জলবায়ু সংকটের দুরন্ত গতি যদি তুরস্কে চলা রাষ্ট্রপুঞ্জের জলবায়ু সম্মেলনে দেশগুলিকে পদক্ষেপ করতে উদ্বুদ্ধ করার পক্ষে যথেষ্ট না হয়, তা হলে সেই সংকটের ধ্বংসলীলা আরও বাড়িয়ে দিতে হাজির হয়েছে আর এক বড় বিপদ—অন্তত এক হাজার বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী এল নিনো।
এল নিনো একটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা। কয়েক বছর অন্তর পূর্ব প্রশান্ত মহাসাগরের জল উষ্ণ হয়ে ওঠে। তার প্রভাব সাময়িক হলেও ছড়িয়ে পড়ে গোটা পৃথিবীতে। এ বারের এল নিনোর তীব্রতা এতটাই যে তাকে বলা হচ্ছে ‘হতবাক করে দেওয়ার মতো’। এর ফলে কপ৩১ সম্মেলনে বিপন্ন দেশগুলির জন্য জলবায়ু অর্থায়ন নিয়ে দরকষাকষি আরও জরুরি হয়ে উঠেছে। কারণ, পরিস্থিতি সামাল দিতে এই দেশগুলিকে ইতিমধ্যেই হিমশিম খেতে হচ্ছে।
বিশ্বজুড়ে আবহাওয়ার স্বাভাবিক ছন্দ বদলে যাওয়ায় ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল ও ফসলহানি, আমেরিকার উপকূলে প্লাবন, সুদানে তীব্র খরা এবং ইকুয়েডর ও সোমালিয়া-সহ বিভিন্ন দেশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থার মহাসচিব সেলেস্তে সাউলো বলেছেন, “আমরা আবহাওয়ার চরম ঘটনাগুলিকে আরও শক্তিশালী করে তুলছি। এল নিনো সেই ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেবে।”
প্রশান্ত মহাসাগরের ছোট প্রবালদ্বীপ রাষ্ট্র মার্শাল দ্বীপপুঞ্জ খরায় বিপর্যস্ত। জলের জন্য দেশটি মূলত বৃষ্টির উপর নির্ভরশীল। সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশের জলবায়ুবিষয়ক দূত ক্যাথি জেটনিল-কিজিনার বলেছেন, “এক সংকটের সঙ্গে আর এক সংকট যোগ হচ্ছে। আমরা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি, কিন্তু খরা ইতিমধ্যেই আঘাত হেনেছে। তার উপর সমুদ্রের জলস্তর বৃদ্ধির মোকাবিলাও করতে হচ্ছে, যা আমাদের ঘরবাড়ি ও পানীয় জলকে বিপন্ন করছে।”
গত বছর ধনী দেশগুলি জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য দরিদ্র দেশগুলিকে দেওয়া অর্থ তিন গুণ করতে সম্মত হয়েছিল। বন্যা, তাপপ্রবাহ, দাবানল এবং জলবায়ু পরিবর্তনের অন্য ক্ষতিকর প্রভাবের মুখে এই দেশগুলিই সবচেয়ে অসহায়। অথচ ২০৩৫ সালের মধ্যে বছরে যে ৩০ হাজার ৫০০ কোটি ডলার প্রয়োজন হবে, তার সামান্য অংশই এখন পৌঁছচ্ছে। জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে ধনী দেশগুলি ধারাবাহিক ভাবে পিছিয়ে রয়েছে।
আগামী বছরে এল নিনোর ক্ষয়ক্ষতি বাড়ার সঙ্গে সঙ্গে এই অর্থের ঘাটতির অভিঘাতও আরও তীব্র হবে। জেটনিল-কিজিনার বলেছেন, “এটা অত্যন্ত হতাশাজনক। জলবায়ু পরিবর্তন ঘটানোর পিছনে যেসব দেশের দায় সবচেয়ে কম, তাদেরই এমন খরচের বোঝা বইতে হচ্ছে, যা বহন করার সামর্থ্য তাদের নেই।”
তিনি আরও বলেন, “এই এল নিনো চাপ বাড়াচ্ছে, আর পরিস্থিতি মোকাবিলার ক্ষমতা আমাদের সীমিত। অভিযোজন এবং ক্ষয়ক্ষতি সামাল দিতে আমাদের আরও অনেক অর্থ প্রয়োজন—এখন যা পাচ্ছি, তার চেয়ে কয়েকশো কোটি ডলার বেশি। ওরা [ধনী দেশগুলি] বলে, টাকা নেই। অথচ টাকা যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তায়, যাচ্ছে সামরিক খাতে। শুধু জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় যাচ্ছে না।”
ডিসেম্বরে এল নিনো সর্বোচ্চ তীব্রতায় পৌঁছলে একের পর এক সংকট আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে। তার রেশ চলবে গোটা পরের বছর। এল নিনোর বাড়তি উত্তাপের জেরে আগামী বছরটি নথিভুক্ত ইতিহাসের উষ্ণতম বছর হতে চলেছে বলেই প্রায় নিশ্চিত মনে করা হচ্ছে। স্থলভাগে দেখা দেবে তাপপ্রবাহ, ফসলের ঘাটতি এবং কোথাও অতিরিক্ত, কোথাও অতি সামান্য বৃষ্টি। অন্য দিকে, সমুদ্রের অতিরিক্ত তাপে প্রবাল বিবর্ণ হয়ে সাদা হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
জলবায়ুবিজ্ঞানী এবং ক্লাইমেট অ্যানালিটিক্সের প্রধান নির্বাহী বিল হেয়ার বলেছেন, “এটা মোটেই হালকা করে দেখার বিষয় হবে না। মনে হবে যেন বিশ্ব উষ্ণায়নের গতি হঠাৎ বেড়ে গিয়েছে। খাদ্য, জল ও খরার সঙ্গে যুক্ত আরও মানবিক বিপর্যয় ঘটবে—এমনটাই ধরে নিতে হবে। কিছু জায়গায় দেখা দেবে চরম বন্যা। বিপদের ব্যাপকতা যথাযথ ভাবে উপলব্ধি করা হচ্ছে বলে মনে হচ্ছে না।”
রাষ্ট্রপুঞ্জের আধিকারিকেরা বিশেষ করে পূর্ব আফ্রিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। সেখানে খরা আরও তীব্র হলে আরও বেশি মানুষকে ঘরছাড়া হতে হবে। রাষ্ট্রপুঞ্জের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের দফতর, ইউএনএইচসিআর-এর পূর্বাভাস, এই এল নিনোর কারণে শুধু চারটি দেশেই—কেনিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান ও উগান্ডা—বাস্তুচ্যুতির ঘটনা ৩০ লক্ষ পর্যন্ত পৌঁছতে পারে।
ইউএনএইচসিআর-এর সহকারী হাইকমিশনার আন্তোন লেইস গার্সিয়া বলেছেন, “আমরা অত্যন্ত উদ্বিগ্ন। কারণ, এ বছরের এল নিনো সম্পর্কে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, তা এখনও পর্যন্ত সবচেয়ে ভয়াবহ।”
তিনি আরও বলেন, “পৃথিবীর বহু জায়গায় মানুষ বাধ্য হয়ে ঘর ছাড়ছেন। কিন্তু একটি অঞ্চলকে যদি বিশেষ করে দেখতে হয়, তা হলে সেটি হবে আফ্রিকার শৃঙ্গ অঞ্চলের পূর্বাংশ। কেনিয়ায় ভুট্টার উৎপাদন ইতিমধ্যেই ৪০ শতাংশ কমে যাচ্ছে। তার অর্থ, সেখানে আসা শরণার্থীদের জন্য খাবার কম থাকছে এবং আরও শরণার্থীকে আশ্রয় দেওয়ার ক্ষমতাও কেনিয়ার কমে যাচ্ছে।”
কপ৩১ সম্মেলনে জলবায়ু আন্দোলনের কর্মীরা বলেছেন, চোখের সামনে ঘনীভূত হতে থাকা এই জরুরি পরিস্থিতির মোকাবিলায় দেশগুলিকে দ্রুত পদক্ষেপ করতে হবে।
কেনিয়ার গবেষণা ও নীতিবিশ্লেষণ সংস্থা পাওয়ার শিফট আফ্রিকার প্রতিষ্ঠাতা মহম্মদ আদাও বলেছেন, “জলবায়ু সংকটের মধ্যে যাঁরা বেঁচে আছেন, তাঁদের পক্ষে আরও এক দফা কূটনৈতিক প্রতিশ্রুতির জন্য অপেক্ষা করা সম্ভব নয়।”
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।