়ে ব্যথা, কিংবা মস্তিষ্কে রক্ত সরবরাহ কমে যাওয়ার কারণে সাময়িক দুর্বলতা বা মাথা ঘোরার মতো উপসর্গ সাধারণত তখনই দেখা দেয়, যখন রক্তপ্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে।

তাই উপসর্গ দেখা দেওয়ার অপেক্ষায় থেকে পরীক্ষা পিছিয়ে দেওয়া ঠিক নয়। বিশেষ করে যাঁদের অন্য ঝুঁকিও রয়েছে, তাঁদের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ।

কমবয়সি ও শারীরিকভাবে সক্রিয় মানুষেরও কি কোলেস্টেরল বাড়তে পারে?

হ্যাঁ। উচ্চ কোলেস্টেরল কেবল বয়স্ক বা অতিরিক্ত ওজনের মানুষের সমস্যা নয়।

সেন ব্যাখ্যা করেন, “ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরোলেমিয়া এবং বংশগত হাইপারলিপিডেমিয়ার মতো সমস্যায় শৈশব থেকেই কোলেস্টেরল অত্যন্ত বেশি থাকতে পারে। জীবনযাপন বা খাদ্যাভ্যাস যেমনই হোক, এই সমস্যা হতে পারে।”

তাঁর বক্তব্য, ছোটদের স্থূলতা এবং কৈশোরে শরীরচর্চার অভাব ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে তৈরি মেটাবলিক সিনড্রোমও অল্প বয়সে উচ্চ কোলেস্টেরল ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে।

অন্য ঝুঁকিগুলির মধ্যে রয়েছে অস্বাস্থ্যকর জীবনযাপন, ধূমপান, ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা এবং পরিবারে কম বয়সে হৃদ্‌রোগ হওয়ার ইতিহাস।

কোন বয়স থেকে কোলেস্টেরল পরীক্ষা করানো উচিত?

সেনের পরামর্শ, প্রাপ্তবয়স্কদের প্রথম লিপিড প্রোফাইল পরীক্ষা করানো উচিত মোটামুটি ২০ বছর বয়সে। পরীক্ষার ফল স্বাভাবিক থাকলে এবং বাড়তি কোনও ঝুঁকি না থাকলে চার থেকে পাঁচ বছর অন্তর পরীক্ষা করানো যুক্তিযুক্ত।

পরিবারে উচ্চ কোলেস্টেরল বা কম বয়সে হৃদ্‌রোগের ইতিহাস থাকলে শিশুদের নয় থেকে এগারো বছর বয়সের মধ্যে এক বার পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন তিনি।

যাঁদের অতিরিক্ত ঝুঁকি রয়েছে—বিশেষত স্থূলতা, ডায়াবেটিস বা পরিবারে হৃদ্‌রোগের ইতিহাস—তাঁদের আরও ঘন ঘন পরীক্ষা প্রয়োজন।

কোলেস্টেরলের কারণে ধমনির যে ক্ষতি হয়েছে, তা কি কমানো সম্ভব?

আশার কথা হল, সময়মতো সমস্যা ধরা পড়লে এবং চিকিৎসা শুরু হলে উল্লেখযোগ্য উপকার পাওয়া যায়। সেনের ব্যাখ্যা অনুযায়ী, জীবনযাপনে পরিবর্তন এবং কোলেস্টেরল কমানোর ওষুধ প্লাকের বৃদ্ধি ধীর করতে পারে। ইতিমধ্যে তৈরি প্লাককে স্থিতিশীল করে তার ফেটে যাওয়ার ঝুঁকি কমাতে পারে। কখনও কখনও প্লাকের পরিমাণও কিছুটা কমতে পারে।

তাঁর কথায়, “আরও কোলেস্টেরল জমা ঠেকানো বিশেষভাবে জরুরি। কারণ, যত আগে চিকিৎসা শুরু হয়, ততই তা কার্যকর হওয়ার সুযোগ বেশি।”

ওষুধের সাহায্যে কোলেস্টেরল কমানো ও নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি স্বাস্থ্যকর ও সক্রিয় জীবনযাপন, সুষম খাবার, ধূমপান এড়িয়ে চলা এবং নিয়মিত হৃদ্‌স্বাস্থ্যের পরীক্ষা—সবই আকস্মিক হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।