অমিতাভ বচ্চনের সঞ্চালনায় ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সম্প্রতি এই মরসুমের প্রথম কোটিপতিকে পেয়েছে। শোয়ের আসন্ন পর্বগুলিতে দেখা যাবে, জলগাঁওয়ের ইউপিএসসি প্রার্থী ভূষণ ঠাকরে এক কোটি টাকা জিতে নিয়েছেন। এরপর তিনি সাত কোটি টাকার প্রশ্নের চেষ্টা করেছিলেন, তবে সফল হননি। এই মরসুমের প্রথম কোটিপতি হিসেবে ভূষণ ‘স্ক্রিন’-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, এই পুরস্কারের টাকা কীভাবে তাঁর জীবন ভালর দিকে বদলে দেবে।
টাকাটা দিয়ে কী করবেন, জানতে চাইলে ভূষণ বলেন, “আমি টাকাটা এমনভাবে বিনিয়োগ করতে চাই, যাতে প্রতি মাসে একটা স্থায়ী আয় থাকে। মায়ের জন্য কিছু গয়নাও কিনতে চাই।”
ভূষণের জীবন ও লড়াই
আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলে ভূষণ। বাড়িতে দু’বেলা দু’মুঠো জোগাড় করাই ছিল কঠিন। বাবা দিনমজুর, মায়ের প্রায়ই চিকিৎসার প্রয়োজন হয়। পরিবারের পাশে দাঁড়াতে দেড় বছর আগে বাড়ি ছেড়েছিলেন ভূষণ, প্রতিজ্ঞা করেছিলেন কিছু একটা করে দেখানোর পরই ফিরবেন। ভুসাওয়ালের একটি সরকারি হস্টেলে থেকে তিনি ইউপিএসসি-র প্রস্তুতি নিচ্ছিলেন।
ভূষণের কথায়, “পরিবারকে আর্থিকভাবে সাহায্য করতে পারছিলাম না, তাই দেড় বছর আগে বাড়ি ছেড়েছিলাম। ওঁদের বলেছিলাম, বলার মতো কিছু অর্জন করতে পারলে তবেই ফিরব। ভুসাওয়ালের সরকারি হস্টেলে থাকতাম, সেখানে আমার সব প্রয়োজন মিটে যেত। বাড়ি থেকে দূরে তো ছিলামই, পরিবারের সঙ্গে যোগাযোগও রাখিনি।”
তিনি আরও বলেন, “বাবা দিনমজুর। সারা দিন কাজ করে যা পেতেন, সেই টাকাতেই সংসার চলত।”
কেবিসি-র জন্য যখন মুম্বই আসেন, তখন ভূষণের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছিল মাত্র ২৪ টাকা। “মুম্বই আসার সময় অ্যাকাউন্টে মাত্র ২৪ টাকা ছিল। গোটা পরিবারের মাসিক আয় মোটামুটি ১৫-২০ হাজার টাকা, তা-ও যদি বাবা টানা কাজ পান। এই এক কোটি টাকা আমার পরিবারের ৩০-৩৫ বছরের রোজগার। এত টাকা জমাতে আমাদের এতটাই সময় লাগত। তাই এই অঙ্কটার গুরুত্ব আমাদের কাছে অনেক। এত টাকা জেতার পর বাবা-মাকে আর কাজ করতে দেব না। মায়ের চিকিৎসার খরচও এখন মেটানো যাবে। আমি একটা ভাল কোচিং সেন্টারে ভর্তি হতে পারব, ভাল জায়গায় থাকতে পারব।”
হট সিটে পৌঁছনো এবং অমিতাভ বচ্চনের মুখোমুখি
এক কোটি টাকা জেতার এই যাত্রা ভূষণের এক দশকের। তিনি বলেন, “২০১৬ সাল থেকে, অর্থাৎ ১৮ বছর পেরোনোর পর থেকেই কেবিসি-র জন্য চেষ্টা করছি। প্রথম চার বছর অডিশনের ডাকও পাইনি। কিন্তু ২০২১ থেকে লাগাতার অডিশন দিয়ে গিয়েছি। প্রতিবার ব্যর্থ হয়ে ফিরলে লোকে বলত, এই শোয়ে যেতে গেলে চেনাজানা লাগে, টাকা দিতে হয় বা কোনও প্রভাবশালী লোকের সুপারিশ লাগে। সবাই আমাকে নিরুৎসাহ করত। কিন্তু এর একটা কথাও সত্যি নয়। বাড়ি থেকে সেট পর্যন্ত, আবার সেট থেকে বাড়ি ফেরা পর্যন্ত সমস্ত খরচ বহন করেছে কেবিসি টিম।”
শোয়ে জেতার পর তাঁর পরিবারের প্রতি লোকের আচরণ কীভাবে বদলে গিয়েছে, সে কথাও জানান ভূষণ। “বহু বার এমন হয়েছে, আত্মীয়রা আমার ফোন ধরেননি। টাকার দরকার পড়লে খোঁটা দিতেন। মায়ের চিকিৎসার জন্য হাজার টাকা চাইলেও কোনও না কোনও অজুহাত দেখাতেন। প্রোমো প্রকাশ্যে আসার পর গ্রামের প্রধান আমার বাবা-মাকে সংবর্ধনা দিয়েছেন। আগে যে আত্মীয়রা সাহায্য করতে অস্বীকার করেছিলেন, তাঁরাই ফোন করে অভিনন্দন জানিয়েছেন।”
অমিতাভ বচ্চনের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে ভূষণ বলেন, “অমিতাভ বচ্চনের সামনে খুব নার্ভাস ছিলাম, এ যেন স্বপ্ন সত্যি হওয়া। আমি ছোট একটা গ্রাম থেকে এসেছি, বেশি শহরেও যাইনি, আর হঠাৎ দেশের সবচেয়ে বড় তারকার সামনে বসে আছি। বুক ধড়ফড় করছিল, উদ্বেগ হচ্ছিল, ঘামছিলাম। কিন্তু হট সিটে বসে ওঁর সঙ্গে কথা বলতে শুরু করার পর উনি আমাকে খুব সহজ করে দিলেন।”
শেষে ভূষণ বলেন, “এই সুযোগ আমার জীবন পুরোপুরি বদলে দিল। এখন আর বাইরে কাজ করতে হবে না। এখন আর বলতে পারব না যে আমি আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণি থেকে এসেছি। এ বার ইউপিএসসি-তে ব্যর্থ হলে দায়টা আমারই। এই শো আমাকে এতটাই শক্তি দিয়েছে যে এখন শুধু পড়াশোনায় মন দিতে পারব। কেবিসি-র প্রস্তুতি নিতে গিয়ে ইউপিএসসি-রও প্রস্তুতি হয়ে গিয়েছে, তাই আমার ইউপিএসসি-র পড়াশোনাতেও এই শো সাহায্য করেছে।”
সঞ্চালক অমিতাভ বচ্চন অল্প কিছু দিনের বিরতি নেওয়ার পর ১৬ নভেম্বর থেকে নতুন পর্ব নিয়ে ফিরেছে কেবিসি ১৮। শো আবার শুরু হওয়ায় ভূষণের পর্বটি সোমবার থেকে বুধবার রাত ৮টায় সোনি টিভিতে সম্প্রচারিত হওয়ার কথা।
মূল লেখার মাঝে বসানো টুইটগুলো, ‘আরও পড়ুন’ লিঙ্ক আর বিজ্ঞাপনের লাইন অনুবাদে রাখিনি। সম্প্রচারের সময় যেমন ছিল তেমনই রেখেছি: লেখার শেষে আছে রাত ৮টা, কিন্তু সোনি টিভির টুইটে বলা হয়েছে রাত ৯টা। ছাপার আগে সময়টা যাচাই করে নেওয়া ভাল।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।