বুড়ো আঙুলের গোড়ায় বাত হলে সামান্য কাজ করাও হয়ে উঠতে পারে যন্ত্রণার। বোতলের ছিপি খোলা, কলম ধরা কিংবা কোনও জিনিস শক্ত করে মুঠোয় আঁকড়ে রাখা—সবেতেই বাধা দেয় ব্যথা। এত দিন এই সমস্যার অস্ত্রোপচারে দীর্ঘ সময় ধরে সুস্থ হওয়ার অপেক্ষা করতে হত। তবে এবার চিকিৎসায় এল নতুন বিকল্প। বিশেষ ইমপ্ল্যান্ট বসিয়ে দ্রুত ফিরিয়ে আনা সম্ভব বুড়ো আঙুলের শক্তি ও কর্মক্ষমতা। ২০২৫ সালে আমেরিকার খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এফডিএ-র অনুমোদন পাওয়া এই পদ্ধতি ঘিরে ইতিমধ্যেই আশাবাদী শল্যচিকিৎসকেরা। কেন এত গুরুত্বপূর্ণ এই অস্ত্রোপচার?
নড়াচড়ার মুশকিল
নিজের বুড়ো আঙুলটা একটু নেড়েচেড়ে দেখুন। সামনে-পিছনে, ডানে-বাঁয়ে, এমনকি বৃত্তাকারে ঘোরাতেও পারবেন। হাঁটুর মতো শুধু একটি নির্দিষ্ট দিকে নয়, বুড়ো আঙুলের নড়াচড়ার পরিসর অনেকটাই বেশি। আর এই স্বাধীনতার রহস্য লুকিয়ে রয়েছে আঙুলের গোড়ায় থাকা কার্পোমেটাকার্পাল বা সিএমসি অস্থিসন্ধিতে।
কিন্তু বেশি নড়াচড়ার এই সুবিধারই একটা মাশুল রয়েছে। দীর্ঘদিন ব্যবহারের ফলে সন্ধির চারপাশের লিগামেন্ট ক্ষয়ে যেতে পারে। তখন অস্থিসন্ধিটি নিজের স্বাভাবিক অবস্থান থেকে সরে যায়। শুরু হয় হাড়ের সঙ্গে হাড়ের অস্বাভাবিক ঘষাঘষি। ওহায়ো স্টেট ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারের হস্তশল্যচিকিৎসক রায়ান শ্মাকারের কথায়, এর ফলে তরুণাস্থি ক্ষয়ে গিয়ে দেখা দেয় বাত।
সমস্যা গুরুতর হলে এত দিন চিকিৎসার সবচেয়ে প্রচলিত উপায় ছিল ট্রাপিজিয়েক্টমি। এই অস্ত্রোপচারে বুড়ো আঙুলের গোড়ায় থাকা ছোট্ট ট্রাপিজিয়াম হাড়টি সরিয়ে দেওয়া হয়। পদ্ধতিটি কার্যকর হলেও সুস্থ হতে সময় লাগে অনেকটা। পাশাপাশি আঙুলের আগের শক্তি ও কর্মক্ষমতা পুরোপুরি ফিরে নাও আসতে পারে। নতুন ইমপ্ল্যান্ট সেই জায়গাতেই আশার আলো দেখাচ্ছে।
পুরনো পদ্ধতির খামতি
তরুণাস্থি ক্ষয়ে গেলে হাড়ের মাঝখানের নরম, কুশনের মতো সুরক্ষা আর থাকে না। ফলে হাড়ে হাড়ে ঘষা লাগে এবং ব্যথা বাড়ে। ট্রাপিজিয়েক্টমিতে ছোট্ট ট্রাপিজিয়াম হাড়টি সরিয়ে দিলে সেই ঘষাঘষি বন্ধ হয়। তৈরি হওয়া ফাঁকা জায়গাটি কখনও এমনিই ছেড়ে দেওয়া হয়, যাতে সময়ের সঙ্গে সেখানে ক্ষত সারানোর প্রক্রিয়ায় নরম টিস্যুর স্তর তৈরি হয়। আবার কখনও জায়গাটিকে স্থিতিশীল রাখতে টেন্ডনের একটি অংশ ব্যবহার করেন শল্যচিকিৎসকেরা।
ইলিনয়ের রাশ মেডিক্যাল গ্রুপের হস্তশল্যচিকিৎসক জনাথন টিউটিংয়ের মতে, এই অস্ত্রোপচারের পরে রোগীরা ব্যথামুক্ত হয়ে হাত ব্যবহার করতে পারলেও আগের মতো শক্তি ফিরে পান না। তাঁর কথায়, “রোগীদের দেখে মনে হত তাঁরা ভালই আছেন। কিন্তু ফলাফল খুঁটিয়ে দেখলে বোঝা যেত, অন্য হাতের তুলনায় অস্ত্রোপচার করা হাতের শক্তি কম।”
সমস্যা শুধু শক্তি কমে যাওয়াতেই সীমাবদ্ধ নয়। অস্ত্রোপচারের পরে বুড়ো আঙুলের অবস্থানও আগের মতো থাকে না। সময়ের সঙ্গে আঙুলের গোড়া আরও বসে যেতে পারে। ফলে আঙুলের ডগা দিয়ে চেপে কিছু ধরা কিংবা শক্ত করে মুঠোয় কোনও জিনিস আঁকড়ে রাখা কঠিন হয়ে পড়ে।
তার উপর রয়েছে দীর্ঘ সুস্থ হওয়ার প্রক্রিয়া। টিউটিং জানান, অস্ত্রোপচারের পরে প্রথম ছয় সপ্তাহ প্লাস্টার দিয়ে আঙুলের নড়াচড়া বন্ধ রাখতে হয়। পরের ছয় সপ্তাহ পরতে হয় খুলে রাখা যায় এমন স্প্লিন্ট। পাশাপাশি চলে ফিজিয়োথেরাপি। ধীরে ধীরে হাতের শক্তি ও কর্মক্ষমতা ফেরে। সব মিলিয়ে বুড়ো আঙুলকে প্রায় স্বাভাবিক মনে হতে লেগে যেতে পারে এক বছর।
এ বার ইমপ্ল্যান্ট!
এই দীর্ঘ অপেক্ষার বিকল্প হিসাবেই এসেছে নতুন ইমপ্ল্যান্ট। ২০২৫ সালে এফডিএ অনুমোদন দেয় ‘কেরিমেডিক্যাল টাচ সিএমসি ১ প্রস্থেসিস’ নামের এই যন্ত্রটিকে। পুরনো পদ্ধতির মতো এতে ট্রাপিজিয়াম হাড়টি বাদ দিতে হয় না। বরং হাড়ের মাঝখানে বসানো হয় বিশেষ ইমপ্ল্যান্ট। এর গঠন অনেকটা বল-অ্যান্ড-সকেট অস্থিসন্ধির মতো, অর্থাৎ একটি গোলাকার অংশ খোপের মধ্যে থেকে বিভিন্ন দিকে নড়াচড়া করতে পারে।
রায়ান শ্মাকারের মতে, এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হল বুড়ো আঙুলের স্বাভাবিক দৈর্ঘ্য বজায় থাকে। ফলে আঙুলের ডগা দিয়ে চেপে ধরা এবং মুঠোয় জিনিস আঁকড়ে রাখার শক্তিও তুলনামূলক বেশি থাকে। তাঁর ব্যাখ্যা, “একটি বুড়ো আঙুলের নীচে যদি বালিশের মতো নরম ঠেকনা থাকে, আর অন্যটির নীচে থাকে স্থিতিশীল ধাতব ইমপ্ল্যান্ট, তা হলে দু’টির সাহায্যে কোনও জিনিস চেপে ধরার ক্ষমতায় তফাত তো থাকবেই।”
‘হ্যান্ড’ সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণাতেও মিলেছে আশাব্যঞ্জক ফল। গবেষণায় রোগীদের দৈবচয়নের ভিত্তিতে দু’টি দলে ভাগ করা হয়েছিল। এক দলকে ট্রাপিজিয়েক্টমি করানো হয়, অন্য দলের ক্ষেত্রে বসানো হয় নতুন ইমপ্ল্যান্ট। দেখা যায়, ইমপ্ল্যান্ট পাওয়া রোগীরা তুলনায় দ্রুত সুস্থ হয়েছেন। দ্রুত ফিরেছে আঙুলের নড়াচড়ার ক্ষমতাও। এমনকি অস্ত্রোপচারের পরবর্তী দু’বছরের পর্যবেক্ষণে তাঁদের আঙুলের শক্তিও বেশি ছিল।
অরল্যান্ডো হেলথ জুয়েট অর্থোপেডিক ইনস্টিটিউটের হস্তশল্যচিকিৎসক এবং আমেরিকান সোসাইটি ফর সার্জারি অব দ্য হ্যান্ডের সদস্য করণ দেশাইয়ের অভিজ্ঞতাতেও নতুন পদ্ধতির ফল ভাল। তাঁর কথায়, “সেরে ওঠার গতির বিচারে পুরনো পদ্ধতির তুলনায় এটি অনেকটাই এগিয়ে। আমার অধিকাংশ রোগীরই প্রায় ছয় সপ্তাহের মধ্যে হাত স্বাভাবিক মনে হতে শুরু করে।”
তবে দ্রুত সুস্থ বোধ করলেই যে সঙ্গে সঙ্গে সব কাজ শুরু করা যাবে, তা নয়। অস্ত্রোপচারের পর কয়েক সপ্তাহ ভারী জিনিস শক্ত করে ধরা কিংবা আঙুল দিয়ে জোরে চাপ দেওয়ার কাজ এড়িয়ে চলতে হয়। শ্মাকারের অভিজ্ঞতায়, রোগীরা ভাল বোধ করতে শুরু করায় অনেক সময় নিজেদের সংযত রাখতে পারেন না। তাঁর প্রথম রোগীই ছয় সপ্তাহের মাথায় জানতে চেয়েছিলেন, তিনি আবার চেনস বা যন্ত্রচালিত কাঠ কাটার করাত ব্যবহার করতে পারবেন কি না। শ্মাকারের সাফ জবাব ছিল, আরও কিছু দিন অপেক্ষা করতে হবে।
কারা পাবেন সুবিধা?
ইউরোপে প্রায় এক দশক ধরে এই ইমপ্ল্যান্ট ব্যবহার করছেন শল্যচিকিৎসকেরা। জনাথন টিউটিংয়ের মতে, অস্ত্রোপচারটির ব্যর্থতার হার অত্যন্ত কম। পরবর্তী ফলাফল পর্যবেক্ষণ করা একটি গবেষণায় এই হার ছিল মাত্র ২ শতাংশ। তাঁর দাবি, হাঁটু বা নিতম্বের সম্পূর্ণ অস্থিসন্ধি প্রতিস্থাপনের ক্ষেত্রে যে ব্যর্থতার হার গ্রহণযোগ্য বলে ধরা হয়, নতুন পদ্ধতির ফলাফলও তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এফডিএ-র অনুমোদনের পরে আমেরিকায় এই অস্ত্রোপচার নিয়ে আগ্রহ বাড়ছে। তবে সর্বত্র এর ব্যবহার শুরু হতে এখনও সময় লাগবে। কারণ, অস্ত্রোপচারটির জন্য বিশেষ কারিগরি দক্ষতা প্রয়োজন। চিকিৎসকদেরও নিতে হবে নির্দিষ্ট প্রশিক্ষণ।
করণ দেশাই অবশ্য জানিয়েছেন, তাঁর অভিজ্ঞতায় অনেক বিমা সংস্থাই ইতিমধ্যে এই অস্ত্রোপচারের খরচ বহন করছে। ফলে রোগীরাও ধীরে ধীরে নতুন পদ্ধতির দিকে ঝুঁকছেন।
এরই মধ্যে এই অস্ত্রোপচারের সুফল পেয়েছেন ৭১ বছরের রোক্সান ড্রেক। বহু বছর ধরে বুড়ো আঙুলের বাতের সমস্যায় ভুগছিলেন তিনি। কিন্তু প্রচলিত অস্ত্রোপচারের পরে দীর্ঘদিন হাত অচল রাখতে হবে ভেবে এত দিন ট্রাপিজিয়েক্টমি করাতে চাননি। অবশেষে এ বছরের গ্রীষ্মে শ্মাকারের কাছেই নতুন ইমপ্ল্যান্ট বসান তিনি।
ড্রেকের কথায়, “আমি একটা ছোট খামারে একা থাকি। সব কাজের জন্য লোক ডেকে টাকা দেওয়া সম্ভব নয়। কিন্তু এই অস্ত্রোপচারের ফল সত্যিই দারুণ। পরের দিনই বুড়ো আঙুল নাড়াতে পেরেছিলাম। এমনকি অস্ত্রোপচারের দাগও প্রায় দেখাই যায় না।”
এ বছরের শীতেই তাঁর অন্য হাতেও একই অস্ত্রোপচার হওয়ার কথা।
সব সমস্যার সমাধান নয়
নতুন পদ্ধতি আশাব্যঞ্জক হলেও এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। প্রথমত, ইমপ্ল্যান্ট চিরস্থায়ী নয়। সাধারণত ১০ থেকে ১৫ বছর অন্তর সেটি বদলানোর প্রয়োজন হতে পারে। তাই অপেক্ষাকৃত কমবয়সিদের ক্ষেত্রে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।
শ্মাকারের মতে, কারও বয়স যদি চল্লিশের কোঠায় কিংবা পঞ্চাশের গোড়ায় হয় এবং বাত প্রাথমিক পর্যায়ে থাকে, তা হলে অস্ত্রোপচারকে শেষ বিকল্প হিসাবেই দেখা উচিত। তাঁর বক্তব্য, “সারা জীবনে যত কম বার অস্ত্রোপচার করাতে হয়, ততই ভাল। একই জায়গায় বার বার অস্ত্রোপচার হলে ক্ষত সারার ফলে তৈরি টিস্যুর পরিমাণ বাড়ে। তাতে পরবর্তী অস্ত্রোপচারের ফল ভাল হওয়ার সম্ভাবনাও কমে।”
‘জার্নাল অব ক্লিনিক্যাল মেডিসিন’-এ প্রকাশিত ২০০টি টাচ ইমপ্ল্যান্টের ফলাফল বিশ্লেষণ করা একটি গবেষণায় কয়েকটি সম্ভাব্য জটিলতার কথা উঠে এসেছে। এর মধ্যে রয়েছে ইমপ্ল্যান্টের কাপ বা খোপের মতো অংশটি ঢিলে হয়ে যাওয়া এবং অস্ত্রোপচারের সময় ট্রাপিজিয়াম হাড়ে ফাটল ধরা বা হাড় ভেঙে যাওয়া। তবে গুরুতর জটিলতার ঘটনা বিরল।
এ ছাড়া হাড়ের গঠনও এই অস্ত্রোপচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এক্স-রে দেখে চিকিৎসকেরা ঠিক করেন, রোগী ইমপ্ল্যান্ট বসানোর উপযুক্ত কি না। বাত অত্যন্ত বেড়ে গেলে হাড় ক্ষয়ে ছোট বা পাতলা হয়ে যেতে পারে। তখন ইমপ্ল্যান্টকে ধরে রাখার মতো যথেষ্ট শক্তি হাড়ের থাকে না।
আবার আশপাশের অন্য অস্থিসন্ধিতেও বাত থাকলে নতুন ইমপ্ল্যান্ট বসিয়েও ব্যথা পুরোপুরি দূর করা সম্ভব নয়। সে ক্ষেত্রে ট্রাপিজিয়েক্টমিই বেশি উপযুক্ত হতে পারে। যাঁদের পেশায় নিয়মিত ভারী শারীরিক পরিশ্রম করতে হয়, যেমন নির্মাণশ্রমিক, তাঁদের ক্ষেত্রেও এই ইমপ্ল্যান্ট সব সময় উপযুক্ত নয়। যদিও সাধারণ পেশিশক্তি বাড়ানোর ব্যায়ামের চাপ এটি সহ্য করতে পারে।
অস্ত্রোপচারই শেষ কথা নয়
বুড়ো আঙুলে বাত হলেই যে অস্ত্রোপচারের পথে হাঁটতে হবে, এমনটা নয়। বরং রোগের প্রাথমিক পর্যায়ে ব্যথা ও প্রদাহ নিয়ন্ত্রণে রাখার একাধিক উপায় রয়েছে।
রায়ান শ্মাকারের পরামর্শ, প্রথমে ব্যবহার করা যেতে পারে দস্তানার মতো বিশেষ সহায়ক আবরণ। এটি অস্থিসন্ধিকে ঠেকনা দেওয়ার পাশাপাশি প্রদাহ কমাতেও সাহায্য করে। এর পরেও সমস্যা থাকলে ফিজিয়োথেরাপি কিংবা ত্বকে লাগানোর প্রদাহনাশক ওষুধ ব্যবহার করা যেতে পারে।
তাতেও কাজ না হলে চিকিৎসকেরা স্টেরয়েড ইনজেকশনের কথা ভাবেন। শ্মাকারের এমন রোগীও রয়েছেন, যাঁরা বছরে মাত্র এক বার ইনজেকশন নিয়ে বাকি সময়টা অনেকটাই ব্যথামুক্ত থাকতে পারেন।
তবে বাতের ব্যথা সব সময় এক রকম থাকে না। কখনও বাড়ে, কখনও কমে। তাই কোন চিকিৎসা উপযুক্ত, তা নির্ভর করে রোগের তীব্রতা এবং দৈনন্দিন জীবনে তার প্রভাবের উপর।
শ্মাকার রোগীদের একটি সহজ পরামর্শ দেন। তাঁর কথায়, “আমি বলি, আপনি যা যা করতে চান, তার সবই যদি করতে পারেন, তা হলে মাঝেমধ্যে ব্যথা হলেও কাজগুলি চালিয়ে যান। যখন দেখবেন আর কিছুই করতে পারছেন না, তখনই অস্ত্রোপচারের কথা ভাবার সময় এসেছে।”
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।