উন্নত পর্যায়ের অগ্ন্যাশয়ের ক্যানসারের জন্য তৈরি পরীক্ষামূলক ওষুধ ডারাক্সনরাসিবের ট্রায়ালের আশাব্যঞ্জক ফল নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান। অন্য অঙ্গেও ছড়িয়ে পড়েছে এমন ক্যানসারে আক্রান্ত ৬১ জন রোগীর ওপর এই পরীক্ষা চালানো হয়। ৯০ শতাংশ রোগীর ক্ষেত্রে টিউমারের বৃদ্ধি থেমে গিয়েছে, আর ৬০ শতাংশেরও বেশি রোগীর টিউমার ছোট হয়েছে বা মিলিয়ে গিয়েছে।

প্রায় ৮ শতাংশ রোগীর সিটি স্ক্যানে টিউমারের কোনও চিহ্নই ধরা পড়েনি। চিকিৎসা শুরুর এক বছর পরেও জীবিত ছিলেন ৭৬.৬ শতাংশ রোগী, যেখানে শুধু কেমোথেরাপি নেওয়া রোগীদের ক্ষেত্রে এই হার সাধারণত ৪০ থেকে ৪৫ শতাংশ।

গবেষকেরা স্পষ্ট জানিয়েছেন, এই ওষুধকে এখনই নিরাময়ের পথ বলা চলে না, দীর্ঘ সময়ের গবেষণাও দরকার। তবু ক্যানসার বিশেষজ্ঞদের মতে, এই ফল এক উল্লেখযোগ্য অগ্রগতি। এতে রোগীরা বাড়তি সময় পেতে পারেন, আর কেআরএএস (KRAS) মিউটেশনের কারণে ঘটা অন্য ক্যানসারের চিকিৎসারও নতুন পথ খুলে যেতে পারে।

কিন্তু প্রচলিত কেমোথেরাপির থেকে এই চিকিৎসা আলাদা কোথায়? ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কমের সঙ্গে কথা বলে ওষুধটির কার্যপদ্ধতি এবং এই প্রাথমিক ফলের অর্থ ব্যাখ্যা করেছেন আকাশ হেলথকেয়ারের মেডিক্যাল অনকোলজি বিভাগের প্রধান ও সিনিয়র কনসালট্যান্ট ডা. পারভিন জৈন।

সতর্কীকরণ: এই প্রতিবেদন জনসমক্ষে উপলব্ধ তথ্য এবং আমাদের সঙ্গে কথা বলা বিশেষজ্ঞদের বক্তব্যের ভিত্তিতে লেখা। কোনও নতুন চিকিৎসা বা নিয়ম শুরুর আগে নিজের চিকিৎসকের পরামর্শ নিন।

অগ্ন্যাশয়ের ক্যানসারের বিরুদ্ধে ডারাক্সনরাসিব কীভাবে কাজ করে?

অগ্ন্যাশয়ের বেশির ভাগ ক্যানসারেই কেআরএএস জিনে পরিবর্তন ঘটে। সেই ত্রুটিপূর্ণ জিন থেকে অবিরাম সংকেত যেতে থাকে, যা ক্যানসার কোষকে বাড়তে এবং বেঁচে থাকতে উসকানি দেয়। ডারাক্সনরাসিব তৈরিই হয়েছে এই ভুল সংকেত আটকে দিতে এবং টিউমারের বৃদ্ধিকে যে আণবিক পথগুলি টিকিয়ে রাখে, সেগুলিকে অকেজো করে দিতে।

ডা. জৈনের কথায়, “ডারাক্সনরাসিব গুরুত্বপূর্ণ, কারণ এটি টিউমারকে টিকিয়ে রাখার আসল কৌশলটিকেই নিশানা করে। কিছু কেমোথেরাপির মতো টিউমারের চারপাশের দ্রুত বিভাজনশীল কোষকে নয়।”

তিনি বুঝিয়ে বলেন, কেমোথেরাপি আক্রমণ করে দ্রুত বিভাজিত হওয়া কোষগুলিকে, যার মধ্যে কিছু সুস্থ কোষও পড়ে। অন্যদিকে টার্গেটেড থেরাপির লক্ষ্য ক্যানসারের বৃদ্ধির জন্য দায়ী নির্দিষ্ট আণবিক পথগুলিকেই রুদ্ধ করা। “উত্তেজনার জায়গাটা এখানেই, আমরা এখন সেই নির্দিষ্ট মিউটেশনগুলিকেই নিশানা করতে পারছি, যেগুলি ক্যানসারের ইঞ্জিন হিসেবে কাজ করে,” যোগ করেন তিনি।

তবে লক্ষ্যভেদী চিকিৎসার সঙ্গেও জড়িয়ে থাকে সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়ার প্রশ্ন, এবং ক্যানসার কোষের ওষুধ-প্রতিরোধী হয়ে ওঠার আশঙ্কাও।

পরীক্ষার ফল কতটা তাৎপর্যপূর্ণ?

ফলগুলিকে বিশেষভাবে ‘উৎসাহব্যঞ্জক’ বলা হচ্ছে, কারণ যে মেটাস্ট্যাটিক অগ্ন্যাশয়ের ক্যানসার লিভার বা ফুসফুসের মতো অঙ্গে ছড়িয়ে পড়ে, তার চিকিৎসা অত্যন্ত কঠিন।

ডা. জৈন জানান, ট্রায়ালে প্রায় ৯০.২ শতাংশ রোগীর রোগ নিয়ন্ত্রণে এসেছে, অর্থাৎ তাঁদের ক্যানসার হয় ছোট হয়েছে, নয়তো বাড়া থেমেছে। ৬০.৭ শতাংশের কিছু বেশি রোগীর টিউমার মাপযোগ্যভাবে ছোট হয়েছে, আর ৮.২ শতাংশের ক্ষেত্রে সম্পূর্ণ রেডিওলজিক্যাল রেসপন্স মিলেছে, মানে স্ক্যানে ক্যানসারের কোনও দৃশ্যমান চিহ্ন নেই। “লিভার, ফুসফুস বা অন্য অঙ্গে ছড়িয়ে পড়া ক্যানসারে রোগের অগ্রগতি নিয়ন্ত্রণ করা চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য,” বলেন তিনি।

টিউমার না দেখা গেলেই কি রোগী সেরে গিয়েছেন?

“সিটি স্ক্যানে টিউমার না দেখা গেলে সেটা ভাল লক্ষণ, কিন্তু তার মানে এই নয় যে রোগী ক্যানসারমুক্ত হয়েছেন। রেডিওলজিক্যাল পদ্ধতিতে বড় টিউমার ধরা পড়ে, কিন্তু পিছনে থেকে যাওয়া একক কোষ বা কোষের গুচ্ছ ধরা পড়ে না,” বলেন ডা. জৈন।

এই অবশিষ্ট কোষগুলি পরে আবার বাড়তে শুরু করে ক্যানসারকে ফিরিয়ে আনতে পারে। অগ্ন্যাশয়ের ক্যানসারে এই আশঙ্কা আরও গুরুতর, কারণ এই রোগ তুলনামূলক অল্প সময়েই অন্য অঙ্গে ছড়িয়ে পড়ে। “তাই এগুলিকে নিরাময়ের নয়, বরং টিউমারের গভীর অবনমনের সম্ভাব্য সূচক হিসেবেই ধরা উচিত,” বলেন তিনি।

এই সাড়া স্থায়ী কি না, এবং চিকিৎসা শেষ পর্যন্ত দীর্ঘস্থায়ী রোগমুক্তির দিকে নিয়ে যেতে পারে কি না, তা বুঝতে দীর্ঘ সময় ধরে রোগীদের পর্যবেক্ষণে রাখা জরুরি।

ডারাক্সনরাসিব কি স্বীকৃত চিকিৎসা হয়ে উঠতে পারে?

এক বছরের বেঁচে থাকার ৭৬.৬ শতাংশ হার শুধু কেমোথেরাপি নেওয়া রোগীদের অতীত পরিসংখ্যানের তুলনায় আশাজাগানো। তবু ডা. জৈন একে ওষুধটি যে আয়ু বাড়ায়, তার চূড়ান্ত প্রমাণ বলে ধরে নিতে বারণ করেছেন। “এটি মাত্র ৬১ জনের ওপর করা একটি ছোট গবেষণা। এখানে দুটি দৈবচয়িত গোষ্ঠীর মধ্যে তুলনা হয়নি, তুলনা করা হয়েছে কেমোথেরাপির অতীত তথ্যের সঙ্গে,” ব্যাখ্যা করেন তিনি। পরবর্তী কয়েকটি ট্রায়ালে ডারাক্সনরাসিবকে জেমসিট্যাবিন ও ন্যাব-প্যাক্লিট্যাক্সেলের মতো কেমোথেরাপির ওষুধের সঙ্গে মিলিয়েও পরীক্ষা করা হচ্ছে বলে জানান তিনি।

কেমোথেরাপির তুলনায় এই ওষুধ সামগ্রিক বেঁচে থাকার সময় বা রোগের অগ্রগতি ছাড়া বেঁচে থাকার সময় বাড়ায় কি না, তা প্রমাণ করতে প্রয়োজন আরও বড় মাপের, দৈবচয়নভিত্তিক তৃতীয় পর্যায়ের ট্রায়াল। দীর্ঘমেয়াদি নিরাপত্তা, ওষুধের প্রতিরোধ, জীবনযাত্রার মান এবং কোন রোগীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন, এ সবও যাচাই করতে হবে।

“ফলাফল নতুন আশার আলো দেখাচ্ছে, কিন্তু নিয়মিত ক্যানসার চিকিৎসায় এর ব্যবহার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে আরও প্রমাণ দরকার,” বলেন তিনি।