কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চাহিদা যে গতিতে বাড়ছে, তাতে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি সুদের হার বাড়াতে বাধ্য হবে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক অর্থভান্ডারের (আইএমএফ) ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা।
তাঁর মতে, এআই হার্ডওয়্যার ও সংশ্লিষ্ট প্রযুক্তিপণ্যের বিপুল চাহিদায় বিশ্বজুড়ে ভোক্তাপণ্যের দাম বাড়ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে জ্বালানির দামে যে ধাক্কা লেগেছে, তার সঙ্গে যোগ হয়ে এই চাহিদা মূল্যস্ফীতির চাপ আরও বাড়াচ্ছে। জর্জিয়েভা বলেন, “এই পরিস্থিতিতে বহু দেশকেই মুদ্রানীতি কঠোর করতে হবে।”
চিনের শেনঝেনে ২০২৬ সালের এপেক শীর্ষ সম্মেলনে জর্জিয়েভা বলেন, এই দুইয়ের প্রভাবে চলতি বছরে বিশ্বে মূল্যস্ফীতির হার বেড়ে ৪.৭ শতাংশে পৌঁছবে। তবে এআইয়ের দ্রুত প্রসারের আর একটি প্রভাবও দেখা যাচ্ছে। ইরান যুদ্ধের ধাক্কা সত্ত্বেও বেশ কয়েকটি দেশের অর্থনীতি প্রত্যাশার চেয়ে দ্রুত বাড়ছে।
ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়। তাতে ফের মাথাচাড়া দেয় মূল্যস্ফীতি। তার মোকাবিলায় এ বছর একাধিক কেন্দ্রীয় ব্যাঙ্ককে সুদ বাড়াতে হয়েছে। জুনে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাঙ্ক (ইসিবি) সুদের হার বাড়ায়, ২০২৩ সালের পর এই প্রথম। সেপ্টেম্বরে সুদ বাড়ায় আমেরিকার ফেডারেল রিজ়ার্ভ। চলতি মাসের গোড়ায় একই পথে হাঁটে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড।
আর্থিক বাজারের ধারণা, আগামী বছর ঋণ নেওয়ার খরচ আরও বাড়বে। যুদ্ধ ঘিরে অনিশ্চয়তার মধ্যেও এআইয়ের দ্রুত প্রসার অর্থনীতির বৃদ্ধিকে জোর জোগাচ্ছে।
তবে আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের পর গত কয়েক সপ্তাহে বিশ্ববাজারে অশোধিত তেলের দাম কিছুটা নেমেছে। এই সময়ে তেলের জোগানও বেড়েছে। অন্য দিকে, এআই ঘিরে বিনিয়োগের বুদ্বুদের আশঙ্কা এবং বিশ্বজুড়ে শেয়ারবাজারে অস্থিরতার জেরে ব্যবসায়িক বিনিয়োগে ভাটা পড়তে পারে। অর্থনীতিবিদদের আশঙ্কা, চড়া মূল্যস্ফীতিতে সংসারের বাজেটে টান পড়ায় চাহিদাও কমতে পারে।
জর্জিয়েভার কথায়, জ্বালানির দামের ধাক্কা একদিন কেটে যাবে, কিন্তু “এআই থেকে যাবে।” বিশ্ববাণিজ্য, বিভিন্ন দেশের প্রতিযোগিতার ক্ষমতা, উৎপাদনশীলতা এবং অর্থনৈতিক বৃদ্ধির গতি নির্ধারণে তাই বড় ভূমিকা নেবে এই প্রযুক্তি।
তাঁর দেওয়া হিসাব অনুযায়ী, বিশ্বে মোট পণ্যবাণিজ্যের দশ ভাগের এক ভাগেরও বেশি এখন এআই হার্ডওয়্যার ও সংশ্লিষ্ট প্রযুক্তিপণ্যের দখলে। সেই অংশ দ্রুত বাড়ছে। তবে এই খাতে বিনিয়োগের সুফল সব দেশ সমান পাচ্ছে না।
জর্জিয়েভা বলেন, “সোজা কথায়, গড়িমসি করলেই পিছিয়ে পড়তে হবে। দেশগুলির ডিজিটাল পরিকাঠামো চাই। এআইয়ের জন্য শ্রমবাজার ও কর্মীদের তৈরি রাখতে হবে। ঝুঁকি কমানোর ব্যবস্থাও চাই, বিশেষ করে আর্থিক স্থিতিশীলতা ও সাইবার নিরাপত্তার ক্ষেত্রে।”
জর্জিয়েভার এই মন্তব্যের আগের দিনই এআই সংস্থাগুলির ক্রমবর্ধমান ঋণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল ইসিবি। ব্যবসা বাড়াতে সংস্থাগুলি যে ভাবে ক্রমশ বেশি টাকা ধার করছে, তার সঙ্গে অতীতের দু’টি ঘটনার মিল দেখছে ইউরোপের কেন্দ্রীয় ব্যাঙ্ক। একটি হল ডটকম বুদ্বুদ, যা ফেটে যাওয়ায় শতাব্দীর পালাবদলের সময় প্রযুক্তি সংস্থাগুলির শেয়ারে ধস নেমেছিল। অন্যটি ঝুঁকিপূর্ণ গৃহঋণের বুদ্বুদ, যা থেকে ২০০৮ সালের আর্থিক সংকটের সূত্রপাত। আর্থিক স্থিতিশীলতা নিয়ে তাদের পর্যালোচনায় ইসিবি বলেছে, এআই খাতে ধস নামলে তার আঁচ ইউরো অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে। তাতে ওই অঞ্চলের আর্থিক স্থিতিশীলতা বিপন্ন হতে পারে।
আপাতত অবশ্য এআই ব্যবসায় জোয়ার চলছে। বৃহস্পতিবার আমেরিকার শেয়ারবাজারে পা রাখল ক্লড চ্যাটবটের নির্মাতা অ্যানথ্রপিক। শেয়ারপিছু ৮৩ ডলার দরে প্রথম বার জনসাধারণের কাছে শেয়ার বিক্রি করে সংস্থাটি যে পরিমাণ মূলধন তুলেছে, তা আইপিও-র ইতিহাসে সর্বোচ্চ।
২০২৬ সালের প্রথম ছ’মাসেই অ্যানথ্রপিকের লোকসান হয়েছে ৮ হাজার কোটি ডলার। তা সত্ত্বেও সংস্থাটির বাজারমূল্য দেড় লক্ষ কোটি ডলারে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। সে ক্ষেত্রে অ্যানথ্রপিক হবে বিশ্বের সবচেয়ে দামি শেয়ারবাজারে তালিকাভুক্ত সংস্থাগুলির একটি।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।