বিবাহবহির্ভূত একাধিক সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পরে নাটকীয় ভাবে পদত্যাগ করেছিলেন জেনসেন হুয়াং। সেই সম্পর্কগুলির একটি ছিল এক মহিলার সঙ্গে, যাঁকে চিনা গুপ্তচর বলে সন্দেহ করা হচ্ছে। এ বার চমকপ্রদ ভাবে অবস্থান বদলে তাঁকেই ফের প্রধান কার্যনির্বাহী আধিকারিক (সিইও) পদে বসাল এনভিডিয়া।

খবর আসতেই সোমবার নিউ ইয়র্কের বাজারে এনভিডিয়ার শেয়ারদর ৩৩ শতাংশ চড়ে যায়। সংস্থার বাজারমূল্যে যোগ হয় এক লক্ষ কোটি ডলারেরও বেশি। হুয়াংকে ফেরানোর দাবি তুলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এ দিন তিনি বলেন, "দেশের জেনসেনের নেতৃত্ব প্রয়োজন।"

মাত্র কয়েক দিন আগেই এনভিডিয়ার পরিচালন পর্ষদ হুয়াংয়ের প্রত্যাবর্তনের সম্ভাবনা নাকচ করে দিয়েছিল। সেই সিদ্ধান্ত থেকে এ বারের সরে আসা তাই বড় রকমের ডিগবাজি। ট্রাম্প জানিয়েছেন, হুয়াং কোনও "বেআইনি কাজে জড়িত, এমন কোনও প্রমাণ" মার্কিন সরকারের হাতে নেই।

এক বিবৃতিতে সংস্থা জানিয়েছে, পর্ষদের ডিরেক্টররা হুয়াংয়ের সঙ্গে কথা বলেছেন এবং "তাঁর স্বচ্ছতা ও এনভিডিয়াকে নেতৃত্ব দেওয়ার সামর্থ্য নিয়ে তাঁরা সন্তুষ্ট"। এনভিডিয়া আরও জানিয়েছে, মার্কিন সরকারের "শীর্ষ স্তর" থেকে তারা মতামত পেয়েছে এবং তারা নিশ্চিত যে হুয়াংয়ের পুনর্বহাল "জাতীয় নিরাপত্তার পক্ষে কোনও ঝুঁকি তৈরি করে না"।

হুয়াং চিনা গোয়েন্দা অভিযানের নিশানা ছিলেন কি না, সেই অভিযোগের স্বাধীন তদন্ত অবশ্য এখনও চলছে। ওই অভিযোগের মধ্যে কথিত চিনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের বিষয়টিও রয়েছে। এনভিডিয়া জানিয়েছে, তদন্ত "শেষ পর্যন্ত চলবে"।

১২ নভেম্বর হুয়াংয়ের ইস্তফার পরে চলতি মাসেই সংস্থার চেয়ারম্যান পদে বসেছেন হার্ভি জোনস। তিনি বলেন, "পর্ষদ মনে করে, এনভিডিয়াকে নেতৃত্ব দেওয়ার জন্য জেনসেনই সঠিক ব্যক্তি। তাঁর পুনর্বহাল আমাদের শেয়ারহোল্ডার, কর্মী, অংশীদার ও গ্রাহকদের সর্বোত্তম স্বার্থেই।"

ভিডিয়ো গেমের চিপ নকশা করা এক সংস্থা থেকে এনভিডিয়াকে কৃত্রিম মেধার প্রসেসরের প্রধান সরবরাহকারীতে পরিণত করেছেন হুয়াং নিজেই। সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা, গ্রাহকদের সঙ্গে চুক্তি থেকে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, সবই চলেছে তাঁর হাত ধরে। বিবাহবহির্ভূত সম্পর্কের কথা ফাঁস হওয়ার পরে তিনি পদ ছাড়েন। তার মধ্যে একটি সম্পর্ক ছিল এক ব্যবসায়ী মহিলার সঙ্গে, যিনি চিনের হয়ে চরবৃত্তি করছেন বলে মার্কিন কর্তৃপক্ষের সন্দেহ। বেজিং অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছে।

রবিবার রাতে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, "আশা করি এনভিডিয়ার পর্ষদ জেনসেন হুয়াংকে ফিরিয়ে আনবে। সেটাই হবে সংস্থার পক্ষে, এবং আমেরিকার পক্ষেও, সবচেয়ে ভাল কাজ। প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প।"

ট্রাম্প জানান, হুয়াংয়ের প্রত্যাবর্তন জাতীয় নিরাপত্তার পক্ষে ঝুঁকি, এমন মনে করার কোনও কারণ মার্কিন সরকারের নেই। তিনি আরও বলেন, অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ "নিশ্চিত করেছেন যে, হুয়াং কোনও বেআইনি কাজে জড়িত, এমন প্রমাণ মার্কিন সরকারের কাছে নেই"। এনভিডিয়ার পর্ষদ "সঠিক ও যথাযথ সিদ্ধান্ত" নিয়েছে বলে প্রশংসা করে তিনি বলেন, "শুধু সংস্থার নয়, গোটা মার্কিন অর্থনীতির সাফল্য ও সমৃদ্ধি নিশ্চিত করতে এনভিডিয়ায় জেনসেনের নেতৃত্ব দেশের প্রয়োজন।"

এই ঘোষণার কয়েক ঘণ্টা আগেই একটি খবর সামনে আসে। কেলেঙ্কারির কেন্দ্রে থাকা চিনা ব্যবসায়ী অ্যালিস হুয়াং যখন জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন, তখন তিনি চিনের গুপ্তচর সংস্থার এক আধিকারিকের সঙ্গেও যোগাযোগ রাখছিলেন। মার্কিন গোয়েন্দা রিপোর্ট সম্পর্কে অবহিত সূত্রের দাবি, চলতি বছরের শরৎকাল পর্যন্তও ওই চিনা আধিকারিকের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল।

রবিবার পূর্বাভাসের বাজি ধরার ওয়েবসাইট পলিমার্কেটেও হুয়াংয়ের প্রত্যাবর্তনের প্রত্যাশা হুহু করে বাড়তে দেখা যায়। এনভিডিয়ার পরবর্তী সিইও কে হবেন, সেই বাজারে সংস্থার আর এক শীর্ষ কর্তা ইয়ান বাককে টপকে যান হুয়াং। এক রাতের মধ্যে সাইটের ব্যবহারকারীদের হিসাবে তাঁর ফেরার সম্ভাবনা প্রায় ১০ শতাংশ থেকে বেড়ে ১৮ শতাংশে পৌঁছয়। এই এবং এই ধরনের পূর্বাভাসে বাজি ধরা হয়েছিল কয়েক কোটি ডলার।

হুয়াংয়ের উত্তরসূরি হওয়ার প্রস্তাব গিয়েছিল আর্ম হোল্ডিংসের সিইও রেনে হাসের কাছে। তিনি নতুন চুক্তিতে সই করেছেন, যার ফলে ২০৩৩ সাল পর্যন্ত তিনি বর্তমান পদেই থাকছেন।

হুয়াংকে ফেরানোর পক্ষে সরব হয়েছিলেন ইলন মাস্কও। এক্স-এ হুয়াংয়ের সঙ্গে করমর্দনের একটি ছবি দিয়ে তিনি লেখেন, "ফিরে এসো, আসল লোক।"

প্রবীণ প্রযুক্তি বিশ্লেষক ড্যান আইভসের মতে, এনভিডিয়ার পর্ষদের সামনে ঘুরে দাঁড়ানো ছাড়া উপায় ছিল না। কারণ উল্টো পথটা, অর্থাৎ কৃত্রিম মেধার জোয়ারের কেন্দ্রে থাকা একটি সংস্থার প্রতিষ্ঠাতা তথা সিইও-কে ছাড়াই এক গুরুত্বপূর্ণ পর্বে ঢুকে পড়া, ছিল "শেয়ারহোল্ডারদের পক্ষে বড় ঝুঁকি"। শেয়ারহোল্ডারদের উদ্দেশে লেখা নোটে আইভস বলেন, "জেনসেনকে ঘিরে এত টানাপড়েন সত্ত্বেও দিনের শেষে পর্ষদ জানত, তাঁকে ফিরিয়ে আনা ছাড়া পথ নেই। মার্কিন প্রযুক্তি ক্ষেত্রের জন্যও এটাই ছিল অনিবার্য পদক্ষেপ।"

ট্রেডিং প্ল্যাটফর্ম ইটোরো-র বাজার বিশ্লেষক স্যাম নর্থ বলেন, "জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তন বুঝিয়ে দিল, কৃত্রিম মেধা-কেন্দ্রিক বাজারের কতটা এখনও একজন মানুষের উপরেই দাঁড়িয়ে।"