এক সাক্ষাৎকারে সলমন ‘মাতৃভূমি’কে ‘বজরঙ্গি ভাইজান’-এর মতোই ‘এক মহৎ ছবি’ বলে উল্লেখ করেছেন। আগে শোনা গিয়েছিল, ছবিটি ২০২০ সালের গলওয়ান উপত্যকার সংঘর্ষের উপর ভিত্তি করে তৈরি। তবে নির্মাতারা সেই তুলনা জোরালো ভাবে অস্বীকার করেছেন। ছবির বিষয় নিয়ে সলমনের বক্তব্য, সীমান্তে একটা ছোটখাটো সংঘর্ষ হয়েছিল ঠিকই, কিন্তু ছবির মূল কাহিনি সেই সৈনিকদের পরিবার নিয়ে। ভারতের হোক বা চিনের, সংঘর্ষে তাঁদের পরিবারের উপর কী প্রভাব পড়ল, সেটাই ছবির উপজীব্য। সলমন জানান, ছবিটা শুরু হয় বেশ হালকা মেজাজে। ‘মদিরাপান’ বা ‘তেরি সেক্সি বিউটি’-র মতো গান একের পর এক আসতে থাকে। তার পরে হঠাৎই মোড় ঘুরে যায়। প্রথমে সব কিছু স্বাভাবিক মনে হলেও পরে গোটা পরিস্থিতিটাই সম্পূর্ণ উল্টে যায়।

এমন বিষয় নিয়ে কাজ করতে গিয়ে দায়বদ্ধতা অনুভব করেছেন কি না, জানতে চাওয়া হলে সলমন সম্মতি জানান। তিনি বলেন, শুধু নিজের দেশের প্রতি নয়, ছবিতে যাঁদের সঙ্গে সংঘর্ষ হচ্ছে, সেই প্রতিপক্ষের প্রতিও তাঁদের দায় রয়েছে বলে তিনি সচেতন। তাঁদের ন্যায্য ভাবে তুলে ধরা একটা সম্মিলিত দায়িত্ব। নিজের যুক্তির সমর্থনে সলমন বলেন, “এমন কোনও ছবি আমি দেখিনি, যেখানে শত্রুপক্ষকে নিজের দেশের প্রতি দেশপ্রেমী হিসেবে দেখানো হয়েছে। আমরা বরাবর ওঁদের খলনায়ক হিসেবেই দেখিয়েছি। ওঁদেরও তো বাবা-মা আছেন, সন্তান আছে, পরিবার আছে। ওঁরাও নিশ্চয়ই একই জিনিসের মধ্যে দিয়ে যাচ্ছেন। আবেগ তো সবারই এক। ওঁদের চোখে আমরাই খারাপ। যুদ্ধে একটা বুলেট যখন লক্ষ্যে পৌঁছয়, তখন সেটা আসলে গিয়ে বেঁধে এক মায়ের বুকে।”

‘মাতৃভূমি’-র প্রচার শুরু হয়েছিল ‘তেরি সেক্সি বিউটি’ ও ‘মদিরাপান’-এর মতো গান প্রকাশের মধ্যে দিয়ে। ছবির গুরুগম্ভীর বিষয়কে লঘু করে দেওয়ার অভিযোগে সেই গানগুলি সমালোচনার মুখে পড়ে। সরাসরি সেই সমালোচনার উল্লেখ না করেই সলমন কটাক্ষের সুরে প্রশ্ন তোলেন, মানুষ কেন ভাবেন আমাদের সৈনিকেরা একঘেয়ে? তাঁর মতে, চলচ্চিত্র শিল্প বরাবর সৈনিকদের কেবল যুদ্ধের প্রেক্ষাপটেই দেখিয়ে এসেছে, অথচ তাঁদেরও একটা ব্যক্তিগত জীবন আছে। সলমনের মতে, ‘মাতৃভূমি’ সৈনিকদের দুটো দিকই ছুঁয়ে গিয়েছে: এক দিকে কঠোর, সাহসী রূপ, অন্য দিকে তাঁদের রসিক ব্যক্তিগত দিক। তিনি বলেন, সৈনিকেরাও গান গাইতে ভালবাসেন, ‘তন তনা তন তারা’ কিংবা ‘হুড় হুড় দবং’-এর তালে নাচতে ভালবাসেন।

সূরজ বড়জাতিয়া ও সুভাষ ঘাইয়ের প্রতিক্রিয়া

‘মাতৃভূমি’র জন্য সলমন বহু বছর পরে এমন একটা কাজ করলেন, যা আগে করেননি। ছবির জগতের সহকর্মীদের জন্য তিনি একটি বিশেষ প্রদর্শনের আয়োজন করেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন সুভাষ ঘাই, সূরজ বড়জাতিয়া, কবীর খান, ডেভিড ধাওয়ান, রীতেশ দেশমুখ এবং সিদ্ধার্থ রায় কপূর। সলমন জানান, প্রদর্শনে এসে অতিথিরা অন্য ধরনের একটা ছবি আশা করেছিলেন। সলমনের কথায়, প্রথমে ছবিটা সুভাষ ঘাইয়ের ঠিক মনঃপূত হয়নি। কিন্তু পরে তাঁর মত বদলায়, এবং ‘এমন শক্তিশালী একটা ছবি’র জন্য তিনি সলমনের প্রশংসা করেন। সলমন আরও জানান, ছবি দেখার পরে সূরজ বড়জাতিয়া সেই জায়গাটায় যেতে চেয়েছিলেন, কারণ সেখানকার মানুষজনকে তাঁর খুব আন্তরিক ও নম্র বলে মনে হয়েছে। সূরজের মন্তব্য, ছবিতে কোনও নেতিবাচক চরিত্রই নেই। পরিচালকদের প্রতিক্রিয়া সলমনের ভাল লাগলেও তিনি মনে করেন, শেষ রায় দেবেন দর্শকই। বিশেষ প্রদর্শনের আসল উদ্দেশ্য কী ছিল, জানতে চাওয়া হলে সলমন বলেন, তিনি ছবির আবেগের গতিপথটা যাচাই করে নিতে চেয়েছিলেন। ছবির আবেগের কেন্দ্রবিন্দু নিয়ে তাঁরা কোনও ভুল বা অস্বস্তিকর কিছু করে ফেলেননি, এই বিষয়ে নিশ্চিত হতে চেয়েছিলেন।

সলমনের এই ছবির নাম প্রথমে রাখা হয়েছিল ‘ব্যাটল অফ গলওয়ান’। পরে তা বদলে করা হয় ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। সলমন জানান, ‘মে ওয়ার রেস্ট...’ লাইনটি তাঁরই দেওয়া। ‘মাতৃভূমি’ মুক্তি পাবে ২০২৬ সালের ৪ ডিসেম্বর।