জলবায়ু সংকট মোকাবিলায় সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে না পারলে ‘আমাদের চেনা পৃথিবী আর থাকবে না’—এমনই সতর্কবার্তা দিলেন বিপন্ন মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট। তুরস্কে কপ৩১ জলবায়ু সম্মেলনে কয়েক ডজন দেশের শীর্ষনেতার সমাবেশে এই হুঁশিয়ারি শোনা গেল।

বুধবার কপ৩১-এ আবেগমথিত বক্তব্য রাখেন প্রশান্ত মহাসাগরীয় কয়েকটি দ্বীপরাষ্ট্রের নেতা। তাঁদের অন্যতম হিল্ডা হাইনে অন্য রাষ্ট্রনেতাদের বলেন, প্যারিস চুক্তিতে নির্ধারিত উষ্ণতা বৃদ্ধির ১.৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা পেরিয়ে যাওয়ার অর্থ, সমুদ্রের ঢেউ তাঁদের উপকূল গ্রাস করবে; বন্যা ধ্বংস করবে শহর, স্কুল ও হাসপাতাল।

নিজের দ্বীপের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। জুলাই মাসেও জলের নীচে যে প্রবালকে উজ্জ্বল, প্রাণবন্ত দেখেছিলেন, মাত্র কয়েক মাসের মধ্যেই তা বিবর্ণ হয়ে সাদা হয়ে গিয়েছে।

হাইনে বলেন, “এ বার জেগে ওঠার সময় হয়েছে। তাপমাত্রার সীমা অতিক্রমের এই বিপদ মোকাবিলায় আমাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। তা না হলে আমাদের চেনা পৃথিবী আর থাকবে না।”

বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া মটলিও সেই সব সরকারের সমালোচনা করেন, যারা প্যারিস চুক্তির পর থেকে নির্গমন কমাতে “যথেষ্ট চেষ্টা করেনি”।

তিনি বলেন, “রাষ্ট্রপুঞ্জ আমাদের জানাচ্ছে, প্রতিটি প্রতিশ্রুতি পূরণ হলেও আমরা ২.৬ ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির দিকে এগোচ্ছি। আর বর্তমান নীতি চলতে থাকলে আমরা গিয়ে পৌঁছব ২.৮ ডিগ্রিতে।”

“স্পষ্ট করে বলি: নির্ধারিত সীমা পেরিয়ে যাওয়াটা কোনও নতুন লক্ষ্য নয়। এটা ঋণ—উত্তাপের ঋণ, আমাদের সন্তানদের ভবিষ্যৎ বন্ধক রেখে নেওয়া ঋণ। এবং সেই ঋণ শোধ করতেই হবে।”

কপ৩১-এর তৃতীয় দিনে বিশ্বনেতাদের শীর্ষসম্মেলনের উদ্বোধনে আবেগপূর্ণ বক্তৃতার ফাঁকে ফাঁকে ছিল তুরস্কের প্রাণবন্ত গান ও নাচের অনুষ্ঠান।

রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস দায়ী করেন জীবাশ্ম জ্বালানি শিল্পের প্রতারণা এবং সেই সব দেশকে, যারা “১.৫ ডিগ্রির লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ বলে দাবি করেও জীবাশ্ম জ্বালানির উৎপাদন বাড়িয়ে চলেছে”। আলোচনায় গতি আনতেই তাঁর এই তীব্র আক্রমণ। জলবায়ু রক্ষায় বরাবর সরব গুতেরেস আগামী মাসে দায়িত্ব ছাড়ার আগে মহাসচিব হিসেবে যে শেষ কয়েকটি ভাষণ দেবেন, এটি তার অন্যতম।

গুতেরেস বলেন, “আমাদের কাজের গতি অভূতপূর্ব হারে বাড়াতে হবে। আমাদের গ্রহ উত্তপ্ত হচ্ছে। হাতে সময় ফুরিয়ে আসছে। এখনই ব্যবস্থা নিন, নইলে তাপে পুড়ুন।”

তিনি আরও বলেন, “জীবাশ্ম জ্বালানিকেও ডাইনোসরের মতো বিলুপ্ত হতে হবে। আর সেটা নিজে থেকে ঘটবে না। ডাইনোসরদের পক্ষে তদবির করার কেউ ছিল না—জীবাশ্ম জ্বালানির আছে।”

গুতেরেসের অভিযোগ, তেল ও গ্যাস সংস্থাগুলি বিজ্ঞানের বক্তব্য বিকৃত করেছে এবং জলবায়ু সংকটের মোকাবিলায় পদক্ষেপ পিছিয়ে দিয়েছে। ইরান যুদ্ধ থেকে তারা যে বিপুল অতিরিক্ত মুনাফা করেছে, তার উপর বিশেষ কর বসানোর দাবি জানান তিনি।

করতালির মধ্যে তিনি বলেন, “এই অভ্যাস ছাড়ার, জীবাশ্ম জ্বালানির নেশা কাটানোর সময় এসেছে। সরকারগুলির উচিত এই অস্বাভাবিক মুনাফার উপর কর বসিয়ে সেই অর্থ বিপন্ন দেশগুলিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করার কাজে লাগানো। দূষণকারীদের মূল্য চোকাতেই হবে।”

এ বারের কপ আয়োজনের ব্যবস্থাটি কিছুটা ব্যতিক্রমী। অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথভাবে সম্মেলন আয়োজন করছে তুরস্ক। দুই দেশের নেতা—রিসেপ তাইপ এরদোয়ান ও অ্যান্টনি আলবানিজি—দু’জনেই এই অংশীদারির প্রশংসা করেন।

এরদোয়ান বলেন, তিনি চান জলবায়ু সংকট মোকাবিলায় এক মোড় ঘোরানো মুহূর্ত হিসেবে কপ৩১ স্মরণীয় হয়ে থাকুক। দেশগুলিকে শুধু প্রতিশ্রুতি না দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, “প্যারিস চুক্তির লক্ষ্য পূরণে প্রতি মিনিটের ব্যর্থতার সঙ্গে আমাদের সামনে ঝুঁকি ও খরচ বেড়েই চলেছে।” অথচ সোমবার সম্মেলনকক্ষের বাইরে সেই এরদোয়ানই দু’টি নতুন তেলক্ষেত্র আবিষ্কার উদ্‌যাপন করেছেন। সেখানে ভূগর্ভে আনুমানিক ১৩ কোটি ৫০ লক্ষ ব্যারেল তেল থাকার সম্ভাবনা রয়েছে।

বিশ্বনেতাদের সামনে দেওয়া ভাষণে হাইনে বলেন, প্রতিটি নতুন তেলকূপ খনন এবং প্রতিটি কয়লাখণ্ড উত্তোলন তাঁর দেশের ভবিষ্যতের জন্য হুমকি। কোনও নির্দিষ্ট তেল বা গ্যাস উৎপাদক দেশের নাম না করেই তিনি যোগ করেন, “নতুন জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার আবিষ্কার উদ্‌যাপনের বিষয় নয়, আতঙ্কের বিষয়।”

আলবানিজি এই সম্মেলনকে অস্ট্রেলিয়ার জন্য এক “ঐতিহাসিক মুহূর্ত” বলে বর্ণনা করেন। অস্ট্রেলিয়া বিশ্বের বৃহত্তম কয়লা ও তরলীকৃত গ্যাস রফতানিকারক দেশগুলির অন্যতম। আলবানিজি বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় পদক্ষেপ করার “গুরুদায়িত্ব” রয়েছে সরকারগুলির। কিন্তু তাঁর ভাষণে জীবাশ্ম জ্বালানির উল্লেখ না থাকায় তিনি সমালোচিত হন।

বিশ্বনেতাদের এই সমাবেশে উপস্থিতির ছবিটা তুলনায় ম্লান। রাষ্ট্রপুঞ্জের হিসাবে ৯১ জন জাতীয় নেতা উপস্থিত থাকলেও, মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প এবং চিনের শি জিনপিংয়ের মতো প্রধান নেতারা অনুপস্থিত। আরও তাৎপর্যপূর্ণ হতে পারে এই বিষয়টি যে, সম্মেলনে না-আসা অন্য কয়েক জন নেতা—ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎস-সহ—পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে একটি সম্মেলনে যোগ দিতে আয়ারল্যান্ড যাচ্ছেন।

কপ৩১-এ অংশগ্রহণকারী প্রায় প্রতিটি দেশই নির্গমন কমানোর কাজে পিছিয়ে রয়েছে। প্রবল তাপপ্রবাহ, বন্যা, দাবানল এবং জলবায়ু পরিবর্তনে আরও ভয়াবহ হয়ে ওঠা অন্যান্য দুর্যোগে সবচেয়ে বিপন্ন দেশগুলির জন্য অর্থের জোগানও অপর্যাপ্ত।

পৃথিবী দ্রুত ১.৫ ডিগ্রির সীমা অতিক্রমের দিকে ছুটছে। একই সঙ্গে ইতিহাসের অন্যতম শক্তিশালী এল নিনোর তীব্র প্রভাবের মুখে পড়তে চলেছে বিশ্ব। অথচ গ্রহকে উত্তপ্ত করে তোলা জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার প্রশ্নে এই আলোচনায় আরও কোনও অগ্রগতি হবে, এমন লক্ষণ প্রায় নেই।

জলবায়ুবিজ্ঞানী এবং ক্লাইমেট অ্যানালিটিক্সের প্রধান নির্বাহী বিল হেয়ার বলেন, “এখানে বিজ্ঞানীমহলে এক ধরনের আতঙ্ক টের পাচ্ছি।” ক্রান্তীয় বর্ষাবন এবং পৃথিবীর বরফে ঢাকা অঞ্চল নিয়ে গবেষণা করেন এমন বিজ্ঞানীদের সঙ্গে উদ্বেগপূর্ণ কথোপকথনের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

“বিজ্ঞানীদের মনোভাব ক্রমেই আরও হতাশায় ঢেকে যাচ্ছে। বস্তুত, অনেকেই বলছেন, তাঁদের মনে হচ্ছে পরিস্থিতি যেন আরও পিছিয়ে গিয়েছে।”

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে ছোট দ্বীপরাষ্ট্রগুলির অস্তিত্বই বিপন্ন। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১.৫ ডিগ্রি ছাড়িয়ে গেলে যে দেশগুলি সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে, তার মধ্যে রয়েছে এই দেশগুলিও। রাষ্ট্রপুঞ্জের পরিবেশ কর্মসূচির মূল্যায়ন অনুযায়ী, ওই সীমা অতিক্রম এখন অনিবার্য। তাদের সতর্কবার্তা, পৃথিবীর বরফে ঢাকা অঞ্চলগুলির উপর এর প্রভাব এতটাই বিপর্যয়কর হবে যে, সীমা অতিক্রমের মাত্রা এবং তার স্থায়িত্ব—দু’টোই যতটা সম্ভব কম রাখতে হবে।

অন্যান্য বিশ্বনেতাও একাধিক সংকটে জর্জরিত এই মুহূর্তের জরুরি প্রয়োজনগুলির উপর জোর দেন। তাঁদের বক্তব্য, বহুপাক্ষিক সহযোগিতাকে এ বার বাস্তবে ফল দিতে হবে।

উত্তর মেসিডোনিয়ার প্রেসিডেন্ট গর্দানা সিলিয়ানভস্কা-দাভকোভা বলেন, “আমরাই প্রথম প্রজন্ম, যারা নিজেদের সিদ্ধান্তের পরিণতি সম্পূর্ণভাবে বুঝতে পারছি—এবং সম্ভবত আমরাই শেষ প্রজন্ম, যাদের হাতে এখনও পথ বদলানোর সময় রয়েছে। আমাদের সিদ্ধান্তের পরিণতি নিয়েই ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচতে হবে।”

স্লোভেনিয়ার প্রেসিডেন্ট নাতাশা পির্ৎস মুসার বলেন, “আমরা যদি এ ব্যাপারেও একমত হতে না পারি তাহলে আর কোন ইস‍্যুতে ঐক‍্যবদ্ধ হব?"