প্রস্তাবিত বাণিজ্য চুক্তিতে ভারতকে তার প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বাড়তি সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছেন আমেরিকার আলোচনাকারীরা। শুক্রবার কেন্দ্রীয় সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক এ কথা জানিয়েছেন। তাঁর বক্তব্য, দুই দেশের চুক্তি সই হওয়ার পরে আমেরিকা যাতে অতিরিক্ত শুল্ক আরোপ না করে, তা নিশ্চিত করার ব্যবস্থাও চুক্তির আইনি বয়ানে থাকবে।
ওই আধিকারিক জানান, বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে দু’পক্ষের আলোচনাকারীরা নিয়মিত যোগাযোগ রাখছেন। নভেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত সর্বশেষ দফার বৈঠকে শুল্ক ও বাণিজ্য সহজীকরণ সংক্রান্ত অধ্যায়ের বেশ কয়েকটি অংশ নিয়ে মতৈক্য হয়েছে। গত ৩ নভেম্বর আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে শুল্ক, মূল্যবৃদ্ধি ও অর্থনীতি অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছিল।
আধিকারিক বলেন, “নভেম্বরের প্রথম সপ্তাহে আমেরিকার আলোচনাকারীরা দু’দিনের জন্য এখানে এসেছিলেন। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তিতে শুল্ক ও বাণিজ্য সহজীকরণ নিয়ে একটি অধ্যায় রয়েছে। তার বয়ানের অনেকগুলি অংশ নিয়ে মতৈক্য হয়েছে। আমাদের প্রতিযোগীদের তুলনায় বাড়তি সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছে আমেরিকা। তাদের শুল্ককাঠামো শেষ পর্যন্ত কী রূপ নেয়, তা দেখতে হবে।”
ভবিষ্যতে ভারতের উপরে নতুন শুল্ক আরোপের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমরা বলেছি, ভবিষ্যতে যদি এমন কোনও শুল্ক আরোপ করা হয়, যা প্রতিশ্রুতির সীমা ছাড়িয়ে যায়, তা হলে ভারতও নিজের দেওয়া ছাড়গুলি পরিবর্তনের অধিকার রাখবে।”
আধিকারিক আরও জানান, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম দফা নিয়ে আলোচনা শেষ করার প্রক্রিয়ায় রয়েছে ভারত ও আমেরিকা। এই দফার চুক্তিতে পরিষেবা ক্ষেত্র অন্তর্ভুক্ত হবে না।
শুল্ক নিয়ে অনিশ্চয়তা
শিল্পক্ষেত্রে অতিরিক্ত উৎপাদনক্ষমতা নিয়ে ‘সেকশন ৩০১’-এর অধীনে দ্বিতীয় তদন্তের ফল মার্কিন বাণিজ্য প্রতিনিধির দফতর বা ইউএসটিআর প্রকাশ করার পরে আমেরিকার চূড়ান্ত শুল্ককাঠামো আরও স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে। কোনও শিল্পক্ষেত্র বা দেশের উৎপাদনক্ষমতা বাজারের চাহিদাকে ছাড়িয়ে গেলে তাকে অতিরিক্ত উৎপাদনক্ষমতা বলা হয়।
অতিরিক্ত উৎপাদনক্ষমতা সংক্রান্ত এই তদন্তে ভারত অনুকূল অবস্থান পাওয়ার আশা করছে। অস্ট্রেলিয়া, জাপান ও ইউরোপীয় ইউনিয়ন-সহ যে ১৪টি দেশ ও পক্ষ স্বীকার করেছে যে কোনও দেশের কাঠামোগত অতিরিক্ত উৎপাদনক্ষমতা ও অতিরিক্ত উৎপাদন সমস্ত বাণিজ্য-অংশীদারের সামনে বড় চ্যালেঞ্জ তৈরি করে, ভারত তাদের অন্যতম। এই চ্যালেঞ্জ মোকাবিলায় “কার্যকর পদক্ষেপ” করার সিদ্ধান্তও নিয়েছে তারা।
জোরপূর্বক শ্রম ব্যবহার করে উৎপাদিত পণ্যের আমদানি নিষিদ্ধ করার কথা ভারতের বৈদেশিক বাণিজ্য মহানির্দেশালয় বা ডিজিএফটি ঘোষণা করার পরে, জুন মাসে ভারতের উপরে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছিল আমেরিকা। মার্চে প্রস্তাবিত ১২.৫ শতাংশ হারের তুলনায় তা কম। জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের আমদানি নিয়ে ‘সেকশন ৩০১’-এর অধীনে প্রথম তদন্তের প্রেক্ষাপটে এই পদক্ষেপ করা হয়েছিল।
মধ্যবর্তী নির্বাচন শেষ হয়ে যাওয়ায় ইউএসটিআর এবার শিল্পক্ষেত্রে অতিরিক্ত উৎপাদনক্ষমতা সংক্রান্ত তদন্তের ফল প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। এর ফলে ২০২৫ সালের গোড়া থেকে ট্রাম্প প্রশাসন যে শুল্ককাঠামোর পরিকল্পনা করছিল, তা ফের কার্যকর করার পথ খুলতে পারে। চলতি বছরের গোড়ায় আমেরিকার সুপ্রিম কোর্ট পাল্টা শুল্ককে বেআইনি ঘোষণা করার পরে অধিকাংশ বাণিজ্য চুক্তি তাদের আইনি ভিত্তি হারিয়েছিল।
স্পর্শকাতর ক্ষেত্র
বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল গত ৩ নভেম্বর বলেছিলেন, জিনগতভাবে পরিবর্তিত বা জিএম পণ্য এবং বাছুরের মাংস ব্যবহার করে তৈরি দুগ্ধজাত পণ্যের আমদানি করতে দেবে না ভারত।
ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির আওতায় জিএম পণ্য রফতানির সুযোগ চেয়ে চাপ দিয়ে আসছে আমেরিকা। নির্দিষ্ট কিছু দুগ্ধজাত পণ্যের আমদানি নিয়ন্ত্রণে ভারতের বিধিনিষেধগুলিকেও তারা অশুল্ক বাধা বলে চিহ্নিত করেছে। ২০২৫ সালের মার্চে প্রকাশিত অশুল্ক বাধা সংক্রান্ত রিপোর্টে ইউএসটিআর দুগ্ধজাত পণ্য আমদানির জন্য ভারতের শর্তগুলিকে “অতিরিক্ত কঠিন ও বোঝাস্বরূপ” বলে বর্ণনা করেছিল।
কিরোরি মল কলেজের পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় গোয়েল বলেন, “দুগ্ধক্ষেত্র খুলে দেওয়ার প্রশ্নে আমরা অত্যন্ত সংবেদনশীল। আজ পর্যন্ত আমরা কারও জন্যই দুগ্ধক্ষেত্র খুলে দিইনি। ভারতে কোনও জিএম পণ্য ঢুকতে না দেওয়ার বিষয়েও আমরা সংবেদনশীল। আমরা কখনও তা করতে দিইনি, ভবিষ্যতেও দেব না। আমাদের ধর্মীয় সংবেদনশীলতার বিষয়েও আমরা সচেতন। বিদেশে অনেক সময় দুগ্ধজাত পণ্য তৈরির সময়ে বাছুরের মাংস বা রেনেট ব্যবহার করা হয়। অতীতে আমরা কখনও তা অনুমোদন করিনি, ভবিষ্যতেও করব না। এ বিষয়ে কঠোরভাবে শংসাপত্র দিতে হবে।”
ইউএসটিআরের রিপোর্টে বলা হয়েছিল, ভারতে খাদ্য হিসেবে ব্যবহারের জন্য আমদানি করা দুগ্ধজাত পণ্য এমন পশুর দুধ থেকে তৈরি হতে হবে, যাদের খাদ্যে জাবর-কাটা প্রাণী বা শূকরজাতীয় প্রাণীর অভ্যন্তরীণ অঙ্গ, রক্ত থেকে তৈরি গুঁড়ো কিংবা দেহকলা ব্যবহার করা হয়নি। এই শর্তগুলি পূরণ করা হয়েছে বলে রফতানিকারী দেশগুলিকে শংসাপত্রও দিতে হয়। রিপোর্টটির দাবি, পশু বা মানুষের স্বাস্থ্যরক্ষার দিক থেকে এই শর্তগুলির স্পষ্ট কোনও যৌক্তিকতা পাওয়া যায় না।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।