টানা দু’মাস কর্মহীন থাকলে ফের প্রভিডেন্ট ফান্ডে জমা পুরো টাকা তুলে নেওয়ার আবেদন করা যাবে। একই সঙ্গে, অবসরের পরে পিএফের টাকা নিজের সুবিধেমতো মাসে মাসে, তিন মাস অন্তর বা ছ’মাস অন্তর তোলার প্রস্তাবও অনুমোদন করল কর্মচারী ভবিষ্যনিধি সংস্থার (ইপিএফও) কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ড। বৃহস্পতিবার কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী মনসুখ মাণ্ডবীয়ের সভাপতিত্বে বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

পিএফ থেকে টাকা তোলার দু’টি শর্তে ২০২৫ সালের সিদ্ধান্ত বদল করল বোর্ড। প্রথমত, সদস্যদের পিএফ অ্যাকাউন্টে জমা টাকার অন্তত ২৫ শতাংশ রেখে দেওয়ার শর্ত কমিয়ে ১০ শতাংশ করা হচ্ছে। দ্বিতীয়ত, ২০২৫ সালের অক্টোবরে ঠিক হয়েছিল, অবসরের আগে কেউ কর্মহীন হয়ে পড়লে পিএফের পুরো টাকা তুলতে তাঁকে ১২ মাস অপেক্ষা করতে হবে। সেই মেয়াদ কমিয়ে আগের মতো দু’মাস করা হচ্ছে। তবে পেনশন তহবিল থেকে চূড়ান্তভাবে টাকা তোলার জন্য ন্যূনতম অপেক্ষার মেয়াদ ৩৬ মাসই থাকবে।

অবসরের পরে কী ভাবে টাকা তোলা যাবে

বর্তমানে ৫৮ বছর বয়সে অবসর নেওয়ার সময় ইপিএফও সদস্যরা প্রভিডেন্ট ফান্ডে জমা টাকার পুরোটাই একসঙ্গে তুলে নিতে পারেন। পেনশনের জন্য গণ্য চাকরির মেয়াদ অন্তত ১০ বছর হলে, কর্মচারী পেনশন প্রকল্পের (ইপিএস) আওতায় তাঁরা আলাদা করে মাসিক পেনশনও পেতে পারেন।

বোর্ডের অনুমোদিত ‘সিস্টেম্যাটিক উইথড্রয়াল প্ল্যান’ (এসডব্লিউপি) চালু হলে অবসরপ্রাপ্ত সদস্য নিজের পছন্দমতো কয়েকটি পথ বেছে নিতে পারবেন। চাইলে পিএফের পুরো টাকা অ্যাকাউন্টে রেখে তা থেকে নিয়মিত কিস্তিতে তুলতে পারবেন। চাইলে অবসরের সময় কিছু টাকা এককালীন তুলে বাকি টাকা থেকে কিস্তি নিতে পারবেন। মূলধন রেখে শুধু সুদের টাকা তোলার বিকল্পও প্রস্তাবে রয়েছে। যে টাকা অ্যাকাউন্টে থাকবে, তার উপর ইপিএফের তৎকালীন হারে সুদ জমতে থাকবে।

বৈঠকের পরে শ্রম মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই ব্যবস্থায় অবসরপ্রাপ্তরা নির্দিষ্ট সময় অন্তর হাতে টাকা পাবেন। পাশাপাশি, তহবিলে বাকি টাকার উপর সুদও পাবেন। ফলে পেনশনের পাশাপাশি অবসরজীবনে আয়ের একটি অতিরিক্ত উৎস থাকবে। এই সুবিধা গ্রহণ সম্পূর্ণ স্বেচ্ছাধীন।

কিস্তিতে টাকা নেওয়া শুরু করার পরেও সদস্য যে কোনও সময় এই ব্যবস্থা বন্ধ করে অ্যাকাউন্টে বাকি টাকা একসঙ্গে তুলে নিতে পারবেন। কিস্তি চলাকালীন তাঁর মৃত্যু হলে স্বামী, স্ত্রী বা মনোনীত ব্যক্তি বাকি টাকা একবারে তুলে নিতে পারবেন, অথবা আগের মতোই কিস্তিতে টাকা নিতে পারবেন।

নতুন ব্যবস্থা চালু করতে কর্মচারী ভবিষ্যনিধি প্রকল্পের বিধি সংশোধন করতে হবে। এক আধিকারিক বলেন, “প্রস্তাবটি এ বার আইনি পরীক্ষার জন্য আইন বিষয়ক দফতরে যাবে। তার পরে চূড়ান্ত সংশোধনের জন্য সেটি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকে ফিরবে। তার পরেই বিজ্ঞপ্তি জারি হবে। গোটা প্রক্রিয়ায় প্রায় দু’মাস লাগতে পারে।”

ইপিএফও-র ৫৫ বছরের বেশি বয়সি প্রায় ৬ লক্ষ ৩২ হাজার সদস্যের প্রত্যেকের পিএফ অ্যাকাউন্টে ৫ লক্ষ টাকার বেশি জমা রয়েছে। তাঁরা এই ব্যবস্থায় উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে ইপিএফও-র সদস্যসংখ্যা ৩৪ কোটির বেশি। তাঁদের মধ্যে ৮ কোটিরও বেশি সদস্যের অ্যাকাউন্টে বর্তমানে নিয়মিত টাকা জমা পড়ে। সংস্থার হাতে থাকা অবসর তহবিলের পরিমাণ প্রায় ৩২ লক্ষ কোটি টাকা।

গ্রাহকের বকশিশও জমা পড়তে পারে অবসর তহবিলে

সর্বজনীন সামাজিক সুরক্ষার লক্ষ্যে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরের (ইউএএন) সঙ্গে যুক্ত এমন একটি ব্যবস্থা গড়ার প্রস্তাবও রয়েছে, যার মাধ্যমে কর্মী নিজেই সরাসরি তাঁর অবসর তহবিলে টাকা জমা দিতে পারবেন। অন্য কেউ অল্প পরিমাণ টাকা দিতে চাইলেও তা জমা নেওয়া যাবে। যেমন, কোনও গ্রাহকের দেওয়া বকশিশ কর্মীর তহবিলে জমা পড়তে পারে।

এই ব্যবস্থায় টাকা জমা দেওয়ার জন্য নিয়োগকর্তার বেতন দেওয়ার ব্যবস্থার উপর নির্ভর করতে হবে না। ফলে গিগ কর্মী, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ করেন যাঁরা, গৃহকর্মী এবং অসংগঠিত ক্ষেত্রের অন্য শ্রমিকদের কাছেও অবসরের জন্য সঞ্চয়ের সুযোগ পৌঁছতে পারে।

মন্ত্রক জানিয়েছে, অনুমোদন পাওয়ার পর ইপিএফ প্রকল্পে প্রয়োজনীয় সংশোধনের বিজ্ঞপ্তি জারি হবে। এর সঙ্গে সঙ্গতি রেখে আয়কর আইন সংশোধনের প্রস্তাব নিয়েও অর্থ মন্ত্রকের সঙ্গে আলোচনা চলছে।

নতুন জমার ৩ শতাংশ পর্যন্ত বিকল্প তহবিলে বিনিয়োগের প্রস্তাব

ইপিএফও-র তহবিলে নতুন করে যে টাকা জমা পড়বে, তার সর্বোচ্চ ৩ শতাংশ নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডে (এআইএফ) বিনিয়োগের প্রস্তাবেও নীতিগত অনুমোদন দিয়েছে বোর্ড। বিনিয়োগের সামগ্রিক ঊর্ধ্বসীমার মধ্যেই এই টাকা খাটানো হবে। প্রথম পর্যায়ে বিনিয়োগ হবে সরকারি সমর্থনপ্রাপ্ত সংস্থার মাধ্যমে।

আপাতত নজরে রয়েছে ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড (এনআইআইএফ) সরাসরি পরিচালনা করে, এমন সরকারি উদ্যোগে গড়া তহবিলগুলি। এ ছাড়াও রয়েছে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (সিডবি) পরিচালিত ‘স্টার্টআপ ইন্ডিয়া ফান্ড অফ ফান্ডস ২.০’ প্রকল্প।

এ বছরের সেপ্টেম্বরে শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য প্রসার দফতরের (ডিপিআইআইটি) সচিব ইপিএফও-কে চিঠি দিয়েছিলেন। যৌথ বিনিয়োগ বা তহবিলে সরাসরি অর্থ দেওয়ার মাধ্যমে স্টার্টআপ প্রকল্পটিতে যোগ দেওয়া যায় কি না, তা খতিয়ে দেখতে বলা হয়েছিল। এ ক্ষেত্রে ইপিএফও-র বিনিয়োগবিধি মেনে প্রয়োজনীয় অনুমোদন নিতে হবে।

এআইএফ হল ভারতে ট্রাস্ট, কোম্পানি, সীমিত দায়বদ্ধতার অংশীদারি সংস্থা বা অন্য কোনও নিগমিত সংস্থা হিসেবে গঠিত তহবিল। এটি ভারতীয় বা বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে ব্যক্তিগত চুক্তির ভিত্তিতে টাকা সংগ্রহ করে এবং তাঁদের স্বার্থে পূর্বনির্ধারিত নীতি মেনে তা বিনিয়োগ করে। সেবির ১৯৯৬ সালের মিউচুয়াল ফান্ড বিধি, ১৯৯৯ সালের যৌথ বিনিয়োগ প্রকল্পের বিধি বা সেবির অন্য কোনও বিধির আওতাভুক্ত তহবিল এই সংজ্ঞার বাইরে।

কর্মচারীদের আমানত-সংযুক্ত বিমা প্রকল্পেও (ইডিএলআই, ২০২৬) সংশোধন অনুমোদন করেছে বোর্ড। এর ফলে প্রকল্প থেকে অব্যাহতি সংক্রান্ত পুরনো, অমীমাংসিত আবেদনগুলির নিষ্পত্তি সহজ হবে। যে সব যোগ্য প্রতিষ্ঠানের অব্যাহতির মেয়াদ ফুরিয়েছে, তারা তা পুনর্নবীকরণের জন্য ছ’মাস সময় পাবে। নথি যাচাই করে মধ্যবর্তী যে সময়কাল স্বীকৃত হবে, সেই সময়ের প্রদেয় চাঁদা, সুদ ও জরিমানাতেও ছাড় মিলবে।