রক্তে শর্করার মাত্রা মাপতে এবং ডায়াবিটিসের ঝুঁকি বুঝতে সাধারণত ফাস্টিং ব্লাড গ্লুকোজ ও এইচবিএওয়ানসি (HbA1c) পরীক্ষাই করা হয়। কিন্তু বিপাকক্রিয়ায় গোলমালের একেবারে প্রাথমিক লক্ষণ এই দুই পরীক্ষায় সব সময় ধরা পড়ে না। সেখান থেকেই একটি জরুরি প্রশ্ন ওঠে। কোরা-য় এক ব্যবহারকারী যেমন জানতে চেয়েছিলেন, "শুধু এওয়ানসি আর ফাস্টিং গ্লুকোজের উপর নজর রাখার বদলে ফাস্টিং ইনসুলিনের মাত্রা দেখলে বাড়তি কী লাভ?"

ঠাণের কিমস হাসপাতালের ইন্টারনাল মেডিসিনের সিনিয়র কনসালট্যান্ট ডা. সুন্দর কৃষ্ণন জানাচ্ছেন, রক্তে শর্করাকে স্বাভাবিক সীমার মধ্যে রাখতে অগ্ন্যাশয়কে কতটা খাটতে হচ্ছে, ফাস্টিং ইনসুলিনের মাত্রা থেকে সেটাই বোঝা যায়। তাঁর কথায়, "কারও ফাস্টিং গ্লুকোজ ও এইচবিএওয়ানসি স্বাভাবিক থাকতে পারে, অথচ ইনসুলিনের মাত্রা বেশি থাকতে পারে। শরীরে ইনসুলিন রেজ়িস্ট্যান্স তৈরি হলে এমনটা হয়। তখন কোষগুলি ইনসুলিনে ঠিকমতো সাড়া দেয় না, ফলে শর্করা নিয়ন্ত্রণে রাখতে অগ্ন্যাশয়কে আরও বেশি ইনসুলিন তৈরি করতে হয়।"

কেন নজর রাখা উচিত ফাস্টিং ইনসুলিনে?

ইনসুলিন অগ্ন্যাশয়ে তৈরি এক হরমোন। এর সাহায্যেই কোষ রক্ত থেকে গ্লুকোজ টেনে নিয়ে তা শক্তি হিসেবে কাজে লাগায়। শরীর এই হরমোনের প্রতি প্রতিরোধী হয়ে উঠলে ঘাটতি পোষাতে অগ্ন্যাশয় বাড়তি ইনসুলিন তৈরি করতে থাকে। ফলে ভিতরে ভিতরে বিপাকক্রিয়ায় বদল শুরু হয়ে গেলেও বেশ কিছু দিন রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকই থেকে যেতে পারে।

ডা. কৃষ্ণন বলছেন, "বিপাকক্রিয়ার যে প্রাথমিক বদল রুটিন সুগার পরীক্ষায় ধরা পড়ে না, তা চিহ্নিত করতে ফাস্টিং ইনসুলিন একটি কার্যকর সূচক।"

দীর্ঘ দিন ধরে ইনসুলিনের মাত্রা বেশি থাকার সঙ্গে পেটের মেদ, ফ্যাটি লিভার, কোলেস্টেরলের অস্বাভাবিক মাত্রা এবং টাইপ ২ ডায়াবিটিসের বাড়তি ঝুঁকির যোগ থাকতে পারে। তাই রক্তে শর্করা বাড়তে শুরু করার আগেই বিপাকজনিত সমস্যা চিনে নিতে ইনসুলিনের মাত্রা যাচাই চিকিৎসকদের সাহায্য করতে পারে।

কাদের এই পরীক্ষা করানো উচিত?

ডা. কৃষ্ণনের মতে, যাঁদের ওজন বেশি, পেটে বাড়তি মেদ জমেছে, পরিবারে ডায়াবিটিসের ইতিহাস রয়েছে, কিংবা যাঁরা ফ্যাটি লিভার বা পলিসিস্টিক ওভারি সিনড্রোমে (পিসিওএস) ভুগছেন, তাঁরা এই পরীক্ষা করাতে পারেন।

তিনি আরও বলেন, "যাঁদের রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক, কিন্তু বিপাকজনিত ঝুঁকির অন্য লক্ষণ রয়েছে, যেমন ট্রাইগ্লিসারাইড বেশি বা ওজন নিয়ন্ত্রণে রাখতে সমস্যা হচ্ছে, তাঁদের ক্ষেত্রেও এই পরীক্ষার কথা ভাবা যেতে পারে।" তবে আলাদা করে শুধু পরীক্ষা নয়, এই সিদ্ধান্ত নেওয়া উচিত রোগীর চিকিৎসার ইতিহাস, শারীরিক পরীক্ষা এবং আগের রক্তপরীক্ষার রিপোর্ট মিলিয়ে দেখে।

এইচবিএওয়ানসি ও ফাস্টিং গ্লুকোজের পাশাপাশি ফাস্টিং ইনসুলিনের রিপোর্ট কী ভাবে বুঝবেন?

তিনটি পরীক্ষাই বিপাকীয় স্বাস্থ্যের পরস্পর-সম্পর্কিত দিক মাপে, তবে প্রতিটি থেকে আলাদা তথ্য মেলে। ফাস্টিং ব্লাড গ্লুকোজ জানায় নির্দিষ্ট একটি মুহূর্তে রক্তে শর্করার পরিমাণ কত, আর এইচবিএওয়ানসি থেকে আগের দুই-তিন মাসের গড় শর্করার আন্দাজ পাওয়া যায়। অন্য দিকে, রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ করতে শরীর কতটা ইনসুলিন তৈরি করছে, তা বোঝায় ফাস্টিং ইনসুলিন।

ডা. কৃষ্ণনের ব্যাখ্যা, "ধরা যাক, ফাস্টিং গ্লুকোজ ও এইচবিএওয়ানসি স্বাভাবিক, কিন্তু ফাস্টিং ইনসুলিন বেশি। তার অর্থ হতে পারে, ইনসুলিন রেজ়িস্ট্যান্সের ঘাটতি পোষাতে অগ্ন্যাশয় বাড়তি খাটছে। আর তিনটিই বেশি থাকলে বুঝতে হবে, গ্লুকোজ নিয়ন্ত্রণে গোলমাল আরও এগিয়ে গিয়েছে।"

এই রিপোর্টগুলি থেকে চিকিৎসকেরা হোমা-আইআর (HOMA-IR) সূচকও কষে নিতে পারেন, যা ইনসুলিন রেজ়িস্ট্যান্স মাপতে সাহায্য করে। তবে ইনসুলিনের মাত্রা ব্যক্তিভেদে এবং ল্যাবরেটরিভেদে আলাদা হতে পারে। তাই ফলাফল সব সময় রোগীর অন্যান্য শারীরিক লক্ষণ মিলিয়েই বিচার করা উচিত।

শেষে ডা. কৃষ্ণন বলেন, "আসল লক্ষ্য হল, বিপাকজনিত ঝুঁকি গোড়াতেই চিনে নেওয়া এবং সেই অনুযায়ী জীবনযাপনে উপযুক্ত বদল ও চিকিৎসার পথ ঠিক করা।"