কপ৩১-এ মূল চুক্তিটি সই হয়নি। আন্তর্জাতিক জলবায়ু কূটনীতির বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের মতে, এর ফলে স্পষ্ট হয়ে গিয়েছে যে রাষ্ট্রপুঞ্জের জলবায়ু সম্মেলনে সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি বদলানো দরকার।
আন্টালিয়ার এই সম্মেলনের যৌথ সভাপতি ছিল তুরস্ক ও অস্ট্রেলিয়া। সেখানে একটি বড় চুক্তি হওয়ার কথা ছিল। সেই চুক্তি হলে বিশ্ব জুড়ে জলবায়ু রক্ষার দাবি আরও জোর পেত। জলবায়ু সঙ্কটে সবচেয়ে বিপন্ন দেশগুলির পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিও তাতে থাকত।
কিন্তু এই সম্মেলনে সর্বসম্মতি ছাড়া কোনও সিদ্ধান্ত নেওয়া যায় না। শেষ পূর্ণাঙ্গ অধিবেশনে নানা দেশ নিজের নিজের অবস্থানে অনড় হয়ে পড়ে, আর সেখানেই আটকে যায় ‘আন্টালিয়া চুক্তি’। মূল সিদ্ধান্তের চূড়ান্ত খসড়া দেখে বহু দেশ ক্ষুব্ধ হয়। তাদের অভিযোগ, জলবায়ু সঙ্কট যে গুরুত্ব দাবি করে, খসড়াটি তার ধারেকাছেও পৌঁছয়নি। ‘জীবাশ্ম জ্বালানি’ কথাটা পর্যন্ত তাতে ছিল না। অনেকের মতে, তেল-উৎপাদক দেশগুলিকে খুশি রাখতেই শব্দটি বাদ দেওয়া হয়।
আমেরিকার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও জলবায়ু আন্দোলনকর্মী অ্যাল গোর কপ৩১-এর ব্যর্থতাকে ‘লজ্জাজনক’ বলেছেন। তাঁর মতে, এই প্রক্রিয়ার বড়সড় সংস্কার এখন জরুরি। তিনি বলেন, “বিশ্বনেতারা আর ন্যূনতম সাধারণ মতে সন্তুষ্ট থাকতে চান না। জীবাশ্ম জ্বালানি থেকে ন্যায্য উত্তরণ কার্যকর করতে আর তার জন্য অর্থ জোগাতে তাঁরা বাস্তব পদক্ষেপ চান। কপ প্রক্রিয়ার যে বড় সংস্কার দরকার, তা বহু বছর ধরেই স্পষ্ট।” গোর আরও বলেন, বেশির ভাগ দেশই আন্টালিয়ায় এসেছিল ‘সৎ উদ্দেশ্যে’, এগিয়ে যাওয়ার জন্য। তাঁর কথায়, “সেই নেতাদের হাতে এমন এক নতুন বহুপাক্ষিক প্রক্রিয়া তুলে দেওয়ার সময় এসেছে, যা সাম্প্রতিকতম বিজ্ঞানকে মান্যতা দেবে এবং বিশ্বের অধিকাংশ মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটাবে।”
চুক্তি ভেস্তে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মুখ খোলেন কপ৩১-এর যৌথ সভাপতি, অস্ট্রেলিয়ার জলবায়ু মন্ত্রী ক্রিস বোয়েন। তিনি বলেন, “সমস্যার মূলে আছে একটা কথা। কপ যখন তৈরি হয়েছিল, তখন সিদ্ধান্ত নেওয়ার একমাত্র উপায় রাখা হয়েছিল সর্বসম্মতি। এর কারণ আমি বুঝি। কিন্তু এটা খুব কঠিন শর্ত, বিশেষ করে যখন সর্বসম্মতির নিয়ম বদলাতেও সর্বসম্মতি লাগে। এটাই বিশেষ চ্যালেঞ্জ।” তিনি জানান, কপ৩১-এ কাজ দ্রুত করার জন্য কিছু সংস্কার আনার চেষ্টাও হয়েছিল।
রাষ্ট্রপুঞ্জের প্রধান জলবায়ু আলোচক সাইমন স্টিয়েল অবশ্য সর্বসম্মতির পদ্ধতির পক্ষেই কথা বলেছেন। তাঁর যুক্তি, ২০১৫ সালের প্যারিস চুক্তি এই পদ্ধতিতেই হয়েছিল। তার জেরে শতাব্দীর শেষে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস থেকে নেমে ২.৬ ডিগ্রিতে এসেছে। তবে আলোচনা শেষ হওয়ার মুখে তিনিও মেনে নেন যে, আন্টালিয়ায় সর্বসম্মতির পদ্ধতি কাজ করেনি। স্টিয়েল জানান, রাষ্ট্রপুঞ্জের জলবায়ু কনভেনশনের মধ্যেই তিনি একটি পর্যালোচনা প্রক্রিয়ার পক্ষে সওয়াল করছেন। সেখানে ‘কোন কোন ক্ষেত্রে সংস্কার সম্ভব’, তা নিয়ে বাইরের বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে।
পটসডাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইমপ্যাক্ট রিসার্চের অধিকর্তা ইয়োহান রকস্ট্রোমের মতে, কপ-কে এখন “এমন প্রতিশ্রুতি আর অঙ্গীকার নিয়ে দর কষাকষি, যা আমরা কোনও দিন পূরণ করি না” থেকে সরে আসতে হবে। নজর দিতে হবে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা হচ্ছে কি না এবং তা কতটা কার্যকর হচ্ছে, তার জবাবদিহির উপর।
শিফটিং অ্যাডভোকেসি নামে স্বেচ্ছাসেবী সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা টোবিয়াস হোলে বলেন, কপ৩১ আর আগের ব্যর্থতাগুলি দেখিয়ে দিচ্ছে যে “এই প্রক্রিয়া আর উদ্দেশ্য পূরণের উপযুক্ত নয়।” তাঁর কথায়, “বেশির ভাগ দেশের রাজনৈতিক সদিচ্ছা থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত জিতে যায় অগ্রগতি আটকে রাখা মুষ্টিমেয় দেশ। কারণ এই প্রক্রিয়ার নিয়মকানুন আর সিদ্ধান্ত নেওয়ার কাঠামো বার বার ন্যূনতম সাধারণ মতকেই উচ্চাকাঙ্ক্ষার মাপকাঠি ঠিক করে দিতে দেয়। জলবায়ু-ন্যায় নিশ্চিত করতে পারে, এমন কাঠামোগত সংস্কার চাই।”
আলোচনা চলাকালীন পানামা কপ-এর যৌথ সভাপতিদের উদ্দেশে একটি খোলা চিঠি প্রকাশ করে। তাতে জানানো হয়, কোন কোন বিষয়ে তারা কোনও আপস করবে না। তার মধ্যে একটি দাবি ছিল, সর্বসম্মতির বদলে সাধারণ সংখ্যাগরিষ্ঠের ভোটে সিদ্ধান্ত নেওয়ার পথ খুলতে হবে।
অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ম্যাট ম্যাকডোনাল্ড নিজে আলোচনায় উপস্থিত ছিলেন। তিনি বলেন, “কপ৩১-এর উত্তরাধিকার হয়তো হবে এই উপলব্ধি যে, সর্বসম্মতি-নির্ভর জলবায়ু আলোচনার একটা সীমা আছে। আর জলবায়ু রক্ষার কাজের জন্য বিকল্প মঞ্চ গড়ে উঠবে।” তাঁর মতে, ২০১৫ সালে প্যারিস চুক্তির সময়ের তুলনায় “পৃথিবী এখন অন্য রকম।” এতে “সর্বসম্মতি-নির্ভর এই ধরনের বহুপাক্ষিকতার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে।”
কপ৩১-এর সরকারি ভাবে শেষ হওয়ার কথা ছিল শুক্রবার সন্ধ্যায়। তা গড়িয়ে যায় রবিবার গভীর রাত পর্যন্ত। ফলে এটিই এখনও পর্যন্ত দীর্ঘতম জলবায়ু সম্মেলন। বহু হিসাব অনুযায়ী, আয়তনের দিক থেকেও এটিই বৃহত্তম।
ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি, পানামা, বেলিজ, ভানুয়াতু, ব্রিটেন, মার্শাল দ্বীপপুঞ্জ ও নরওয়ে মূল সিদ্ধান্তের বিরুদ্ধে আনুষ্ঠানিক আপত্তি জানায়। সেই কারণেই চুক্তিটি পাশ করানো যায়নি। কেউ কেউ অবশ্য এই সরে আসাকে ইতিবাচক সিদ্ধান্ত হিসাবেই দেখছেন। রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন জলবায়ু প্রধান ক্রিস্টিয়ানা ফিগারেসের ভাষায়, এটি ‘সাহসের পরিচয়’।
চিন, ভারত ও উন্নয়নশীল দেশগুলির একটি বড় অংশ খসড়ার বিরুদ্ধে আনুষ্ঠানিক আপত্তি জানায়নি। পরে চুক্তি ভেস্তে যাওয়ায় তারা হতাশা প্রকাশ করে। খসড়াটি মেনে নিয়েছিল ঘানার প্রতিনিধিদল। তারা পূর্ণাঙ্গ অধিবেশনে বলে, “আফ্রিকা বরাবর বহুপাক্ষিকতা থেকে মুখ ফিরিয়ে না নিয়ে তা গড়ে তোলার পথই বেছে নিয়েছে।”
ভারতের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্টাডি অব সায়েন্স, টেকনোলজি অ্যান্ড পলিসির প্রধান গবেষক-বিজ্ঞানী ইন্দু কে মূর্তি বলেন, কপ প্রক্রিয়া এখনও অপরিহার্য। তাঁর কথায়, “সর্বসম্মতি আর বহুপাক্ষিকতা এখনও গুরুত্বপূর্ণ, হয়তো আগের চেয়েও বেশি। সংখ্যাগরিষ্ঠের ভোটে একটা সিদ্ধান্ত পাশ করানো যায়। কিন্তু অনিচ্ছুক কোনও দেশকে তা দিয়ে নির্গমন কমাতে বাধ্য করা যায় না। আর যে দেশগুলি বার বার ভোটে হারবে, তারা স্রেফ বেরিয়ে যাবে।” তিনি আরও বলেন, “যে নিয়ম প্রতিটি দেশের কণ্ঠস্বর রক্ষা করে, তা সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী আর সবচেয়ে বিপন্ন দেশগুলিকেও রক্ষা করে। কপ-এর দরকার দ্রুত রূপায়ণ আর জবাবদিহি। ভোটের নিয়ম নিয়ে লড়াই নয়, কারণ সেই নিয়ম বদলাতেও তো সর্বসম্মতিই লাগবে।”
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।