টাইটানের উত্থানের গল্প এবার আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতির দৌড়ে। নাসিরুদ্দিন শাহ ও জিম সার্ভ অভিনীত ‘মেড ইন ইন্ডিয়া—আ টাইটান স্টোরি’ ২০২৬ সালের ৫৭তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (ইফি) সেরা ওয়েব সিরিজ (ওটিটি) বিভাগে মনোনয়ন পেয়েছে। গোয়ায় আয়োজিত এই চলচ্চিত্র উৎসবে মনোনয়ন সিরিজটির সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ করল।
ভারতীয় উদ্যোগ, উচ্চাকাঙ্ক্ষা, উদ্ভাবন এবং অদম্য সংকল্পের গল্প বলেছে এই সিরিজ। টাটা গোষ্ঠীর অন্যতম পরিচিত ব্র্যান্ড টাইটানের উত্থানের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে ভারতের বাণিজ্যিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। নাসিরুদ্দিন শাহ ও জিম সার্ভের অভিনয়ও সিরিজটির অন্যতম আকর্ষণ।
রবি গ্রেওয়াল পরিচালিত ‘মেড ইন ইন্ডিয়া—আ টাইটান স্টোরি’র ভাবনা ও প্রযোজনার দায়িত্বে রয়েছেন প্রভলীন সান্ধু। তাঁর প্রযোজনা সংস্থা অলমাইটি মোশন পিকচার এবং টি-সিরিজ ফিল্মসের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে সিরিজটি। বিনয় কামাথের লেখা একটি বই অবলম্বনে নির্মিত এই সিরিজ কাহিনি বলার ধরন ও অভিনয়ের জন্য দর্শকদের নজর কেড়েছে।
মনোনয়নের খবরে উচ্ছ্বাস প্রকাশ করে প্রযোজক প্রভলীন সান্ধু বলেন, “এই মনোনয়ন আমাদের কাছে অত্যন্ত বিশেষ সম্মান। ‘মেড ইন ইন্ডিয়া—আ টাইটান স্টোরি’ এমন একটি কাহিনি, যার প্রতি আমাদের গভীর বিশ্বাস ছিল। দূরদৃষ্টি, দৃঢ় সংকল্প এবং ভারতীয় উদ্যোগের চেতনাকে উদ্যাপন করে এই গল্প। দর্শকদের এত ভালবাসা এবং ইফির স্বীকৃতি পেয়ে আমরা সত্যিই অভিভূত। এই সম্মান আমাদের সমস্ত অভিনেতা, কলাকুশলী, সৃজনশীল দল এবং সহযোগীদের, যাঁরা এই ভাবনাকে বাস্তব রূপ দিয়েছেন।”
এই স্বীকৃতিতে আনন্দিত অভিনেতা জিম সার্ভও। তাঁর কথায়, “৫৭তম ইফি পুরস্কারে সেরা সিরিজের জন্য মনোনীত হওয়া বিরাট সম্মানের। অনেক ভালবাসা ও যত্ন দিয়ে ‘মেড ইন ইন্ডিয়া’ তৈরি করা হয়েছিল। দেশের নানা প্রান্তের মানুষের মনে সিরিজটি সাড়া জাগিয়েছে দেখে আমরা খুবই আনন্দিত। গোটা দলকে আন্তরিক অভিনন্দন এবং ইফিকে বিনম্র ধন্যবাদ।”
পরিচালক রবি গ্রেওয়ালের কথায়, “এত মর্যাদাপূর্ণ একটি মঞ্চে মনোনয়ন পাওয়া অত্যন্ত সম্মানের। আমাদের সকলের কাছেই এটি সত্যিই বিশেষ এক মুহূর্ত। এই সিরিজ তৈরির পিছনে যে আবেগ ও কঠোর পরিশ্রম রয়েছে, এই মনোনয়ন তার সুন্দর স্বীকৃতি।”
প্রাইম ভিডিও/এমএক্স প্লেয়ারে মুক্তি পাওয়া সিরিজটি ভারতের কর্পোরেট ইতিহাসের এক অনুপ্রেরণাদায়ক অধ্যায়কে পর্দায় তুলে ধরেছে। ইফির এই মনোনয়ন প্রভলীন সান্ধু ও অলমাইটি মোশন পিকচারের সাফল্যের তালিকায় আরও একটি সংযোজন। পাশাপাশি, স্বীকৃতি মিলেছে সিরিজটির নেপথ্যে থাকা গোটা দলের পরিশ্রমেরও।
‘মেড ইন ইন্ডিয়া—আ টাইটান স্টোরি’র এই মনোনয়ন আরও একবার মনে করিয়ে দিল, দেশের ব্যবসায়িক সাফল্যের পিছনেও রয়েছে এমন সব গল্প, যা পর্দায় তুলে ধরার অপেক্ষায়।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।