দীর্ঘস্থায়ী প্রদাহের উপসর্গ এতই সূক্ষ্ম যে অনেক সময় তা ধরা পড়ে না, দৈনন্দিন শারীরিক অস্বাচ্ছন্দ্য ভেবে এড়িয়ে যাওয়া হয়। একটানা ক্লান্তি, ঘন ঘন পেটফাঁপা আর কারণহীন জোড়ের আড়ষ্টতা, এই তিনটি লক্ষণকে একটু গুরুত্ব দিয়ে দেখা দরকার।

ইনস্টাগ্রামের একটি ভিডিওতে প্রদাহবিরোধী পুষ্টিবিদ কারা সোয়ানসন তিনটি লক্ষণের কথা বলেছেন, যা কারও উপেক্ষা করা উচিত নয়: পুরো রাত ঘুমিয়েও ক্লান্ত লাগা, পেটফাঁপা যখন আপনার কাছে "স্বাভাবিক" হয়ে উঠেছে, আর স্পষ্ট কোনও কারণ ছাড়াই জোড়ে শক্তভাব বা ব্যথা।

কিন্তু আপাতদৃষ্টিতে সম্পর্কহীন এই উপসর্গগুলি কি সত্যিই দীর্ঘস্থায়ী প্রদাহের দিকে ইঙ্গিত করে? থানের কেআইএমএস হাসপাতালের ইন্টারনাল মেডিসিনের কনসাল্ট্যান্ট ডা. অজয় সাওয়ান্তের মতে, কখনও কখনও এগুলি স্থায়ী প্রদাহের সঙ্গে যুক্ত হতে পারে, তবে শুধু প্রদাহেই এগুলি হয় না। তাঁর কথায়, "স্থায়ী প্রদাহ শরীরের নানা অংশকে প্রভাবিত করতে পারে, যার ফলে ক্লান্তি, জোড়ের অস্বস্তি এবং অন্ত্রের কাজে পরিবর্তন দেখা দেয়। আসল বিষয় হল উপসর্গগুলির ধরন ও স্থায়িত্ব দেখা।"

যেমন, সকালের দিকে জোড়ের আড়ষ্টতা বেশি হওয়া, বারবার হজমের গোলমাল, কিংবা বিশ্রামেও ক্লান্তি না কাটা, এমন ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বলে জানিয়েছেন তিনি। তবে থাইরয়েডের সমস্যা, রক্তাল্পতা, ভিটামিনের ঘাটতি, খাদ্যে অসহিষ্ণুতা এবং অটোইমিউন রোগের কারণেও এই উপসর্গ দেখা দিতে পারে। তাই যথাযথ চিকিৎসা পরীক্ষা ছাড়া ধরে নেওয়া ঠিক নয় যে প্রদাহই এর কারণ।

সতর্কীকরণ: এই প্রতিবেদন জনপরিসরে উপলব্ধ তথ্য এবং বিশেষজ্ঞদের সঙ্গে কথাবার্তার ভিত্তিতে লেখা। কোনও নতুন নিয়ম শুরু করার আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন।

১. পুরো রাত ঘুমিয়েও ক্লান্ত লাগা

সাত-আট ঘণ্টা ঘুমের পরেও অবসন্ন বোধ করা মানে শরীরে অন্য কিছু ঘটছে, এমন হতে পারে। সাধারণ ক্লান্তি আসে খারাপ ঘুম, শারীরিক পরিশ্রম বা ব্যস্ত কর্মদিবসের পরে, আর বিশ্রামে তা কেটে যায়। কিন্তু স্থায়ী ক্লান্তি সারাদিন থেকে যায় এবং নিত্যদিনের কাজও অস্বাভাবিক কষ্টকর করে তোলে।

ডা. সাওয়ান্তের ব্যাখ্যা, দীর্ঘস্থায়ী ক্লান্তি মানেই যে দীর্ঘস্থায়ী প্রদাহ, তা নয়। স্লিপ অ্যাপনিয়া, ক্রনিক ফ্যাটিগ সিন্ড্রোম (সিএফএস), আয়রনের ঘাটতি এবং ভিটামিন বি১২ ও ডি৩-এর ঘাটতিও অবসাদের কারণ হতে পারে। "যেমন স্লিপ অ্যাপনিয়ায় বিছানায় যথেষ্ট সময় কাটালেও ঘুমের গুণমান নষ্ট হয়। আয়রনের ঘাটতি কলাকোষে অক্সিজেন পৌঁছনোয় বাধা দেয়, আর ভিটামিন বি১২ ও ডি৩-এর অভাবে ক্লান্তি ও দুর্বলতা দেখা দিতে পারে," বলেন তিনি।

ক্লান্তি যদি থেকেই যায়, বিশেষ করে সঙ্গে যদি অকারণে ওজনের হেরফের, জোড়ের আড়ষ্টতা বা বারবার হজমের সমস্যা থাকে, তাহলে চিকিৎসকের সঙ্গে কথা বলা উচিত।

২. পেটফাঁপা যখন আপনার "স্বাভাবিক" হয়ে গিয়েছে

ঘন ঘন পেটফাঁপা ও হজমের অস্বস্তি কখনও কখনও অন্ত্রের কাজকে প্রভাবিত করা প্রদাহের সঙ্গে জড়িত থাকতে পারে। তবে শুধু পেটফাঁপা দেখে দীর্ঘস্থায়ী প্রদাহ বলা যায় না।

ডা. সাওয়ান্তের কথায়, স্থায়ী প্রদাহের সঙ্গে অন্ত্রের কাজে পরিবর্তন আসতে পারে। আবার খাদ্যাভ্যাস, খাদ্যে অসহিষ্ণুতা এবং হজমসংক্রান্ত অন্য রোগের কারণেও বারবার পেট ফাঁপতে পারে। হজমের উপসর্গকে "এ তো হয়ই" বলে উড়িয়ে না দিয়ে তা কত ঘন ঘন ও কতদিন ধরে হচ্ছে, সেদিকে নজর রাখার পরামর্শ দেন তিনি।

শরীরের প্রদাহজনিত প্রতিক্রিয়া নিয়ন্ত্রণেও খাদ্যাভ্যাসের ভূমিকা আছে। মরসুমি ফল ও সবজি, গোটা শস্য, ডাল, বিন, বাদাম এবং বীজে ভরা সুষম, আঁশসমৃদ্ধ খাবার অন্ত্রের স্বাস্থ্যে সহায়ক। "আঁশ বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এটি অন্ত্রের উপকারী জীবাণুকে পুষ্ট করে, যারা অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখা ও রোগপ্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণে ভূমিকা নেয়," বলেন তিনি।

৩. কোনও স্পষ্ট কারণ ছাড়াই জোড়ে আড়ষ্টতা বা ব্যথা

ডা. সাওয়ান্ত জানাচ্ছেন, স্থায়ী প্রদাহ জোড়-সহ শরীরের নানা অংশে অস্বস্তি ও আড়ষ্টতা তৈরি করতে পারে। তবে অটোইমিউন রোগ, ভিটামিনের ঘাটতি এবং অন্যান্য পেশি-অস্থির সমস্যাতেও এই উপসর্গ দেখা যায়।

উপসর্গের স্থায়িত্ব ও ধরন গুরুত্বপূর্ণ। বারবার ফিরে আসা বা দীর্ঘস্থায়ী আড়ষ্টতা, বিশেষ করে সঙ্গে ক্লান্তি বা হজমের সমস্যা থাকলে, তা অবহেলা করা ঠিক নয়।

প্রদাহ নিয়ন্ত্রণে কী করবেন

কড়া বিধিনিষেধের খাদ্যতালিকা বা প্রদাহবিরোধী সম্পূরকের ওপর ভরসা না করে সুষম খাদ্যাভ্যাসকেই অগ্রাধিকার দেওয়ার কথা বলছেন ডা. সাওয়ান্ত। খাদ্যতালিকায় রাখুন ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ খাবার, যেমন তৈলাক্ত মাছ, আখরোট ও তিসি। একই সঙ্গে আল্ট্রা-প্রসেসড খাবার, চিনিযুক্ত পানীয়, পরিশোধিত কার্বোহাইড্রেট এবং ট্রান্স ফ্যাটে ভরা খাবার ঘন ঘন খাওয়া কমান।

"পর্যাপ্ত জল পান, নিয়মিত শারীরিক কসরত আর নিয়মিত ঘুমও সমান জরুরি। লক্ষ্য প্রদাহকে পুরোপুরি নির্মূল করা নয়, বরং এমন জীবনযাত্রা এড়ানো, যা দীর্ঘমেয়াদি, নিম্নমাত্রার প্রদাহে ইন্ধন জোগায়," বলেন তিনি।

সতর্কীকরণ: এই প্রতিবেদন জনপরিসরে উপলব্ধ তথ্য এবং বিশেষজ্ঞদের সঙ্গে কথাবার্তার ভিত্তিতে লেখা। কোনও নতুন নিয়ম শুরু করার আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন।