নেটফ্লিক্সের জনপ্রিয় অ্যানিমেটেড ছবি ‘কে-পপ ডেমন হান্টার্স’-এর দুনিয়া এবার ছড়িয়ে পড়তে চলেছে বাস্তবের কনসার্ট মঞ্চে। ২০২৭ সালে শুরু হচ্ছে ছবির প্রথম বিশ্ব সফর ‘গোল্ডেন ওয়ার্ল্ড ট্যুর’। আগামী ৫ জুন আমেরিকার বাল্টিমোরের সিএফজি ব্যাংক অ্যারিনায় হবে সফরের প্রথম অনুষ্ঠান। শুক্রবার নেটফ্লিক্স ও এইজি প্রেজেন্টস যৌথ ভাবে এই ঘোষণা করেছে। মাস্টারকার্ডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই কনসার্টে অ্যানিমেটেড কে-পপ ত্রয়ী ‘হান্ট্রিক্স’কে দেখা যাবে সরাসরি দর্শকদের সামনে।

প্রথম দফায় প্রকাশিত সূচি অনুযায়ী, ৩৫টি শহরে মোট ৬১টি অনুষ্ঠান হবে। উত্তর আমেরিকার সফর চলবে গ্রীষ্মজুড়ে। নিউয়ার্কের প্রুডেনশিয়াল সেন্টার, শিকাগোর ইউনাইটেড সেন্টার, আটলান্টার স্টেট ফার্ম অ্যারিনা এবং ডালাসের আমেরিকান এয়ারলাইন্স সেন্টার-সহ একাধিক বড় মঞ্চে হাজির হবে এই দল। কানাডার হ্যামিল্টনের টিডি কলোসিয়ামে ২৬ জুন হবে দু’টি অনুষ্ঠান। লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারিনায় ৩০ ও ৩১ জুলাই মিলিয়ে রয়েছে তিনটি শো। ১৪ অগস্ট টাকোমা ডোমে শেষ হবে উত্তর আমেরিকার পর্ব।

এরপর ১ সেপ্টেম্বর সুইৎজারল্যান্ডের জুরিখের হ্যালেনস্টাডিয়ন থেকে শুরু হবে ইউরোপ সফর। তালিকায় রয়েছে মিলান, আমস্টারডাম, ভিয়েনা, বার্লিন, হামবুর্গ, কোপেনহেগেন, অসলো, কোলন, ব্রাসেলস, প্যারিস ও ডাবলিন। ব্রিটেনে অনুষ্ঠান শুরু হবে ১২ অক্টোবর, গ্লাসগোর ওভিও হাইড্রোতে। বার্মিংহাম ও ম্যানচেস্টার ঘুরে ২২ ও ২৩ অক্টোবর লন্ডনের দ্য ওটু-তে তিনটি অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এই পর্ব।

তবে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং লাতিন আমেরিকার অনুরাগীদের অপেক্ষা এখনও শেষ হচ্ছে না। এই দুই অঞ্চলের সফরসূচি পরে ঘোষণা করা হবে। ২০২৭ ও ২০২৮ সাল মিলিয়ে প্রায় ৫০টি শহরে দেড়শোরও বেশি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।

নেটফ্লিক্সের চিফ মার্কেটিং অফিসার মারিয়ান লি-র কথায়, ‘কে-পপ ডেমন হান্টার্স’ শুধু একটি সফল অ্যানিমেটেড ছবি নয়, বরং গোটা প্রজন্মের কাছে সাংস্কৃতিক ঘটনায় পরিণত হয়েছে। টানা ৬৩ সপ্তাহ নেটফ্লিক্সের গ্লোবাল টপ টেন তালিকায় জায়গা ধরে রেখেছে ছবিটি। স্পটিফাইয়ে ‘গোল্ডেন’ গানটি শোনা হয়েছে ২০০ কোটিরও বেশি বার। বিলবোর্ডের টপ সাউন্ডট্র্যাকস তালিকায় দীর্ঘতম সময় এক নম্বরে থাকার রেকর্ডও গড়েছে ছবির সাউন্ডট্র্যাক।

মারিয়ান বলেন, অনুরাগীদের উন্মাদনা কোনও সাময়িক উত্তেজনা নয়। ‘গোল্ডেন ওয়ার্ল্ড ট্যুর’-এর মাধ্যমে সেই উন্মাদনাকেই বিশ্বের নানা প্রান্তের অ্যারিনায় পৌঁছে দিতে চায় নেটফ্লিক্স। তাঁর কথায়, ‘টেকডাউন’-এর উদ্দাম শক্তির সঙ্গে দর্শকেরা গাইবেন, নাচবেন, এমনকি হোনমুনকে সুরক্ষিত রাখতে হান্ট্রিক্সের অভিযানেরও অংশ হয়ে উঠবেন।

এই প্রযোজনায় রুমি, মীরা ও জোয়িকে দেখা যাবে কনসার্টের মঞ্চে। অ্যানিমেটেড চরিত্রগুলিকে দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করানোর জন্য ব্যবহার করা হবে নতুন ধরনের পরিবেশন-কৌশল। শুধু হান্ট্রিক্স নয়, হাজির থাকবে অ্যানিমেটেড সাজা বয়েজ এবং ডার্পি টাইগারও। তাদের সঙ্গে মঞ্চ ভাগ করে নেবেন বাস্তবের শিল্পীরা। ছবির জনপ্রিয় গান, নাচ এবং রোমাঞ্চকর স্টান্ট মিলিয়ে তৈরি হবে এক অভিনব মঞ্চানুষ্ঠান।

এইজি প্রেজেন্টসের গ্লোবাল ট্যুরিং বিভাগের প্রেসিডেন্ট রিচ শেফারের মতে, ছবির চরিত্র ও গান ইতিমধ্যেই বিশ্বজুড়ে অনুরাগীদের কাছে বিশেষ জায়গা করে নিয়েছে। নেটফ্লিক্সের সঙ্গে হাত মিলিয়ে সেই কল্পনার জগৎকে বাস্তবের মঞ্চে ফুটিয়ে তুলতে পেরে তাঁরা উচ্ছ্বসিত। তাঁর কথায়, অনুষ্ঠানের প্রাণ হবে সংগীত, আর দর্শকেরাও শুধু দর্শক হয়ে থাকবেন না—অভিযানের অংশ হয়ে উঠবেন।

অনুষ্ঠানের সৃজনশীল নির্দেশনার দায়িত্বে রয়েছেন অ্যামি টিঙ্কহ্যাম। সরাসরি মঞ্চবিনোদনের জগতে তাঁর অভিজ্ঞতা ২৫ বছরেরও বেশি। ডিজনির ‘ডিসেন্ড্যান্টস/জম্বিজ: ওয়ার্ল্ডস কলাইড ট্যুর’, সির্ক দ্য সোলেই-এর ‘সংব্লেজার্স’, অ্যারোস্মিথের ‘পিস আউট’ সফর এবং ‘বব মার্লে হোপ রোড’-এর সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এ ছাড়াও জেমস টেলর, পল ম্যাককার্টনি ও মারায়া ক্যারির লাইভ অনুষ্ঠান পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

২০২৫ সালের ২০ জুন নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল ‘কে-পপ ডেমন হান্টার্স’। মুক্তির পর থেকেই জনপ্রিয়তার শিখরে পৌঁছয় ছবিটি। ৬৭ কোটিরও বেশি ভিউ নিয়ে এটি নেটফ্লিক্সের সর্বাধিক দেখা ছবি। অস্কার, গোল্ডেন গ্লোবস ও ক্রিটিকস চয়েস—তিন মঞ্চেই সেরা অ্যানিমেটেড ছবির পুরস্কার জিতেছে।

ছবির ‘গোল্ডেন’ গানটিও তৈরি করেছে ইতিহাস। প্রথম কে-পপ গান হিসেবে অস্কার ও গ্র্যামি—দু’টি পুরস্কারই জিতেছে সেটি। একই সময়ে বিলবোর্ড হট হান্ড্রেডের প্রথম দশে ছবির চারটি গান জায়গা করে নেয়। সব মিলিয়ে বিশ্বজুড়ে ছবির গানগুলির স্ট্রিমের সংখ্যা ছাড়িয়েছে ১,৫০০ কোটি।

তবে আপাতত গোটা সফরের ছবি স্পষ্ট নয়। পরিকল্পিত অনুষ্ঠানগুলির অর্ধেকেরও বেশি এখনও সূচিবদ্ধ হয়নি। ফলে ২০২৮ সালের সফরসূচি নিয়েও রয়েছে অনিশ্চয়তা।