কেরিয়ারের শুরুর দিকে নাকে অস্ত্রোপচার, অর্থাৎ রাইনোপ্লাস্টি করিয়েছিলেন, সম্প্রতি সে কথা স্বীকার করলেন অভিনেত্রী-গায়িকা শ্রুতি হাসান। জানালেন, অস্ত্রোপচারটি ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক। তবে ছবিতে কাজের সুযোগ বাড়ানো বা বিশেষ কোনও ভাবমূর্তি গড়ার জন্য নয়, নিজের ইচ্ছেতেই তিনি ছুরি-কাঁচির নীচে গিয়েছিলেন। ‘গালাট্টা তামিল’-এ নিজের তুতো দিদি, প্রবীণ অভিনেত্রী ও পরিচালক সুহাসিনীর সঙ্গে কথোপকথনে শ্রুতি আরও দাবি করেন, এ ধরনের অস্ত্রোপচারের কথা প্রকাশ্যে স্বীকার করা প্রথম দিকের মহিলা তারকাদের মধ্যে তিনি অন্যতম।
সুহাসিনী মনে করিয়ে দেন, ছোটবেলায় শ্রুতির নাক অন্য রকম দেখতে ছিল। তার পরেই প্রশ্ন করেন, এমন অস্ত্রোপচার ছাড়া কি চলচ্চিত্র জগতে পা রাখা যায় না? জবাবে শ্রুতি বলেন, “আমি করিয়েছিলাম, কারণ আমার ভাল লেগেছিল।” ব্যথা লেগেছিল কি না, সুহাসিনীর এই প্রশ্নে শ্রুতি জানান, ভয়ানক যন্ত্রণা হয়। সঙ্গে রসিকতা করে বলেন, কেউ তাঁকে খুব বেশি জ্বালাতন করলে তিনি তাঁকে নাকে অস্ত্রোপচার করিয়ে নিতে বলবেন, কারণ সেই যন্ত্রণা অসহ্য।
কথা গড়াতে গড়াতে সুহাসিনী শোনান তাঁর প্রথম ইরান সফরের অভিজ্ঞতা। সেখানে শ্রমজীবী মানুষ-সহ বহু জনকে নাকে প্লাস্টার লাগিয়ে ঘুরতে দেখে তিনি রীতিমতো হতবাক হয়ে গিয়েছিলেন। প্রথমে ভেবেছিলেন, মারপিটে নাকে চোট পেয়েছেন সকলে, আর সেই থেকেই তাঁর ধারণা হয়েছিল, ইরানিরা হয়তো স্বভাবে হিংস্র। পরে এক জন তাঁকে জানান, ব্যাপারটা মোটেই তা নয়, ওঁরা সকলে সদ্য রাইনোপ্লাস্টি করিয়েছেন।
‘বিষয়টা খুবই স্পষ্ট ছিল’: কেন অস্ত্রোপচার নিয়ে মুখ খুলেছিলেন শ্রুতি
সুহাসিনীর পর্যবেক্ষণ, এখন এ ধরনের অস্ত্রোপচার খুবই সাধারণ, এবং তা আর লিঙ্গের গণ্ডিতে আটকে নেই। শ্রুতি যোগ করেন, “আমি যখন করিয়েছিলাম, তখন প্রথম যাঁরা প্রকাশ্যে সে কথা স্বীকার করেছিলেন, আমি তাঁদের এক জন। মিথ্যে বললে লজ্জায় পড়তে হত, কারণ বিষয়টা খুবই স্পষ্ট ছিল।”
সম্প্রতি পরিচালক পবন সাদিনেনির ‘আকাশমলো ওকা তারা’ ছবিতে দেখা গিয়েছে শ্রুতি হাসানকে। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন দুলকর সলমন ও সাত্ত্বিকা বীরবল্লী।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।