কয়লা ও গ্যাস রফতানি নিয়ে অস্ট্রেলিয়ার সরকারের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিটির দ্বারস্থ হয়েছেন এক আদিবাসী জলবায়ু আন্দোলনকর্মী। কপ সম্মেলনে গ্রেটা থুনবার্গের পাশে দাঁড়িয়ে তাঁর দাবি, প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ এ বার “কথা বলা বন্ধ করে শুনতে শুরু করুন”।

সংবাদমাধ্যমের ভিড়ের সামনে ঐতিহ্যবাহী পোশাকে দাঁড়িয়ে গুডানজি ও ওয়াকায়া জনগোষ্ঠীর বংশানুক্রমিক ভূমি-অধিকারী রিকি ড্যাঙ্ক আবেগপূর্ণ আবেদন জানান অ্যালবানিজের কাছে। তাঁর বক্তব্য, অস্ট্রেলিয়ার মানুষ যখন বলছেন, “আর কোনও নতুন কয়লা, তেল ও গ্যাস প্রকল্প নয়”, তখন প্রধানমন্ত্রীর উচিত তাঁদের কথা শোনা।

কপ৩১-এর উদ্বোধনী পর্বে দেওয়া গুরুত্বপূর্ণ ভাষণে ‘জীবাশ্ম জ্বালানি’ কথাটিই উচ্চারণ না করায় সমালোচনার মুখে পড়েছেন অ্যালবানিজ। বৃহস্পতিবার তিনি নিজের ভাষণের পক্ষে সওয়াল করেন।

তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত দু’সপ্তাহের কপ৩১ সম্মেলনের আলোচনায় সভাপতিত্ব করছে অস্ট্রেলিয়া। দুই আয়োজক দেশের অন্যতম প্রধান চেষ্টা হল ‘৩৫ বাই ৩৫’ অঙ্গীকারের পক্ষে সমর্থন আদায় করা। লক্ষ্য, ২০৩৫ সালের মধ্যে চূড়ান্ত ব্যবহারকারীদের মোট জ্বালানি চাহিদার ৩৫ শতাংশ বিদ্যুৎ দিয়ে পূরণ করা।

পাশাপাশি রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস এবং কয়েকটি দেশ চাইছে, গত বছরের কপ সভাপতি ব্রাজিলের একটি প্রস্তাবও এগিয়ে নিয়ে যাক দুই আয়োজক। সেই প্রস্তাবে দেশগুলিকে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার রূপরেখা তৈরির কথা বলা হয়েছে।

কপ৩১-এর বিশাল সংবাদমাধ্যম কেন্দ্রের এক কোণে ঠাসাঠাসি করে দাঁড়িয়েছিলেন থুনবার্গ। তাঁর দু’পাশে ছিলেন ড্যাঙ্ক ও অন্য জলবায়ু আন্দোলনকর্মীরা। তাঁদের মধ্যে ছিলেন নেপালের এক সাংসদও। অগস্টে হিমবাহ ধসে পড়ার পর যে ভূমিধসে দেড় হাজারের বেশি মানুষ মারা যান, সেই বিপর্যয়ে তিনি উদ্ধারকাজে সাহায্য করেছিলেন।

থুনবার্গ বলেন, “এই ধরনের জায়গায় এসে আগের যে কোনও সময়ের চেয়ে আরও স্পষ্ট হয়ে যায়, পরিস্থিতি কতখানি নিয়ন্ত্রণের বাইরে। পৃথিবী মারা যাচ্ছে না, তাকে মেরে ফেলা হচ্ছে।

“আর কারা তা করছে, আমরা জানি। যাঁদের প্রায়ই আমাদের উদ্ধারকর্তা বলে মনে করা হয়, তাঁরাই পৃথিবীকে মেরে ফেলছেন।”

জলবায়ু সঙ্কট মোকাবিলায় অস্ট্রেলিয়ার পদক্ষেপের ধীর গতি নিয়ে যে সমালোচনা হচ্ছে, তিনি তার সঙ্গে একমত কি না, জানতে চাওয়া হয় থুনবার্গের কাছে। উপস্থিত জনতাকে তিনি বলেন, “এমনকি একটা শামুকও এর সঙ্গে একমত হবে।

“এ তো সাধারণ বুদ্ধির কথা। এর চেয়ে স্পষ্ট আর কী হতে পারে?”

থুনবার্গের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে অ্যালবানিজ জলবায়ু প্রশ্নে অস্ট্রেলিয়ার উদ্যোগগুলিকেই সামনে আনার চেষ্টা করেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমি অবশ্য মন্তব্যটি দেখিনি। তবে নিজের মত প্রকাশের অধিকার তাঁর রয়েছে।

“আমরা উল্লেখযোগ্য হারে হ্রাস ঘটানোর জন্য বাস্তবসম্মত পরিকল্পনা পেশ করছি।”

‘পানীয় জল বিষিয়ে দেওয়া হচ্ছে’

রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিটির কাছে অভিযোগ জানিয়েছেন যে দশ জন অস্ট্রেলীয়, ড্যাঙ্ক তাঁদেরই একজন। ‘হার্ড ট্রুথস’ নামে পরিচিত এই মামলার অভিযোগ, জলবায়ু পরিবর্তন ঘটায় এমন দূষণ থেকে তাঁদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে অস্ট্রেলিয়ার সরকার। এর মধ্যে রয়েছে বিপুল পরিমাণ কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি রফতানি থেকে সৃষ্ট দূষণও। এই দুই জ্বালানি রফতানিতে অস্ট্রেলিয়া বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলির অন্যতম।

এই মামলার সঙ্গে যুক্ত আইনজীবীরা আশা করছেন, আগামী আঠারো মাসের মধ্যে নিষ্পত্তি হতে পারে। কমিটির ঘোষণা আইনগত ভাবে বাধ্যতামূলক নয়। তা সত্ত্বেও সরকারের বিরুদ্ধে সিদ্ধান্ত হলে তা বড় অস্বস্তির কারণ হবে এবং রাজনৈতিক ভাবেও তার যথেষ্ট গুরুত্ব থাকবে।

ড্যাঙ্ক বলেন, “আমরা যখন এখানে কথা বলছি, তখনও আমার পৈতৃক ভূমিতে ফ্র্যাকিং চলছে, আমাদের পানীয় জল বিষিয়ে দেওয়া হচ্ছে, আমাদের ইতিহাস মুছে ফেলা হচ্ছে।”

তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রীর “কথা বলা বন্ধ করে সারা বিশ্বের আমাদের ভাইবোনদের কথা শোনা দরকার। তাঁরা বলছেন, তাঁরা চান না আমরা কয়লা, তেল বা গ্যাস রফতানি করি, আর তার সঙ্গে রফতানি করি জলবায়ুর ক্ষতিও।”

বৃহস্পতিবার কপ৩১-এর মূল কর্মসূচির বাইরে বাংলাদেশ ও লেবাননের প্রতিনিধিদের, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতাদের এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করেন অ্যালবানিজ।

বুধবার তাঁর পূর্বনির্ধারিত ছ’মিনিটের ভাষণে ‘জীবাশ্ম জ্বালানি’ শব্দবন্ধটি না থাকায় সমালোচনা হয়েছিল।

অ্যালবানিজ বলেন, “ওটা একটা সংক্ষিপ্ত ভাষণ ছিল। সেখানে কোন কোন বিষয় ছিল না, চাইলে তার অনেক কিছুই বেছে বার করা যায়।”

তাঁর দাবি, ভাষণটি ছিল “যথাযথ”। সমুদ্রের জলস্তর বৃদ্ধি-সহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবের উপরেই তিনি জোর দিয়েছিলেন।

প্যাসিফিক রেজিলিয়েন্স ফেসিলিটির একটি বৈঠকের আগে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েক জন নেতার পাশে দাঁড়িয়ে তিনি বলেন, “প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আমার বন্ধুরা ভাষণটিকে ভাল ভাবেই গ্রহণ করেছেন।”

জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং বিপর্যয়ের পরে ঘুরে দাঁড়াতে ওই অঞ্চলকে সাহায্য করার জন্য এই তহবিল তৈরি করা হয়েছে। এটি গড়ে তোলা হয় অস্ট্রেলিয়ার দেওয়া ১০ কোটি ডলার দিয়ে।

ওই তহবিলের একটি উন্মুক্ত বৈঠকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতা ও সহায়তাকারী দেশগুলির প্রতিনিধিদের উপস্থিতিতে জনহিতৈষী, খনি ব্যবসায়ী ধনকুবের এবং জলবায়ু প্রশ্নে সরব অ্যান্ড্রু ফরেস্ট জানান, তাঁর মিন্ডারু ফাউন্ডেশনও ৫০ লক্ষ ডলার অনুদান দিয়েছে।

দ্বীপরাষ্ট্রগুলির নেতাদের উদ্দেশে তিনি বলেন, “প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলির উপর ভয়াবহ অবিচার চাপিয়ে দেওয়া হচ্ছে। অথচ এর জন্য আপনাদের দায়ই সবচেয়ে কম।”