কেরলের এক সতেরো বছরের কিশোরী তথাকথিত ফেয়ারনেস ক্রিম মেখেছিল। সেই ক্রিমে পারদ ছিল আশঙ্কাজনক মাত্রায়। তার পরেই মেমব্রেনাস নেফ্রোপ্যাথি নামে কিডনির রোগে আক্রান্ত হয়ে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। রবিবার, ২২ নভেম্বর, কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে মুরলীধরন অবৈধ প্রসাধনী ও প্রোটিন পাউডার বিক্রির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সমাজমাধ্যমে যাঁরা এসব পণ্যের প্রচার করেন, তাঁদের বিরুদ্ধেও পদক্ষেপ করতে বলেছেন। মন্ত্রী জানিয়েছেন, এই ক্রিমগুলির কয়েকটি আসছে পাকিস্তান থেকে। এ মাসের গোড়ায় মধ্যপ্রদেশও পাকিস্তানে তৈরি অননুমোদিত ‘হোয়াইটনিং’ ক্রিমের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। ঘটনাটা ঠিক কী ঘটেছিল, এই ধরনের ক্রিম কেন বিপজ্জনক হতে পারে, আর সরকারই বা কীভাবে এদের নিয়ন্ত্রণ করে, সেটাই দেখা যাক।

কেরলের ঘটনা

এক ভ্লগারের সুপারিশ শুনে মেয়েটি একটি ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে ক্রিমটি কিনেছিল। কিছু দিন পরে তার শরীর ফুলে যেতে থাকে (যাকে ইডিমা বলে), প্রস্রাবে ফেনা দেখা দেয়, আরও নানা উপসর্গ শুরু হয়। তখন তাকে মলপ্পুরমের অরিকোড়ে অ্যাস্টার মিমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ধরা পড়ে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। এই রোগে শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা নিজেই কিডনির গ্লোমেরুলাসের ক্ষতি করে। গ্লোমেরুলাস হল কিডনির ক্ষুদ্র ছাঁকনি-একক। এগুলি ক্ষতিগ্রস্ত হলে প্রোটিন, বিশেষ করে অ্যালবুমিন, প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যেতে থাকে। রোগীর ইতিহাস ঘেঁটে দেখা যায়, সে নিয়মিত একটি ফেয়ারনেস ক্রিম ব্যবহার করত। রাজ্যের বাইরে সেই ক্রিমের নমুনা পরীক্ষা করা হলে তাতে উচ্চ মাত্রায় পারদ মেলে। এর পরে অনেকেই সমাজমাধ্যমে একই রকম অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

কেরলে কতটা ছড়িয়েছে

মেয়েটির রোগ নির্ণয় করেছেন নেফ্রোলজিস্ট এস গৌরী। তাঁর কথায়, শুধু মলপ্পুরম জেলার কোট্টাক্কলে অ্যাস্টার মিমস হাসপাতালেই ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে এ রকম ১৩টি ঘটনা এসেছে। রোগীরা ক্রিমগুলি কিনেছিলেন দোকান থেকে সরাসরি, কিংবা অনলাইনে। ডা. গৌরী জানান, পারদ-মেশানো প্রসাধনী থেকে কিডনির অসুখের ঘটনা নিয়ে গত পাঁচ বছর ধরেই রাজ্যের নেফ্রোলজিস্টদের সতর্ক করা হচ্ছে। নেফ্রোলজিস্টদের রাজ্যস্তরের সম্মেলনেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এই ধরনের ক্ষেত্রে সেরে উঠতে তিন মাস থেকে এক বছর পর্যন্ত লাগতে পারে। ডা. গৌরীর হিসাবে বেশির ভাগ রোগীই তরুণ বা মধ্যবয়সি। তাঁদের কাউকে ডায়ালিসিস করাতে হয়েছে বলে জানা যায়নি। রোগটি প্রাণঘাতী হয়ে ওঠে না মূলত দ্রুত নির্ণয়ের কারণে, কারণ উপসর্গ এতটাই তীব্র যে রোগীরা বাধ্য হয়েই নেফ্রোলজিস্টের কাছে যান।

ফর্সা হওয়ার প্রসাধনীতে পারদ মেশানো হয় কেন

এই ধরনের প্রসাধনীতে পারদের অনুমোদিত মাত্রা ১ পিপিএম। অথচ এই ক্রিমের নমুনায় পারদ মিলেছে প্রায় ১২,৫০০ পিপিএম। ত্বকচর্চার পণ্যে কখনও কখনও পারদ মেশানো হয়, কারণ মেলানিন তৈরিতে বাধা দিয়ে তা ত্বকের রং হালকা করে। মেলানিন হল শরীরের নিজের তৈরি রঞ্জক, যা সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে বাঁচায়। ত্বক আর চুলের গাঢ় রং এই মেলানিনেরই ফল। ত্বকে লাগানোর পরে পারদ টাইরোসিনেজ নামে একটি উৎসেচককে অকেজো করে দেয়। এই উৎসেচকই মেলানিন তৈরিতে সাহায্য করে। টাইরোসিনেজ বেশি সক্রিয় হলে মেলানিন বেশি তৈরি হয় এবং ত্বকের রং গাঢ় হয়। সক্রিয়তা কমলে ঘটে উল্টোটা। ক্রিমে মেশানো পারদ সহজেই ত্বকের ভিতরে ঢুকে গোটা শরীরে ছড়িয়ে পড়ে। মার্কিন খাদ্য ও ওষুধ নিয়ামক সংস্থা ইউএস এফডিএ-র মতে, শরীরে পারদ ঢুকলে কিডনির ক্ষতি হতে পারে, এমনকি কিডনি দ্রুত বিকলও হয়ে যেতে পারে। স্নায়ুরও ক্ষতি হতে পারে: হাত-পা কাঁপা, ঝিনঝিন করা বা অসাড় লাগা, মাথাব্যথা, ক্লান্তি, মেজাজ বা চিন্তাশক্তির গোলমাল।

ভারতে প্রসাধনী নিয়ন্ত্রণের নিয়ম কী

প্রসাধনী শিল্পের জন্য আলাদা আইনি কাঠামো তৈরি করতে এবং ক্রেতার স্বার্থ রক্ষা করতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক কসমেটিক রুলস, ২০২০ চালু করেছে। আগে প্রসাধনী পড়ত ড্রাগস অ্যান্ড কসমেটিক্স রুলস, ১৯৪৫-এর আওতায়। কসমেটিক রুলসের ৩৯(৫) ধারায় প্রসাধনীতে ‘অনিচ্ছাকৃত পারদের মাত্রা’ বেঁধে দেওয়া হয়েছে ১ পিপিএম। চোখের চারপাশে ব্যবহারের পণ্যে এই মাত্রা ৭০ পিপিএম (০.০০৭%) ছাড়াতে পারবে না। নিয়মে আরও বলা আছে, পণ্যের লেবেলে যে কোনও ক্ষতিকর বা বিষাক্ত উপাদানের উল্লেখ থাকতে হবে, আর ভিতরের লেবেলে সেই উপাদানগুলির সঠিক নাম ও পরিমাণ লিখতে হবে। কিন্তু অনলাইনে কেনা ক্রিমে প্রায়ই উপাদানের কোনও লেবেলই থাকে না।

প্রসাধনী শিল্প নিয়ন্ত্রণে কেন্দ্রের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) এবং রাজ্যের ড্রাগ কন্ট্রোল দফতরের ভূমিকা আলাদা। কেন্দ্রীয় সংস্থা আমদানির উপর নজর রাখে, নতুন উপাদানযুক্ত পণ্যের অনুমোদন দেয় এবং জাতীয় স্তরে সুরক্ষার মানদণ্ড ঠিক করে। রাজ্যের দফতর দেশীয় প্রস্তুতকারকদের লাইসেন্স দেয়, কারখানা পরিদর্শন করে এবং খুচরো বাজারে ভেজাল বা অসুরক্ষিত পণ্যের উপর নজরদারি চালায়।

কেরলের ড্রাগ কন্ট্রোল দফতর জানিয়েছে, এ বছরের জুলাইয়ে অবৈধ প্রসাধনী, মূলত ফেয়ারনেস ক্রিম আর লিপস্টিক বিক্রির বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়। তাতে ১৫টি মামলা রুজু হয় এবং ৪ লক্ষ টাকার প্রসাধনী বাজেয়াপ্ত হয়। দেশীয় বাজারে তল্লাশির পরে এই মামলাগুলি করা হয়েছিল। বেশির ভাগই প্রস্তুতকারক লাইসেন্স ছাড়া পণ্য বিক্রি করা ব্যবসায়ীদের বিরুদ্ধে। দু’টি ফেয়ারনেস ক্রিমে উচ্চ মাত্রায় পারদ ধরা পড়েছে, কোনওটিতে ১৫,০০০ পিপিএম পর্যন্ত। পরবর্তী পদক্ষেপের জন্য ল্যাবরেটরির রিপোর্টের অপেক্ষা চলছে। ২০২৫ সাল থেকে দফতরটি উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা শিবিরও চালাচ্ছে। এ পর্যন্ত ৩৩৪টিরও বেশি শিবির হয়েছে, প্রতিটিতে অন্তত ৫০ জন পড়ুয়া ছিল। সেখানে বিষাক্ত উপাদানযুক্ত ক্ষতিকর ফেয়ারনেস ক্রিম ও লিপস্টিক সম্পর্কে তাদের সতর্ক করা হয়েছে।

আন্তর্জাতিক স্তরে, পারদের স্বাস্থ্যঝুঁকি থেকে মানুষকে বাঁচাতে ২০১৩ সালে রাষ্ট্রপুঞ্জের পরিবেশ কর্মসূচির অধীনে মিনামাতা কনভেনশন গৃহীত হয়। চুক্তিটির নাম রাখা হয়েছে জাপানের মিনামাতা শহরের নামে, যেখানে পারদ-বিষক্রিয়া একসময় ভয়াবহ সমস্যা হয়ে উঠেছিল। চুক্তির নানা লক্ষ্যের মধ্যে একটি হল ভোগ্যপণ্য ও ত্বকচর্চার পণ্যে পারদের ব্যবহার ধাপে ধাপে বন্ধ বা নিয়ন্ত্রণ করা। কনভেনশনের চতুর্থ অনুচ্ছেদ অনুযায়ী, কোনও সদস্য দেশ ১ পিপিএম-এর বেশি পারদযুক্ত প্রসাধনী, ত্বক ফর্সা করার সাবান ও ক্রিম-সহ, তৈরি, আমদানি বা রফতানি করতে দিতে পারবে না। ভারত ২০১৮ সালে এই চুক্তি অনুমোদন করেছে।