আট বছর পর বড় পর্দায় ফিরেই বক্স অফিসে নজর কাড়লেন জনি ডেপ। চার্লস ডিকেন্সের কালজয়ী উপন্যাস ‘আ ক্রিসমাস ক্যারল’ অবলম্বনে তৈরি তাঁর নতুন ছবি ‘এবেনেজার’ মুক্তির প্রথম দিনেই উত্তর আমেরিকার বক্স অফিসে শীর্ষস্থান দখল করেছে। ছবিতে কৃপণ ব্যবসায়ী এবেনেজার স্ক্রুজের চরিত্রে অভিনয় করেছেন ডেপ। শুক্রবার মুক্তির প্রথম দিনেই ছবিটির আয় ৬৭ লক্ষ ডলার।

ডিকেন্সের ধ্রুপদি কাহিনির এই পিজি-১৩ সংস্করণ উত্তর আমেরিকার ৩,৫৩৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। অনুমান, প্রথম সপ্তাহান্তে সেখান থেকে ১ কোটি ৮০ লক্ষ থেকে ২ কোটি ডলার আয় করতে পারে ছবিটি। উত্তর আমেরিকার বাইরের বাজার থেকে আসতে পারে আরও প্রায় ২ কোটি ডলার। অর্থাৎ, বিশ্বজুড়ে প্রথম সপ্তাহান্তের সংগ্রহ ৩ কোটি ৮০ লক্ষ থেকে ৪ কোটি ডলারের মধ্যে পৌঁছতে পারে।

ছবিটি তৈরিতে প্যারামাউন্টের খরচ হয়েছে ৩ কোটি ৮০ লক্ষ ডলার। সেই তুলনায় প্রথম দিনের ব্যবসা মন্দ নয়। দর্শকদের প্রতিক্রিয়াও ইতিবাচক। সিনেমাস্কোরের সমীক্ষায় প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে আসা দর্শকেরা ছবিটিকে দিয়েছেন ‘এ মাইনাস’ গ্রেড।

‘এক্স’ হরর ট্রিলজির জন্য পরিচিত টাই ওয়েস্ট পরিচালিত ‘এবেনেজার’-এ নতুন করে পর্দায় ফিরেছে বহু চেনা এক কাহিনি। এক খিটখিটে, কৃপণ ব্যবসায়ীর জীবনে হাজির হয় অতীত, বর্তমান ও ভবিষ্যতের বড়দিনের তিন প্রেতাত্মা। তাদের হাত ধরেই বদলে যেতে থাকে তাঁর জীবন।

তবে বক্স অফিসের সাফল্যের পাশাপাশি ‘এবেনেজার’-এর গুরুত্ব অন্য জায়গাতেও। ২০১৮ সালে ‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য ক্রাইমস অব গ্রিন্ডেলওয়াল্ড’-এর পর এটিই ডেপের প্রথম বড় বাজেটের ছবি। মাঝের আট বছরে হলিউডের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণও বদলেছে অনেকটা।

ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য সান’ তাঁকে ‘স্ত্রী-নির্যাতনকারী’ আখ্যা দেওয়ায় সংবাদপত্রটির বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন ডেপ। কিন্তু সেই মামলায় হেরে যাওয়ার পর ২০২০ সালে ওয়ার্নার ব্রাদার্স তাঁকে ‘হ্যারি পটার’ স্পিন-অফ সিরিজ ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ থেকে সরিয়ে দেয়।

পরে আমেরিকায় প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানির মামলায় জয় পান ডেপ। হার্ড তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য নির্যাতনের অভিযোগ তুলেছিলেন। সেই সময় হলিউডের বড় প্রযোজনাগুলি থেকে দূরে থাকলেও ছোট ও স্বাধীন ছবিতে কাজ চালিয়ে গিয়েছেন অভিনেতা। অভিনয় করেছেন ‘মিনামাটা’ (২০২০) এবং ঐতিহাসিক ছবি ‘জান দু বারি’ (২০২৩)-তে। ২০২৪ সালে পরিচালনাও করেছেন জীবনীচিত্র ‘মোদী, থ্রি ডেজ অন দ্য উইং অব ম্যাডনেস’।

বক্স অফিসে অন্যদের হাল

এই সপ্তাহের আর একটি নতুন ছবি সোনির অ্যাকশন থ্রিলার ‘ঘোস্ট সোলজার’। শুক্রবার ২,৫৫৮টি প্রেক্ষাগৃহ থেকে ছবিটির আয় হয়েছে ১৫ লক্ষ ডলার। প্রাক্তন মার্কিন স্পেশাল ফোর্সেস সেনার চরিত্রে অভিনয় করেছেন জিম ক্যাভিজেল। অনুমান, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত তিন দিনে ছবিটির আয় দাঁড়াতে পারে ৪৯ লক্ষ ডলার। মুক্তির প্রথম পাঁচ দিনে সেই অঙ্ক পৌঁছতে পারে ৮০ লক্ষ ডলারে। ছবিটি তৈরিতে খরচ হয়েছে ১ কোটি ৮০ লক্ষ ডলার।

অন্য দিকে, মুক্তির প্রথম সপ্তাহান্তেই কার্যত মুখ থুবড়ে পড়েছে অ্যামাজন এমজিএমের ‘হাউ টু রব আ ব্যাঙ্ক’। নিকোলাস হোল্ট, জোয়ি ক্রাভিৎজ ও পিট ডেভিডসন অভিনীত ডাকাতি-কেন্দ্রিক কমেডিটি শুক্রবার ২,৮১০টি প্রেক্ষাগৃহ থেকে আয় করেছে মাত্র ২২ লক্ষ ডলার। প্রথম সপ্তাহান্তে ছবিটির সংগ্রহ ৪৭ লক্ষ ৫০ হাজার ডলারে থামতে পারে।

ছবিটি তৈরিতে স্টুডিয়োর খরচ হয়েছে ৪ কোটি ডলারেরও বেশি। তার উপর টিকিট বিক্রির আয়ের প্রায় অর্ধেকই চলে যায় প্রেক্ষাগৃহের মালিকদের পকেটে। ফলে প্রথম সপ্তাহান্তের এই ব্যবসা নির্মাতাদের জন্য যথেষ্ট উদ্বেগের।

ডেভিড লিচ পরিচালিত আর-রেটিংপ্রাপ্ত ছবিটির গল্প একদল সমাজমাধ্যম-সচেতন ব্যাঙ্ক ডাকাতকে ঘিরে। ডাকাতির দৃশ্য নিজেরাই সম্প্রচার করে তারা। সেই ভিডিয়ো ভাইরাল হতেই রাতারাতি জনপ্রিয়তা পায় দলটি। কিন্তু সেই খ্যাতিই যে কেন্দ্রীয় তদন্তকারীদের নজর তাদের দিকে ঘুরিয়ে দিয়েছে, তা বুঝতে পারে না ডাকাতরা। সিনেমাস্কোরের সমীক্ষায় ছবিটি পেয়েছে ‘বি মাইনাস’ গ্রেড। রটেন টোম্যাটোজে সমালোচকদের মধ্যে মাত্র ৩৩ শতাংশ ছবিটির পক্ষে ইতিবাচক পর্যালোচনা দিয়েছেন।

শুক্রবারের আয়ের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও গোটা সপ্তাহান্তের হিসাবে ‘হাউ টু রব আ ব্যাঙ্ক’ সপ্তম স্থানে নেমে যেতে পারে। তাকে টপকে যাওয়ার দৌড়ে রয়েছে আগে মুক্তি পাওয়া কয়েকটি ছবি। সেই তালিকায় আছে ওয়ার্নার ব্রাদার্স অ্যানিমেশনের ‘দ্য ক্যাট ইন দ্য হ্যাট’ এবং জিকিডসের ‘গডজিলা মাইনাস জিরো’।

টক্করে বিড়াল-দানব

দ্বিতীয় স্থানে থাকা ‘দ্য ক্যাট ইন দ্য হ্যাট’ শুক্রবার আয় করেছে ২২ লক্ষ ডলার। রবিবারের মধ্যে চলতি সপ্তাহান্তে ছবিটির আয় ১ কোটি ডলারে পৌঁছতে পারে। যদিও প্রথম সপ্তাহান্তের তুলনায় এই সংগ্রহ প্রায় ৫০ শতাংশ কম। তাতে উত্তর আমেরিকায় ছবিটির মোট আয় দাঁড়াবে ৩ কোটি ৬৭ লক্ষ ডলার। ৯ কোটি ২০ লক্ষ ডলারের বিপুল নির্মাণব্যয়ের পাশে এই অঙ্ক অবশ্যই চিন্তার।

তবে বক্স অফিসে লড়াইয়ে পিছিয়ে নেই ‘গডজিলা মাইনাস জিরো’। শুক্রবার ছবিটির আয় হয়েছে ২১ লক্ষ ডলার। দ্বিতীয় সপ্তাহান্তে প্রায় ৭৫ লক্ষ ডলার সংগ্রহ করতে পারে এই দানব-চলচ্চিত্রের সিক্যুয়েল। প্রথম সপ্তাহান্তের তুলনায় যা প্রায় ৭৫ শতাংশ কম।

তবে এই পতন সত্ত্বেও উত্তর আমেরিকার বাজারে ছবিটি সফল। চলতি সপ্তাহান্তের সম্ভাব্য আয় যোগ হলে সেখানে ‘গডজিলা মাইনাস জিরো’-র মোট সংগ্রহ দাঁড়াবে ৪ কোটি ৮১ লক্ষ ডলার।