বিয়ের পিঁড়িতে বসলেন ‘কোই... মিল গয়া’-র বিট্টু। ২০০৩ সালে মুক্তি পাওয়া হৃতিক রোশনের এই ছবিতে বিট্টুর চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন অনুজ অনিল শর্মা। অনেকে তাঁকে অনুজ পণ্ডিত শর্মা নামেও চেনেন। সম্প্রতি ডা. প্রভজ্যোত চাওলার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। বিয়ের কিছু মুহূর্তের ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ঘরোয়া পরিসরে আয়োজিত এই বিয়েতে হিন্দু ও শিখ, দুই রীতিই মানা হয়েছে। বর সেজেছিলেন সূচিকাজ করা অফ-হোয়াইট শেরওয়ানিতে, আর লাল লেহঙ্গায় প্রথাগত সাজে নজর কেড়েছেন কনে প্রভজ্যোত। প্রথমে অগ্নিসাক্ষী রেখে সাত পাক ঘোরেন দু’জনে। তার পর গুরুদ্বারে সম্পন্ন হয় শিখ বিবাহের রীতি ‘আনন্দ কারজ’। বিয়ের নানা মুহূর্তের ছবিতে খুশির মেজাজে ধরা দিয়েছেন নবদম্পতি।

কে এই ডা. প্রভজ্যোত চাওলা?

অনুজের স্ত্রী প্রভজ্যোত স্বাস্থ্য ও সুস্থতা ক্ষেত্রের সঙ্গে যুক্ত। তাঁর সমাজমাধ্যম প্রোফাইল অনুযায়ী, তিনি একটি হেলথ অ্যান্ড ওয়েলনেস প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেছেন। ফিটনেস জগতেও তিনি সক্রিয়। বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই অনুরাগী ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছাবার্তায় ভরে উঠেছে দম্পতির সমাজমাধ্যম।

‘কোই... মিল গয়া’-র পরে অনুজের কেরিয়ার

‘কোই... মিল গয়া’-তে রোহিতের ছোটবেলার বন্ধুদের একজন, বিট্টু সর্দারের ভূমিকায় দর্শকের মন জিতে নিয়েছিলেন অনুজ। হৃতিক রোশন ও প্রীতি জ়িন্টা অভিনীত সেই কল্পবিজ্ঞানের ছবি আজও হিন্দি সিনেমার স্মরণীয় অধ্যায়। ছবির চরিত্রেরা, বিশেষত ভিনগ্রহী ‘জাদু’, এত বছর পরেও দর্শকের কাছে সমান জনপ্রিয়।

ওই ছবির পরে অনুজকে দেখা গিয়েছে ‘ডরনা মানা হ্যায়’, ‘সে সালাম ইন্ডিয়া’ ও ‘টোটাল সিয়াপা’-র মতো ছবিতে। ছোট পর্দায় ‘পরবরিশ ২’ ধারাবাহিকে যোগিন্দর ‘জোগি’ খুরানা এবং ‘আদত সে মজবুর’-এ সানির চরিত্রে অভিনয় করেছেন তিনি। কাজ করেছেন একাধিক মিউজ়িক ভিডিয়োতেও।