মুম্বইয়ের কোলাবার শতাব্দীপ্রাচীন অলিম্পিয়া কফি হাউসে শনিবার সন্ধ্যায় এমন এক দৃশ্যের সাক্ষী থাকল শহর, যা কেউ কল্পনাও করেননি। চুপচাপ ঢুকে এক কাপ চা আর বান-মাস্কা খেতে এসেছিলেন হলিউডের তিন বড় তারকা—খ্যাতনামা পরিচালক ক্রিস্টোফার নোলান এবং অভিনেতা টম হল্যান্ড ও ম্যাট ডেমন। কিন্তু খবর ছড়াতেই মুহূর্তের মধ্যে জমে যায় উপচে পড়া ভিড়।
১০৮ বছরের পুরনো এই ঐতিহ্যবাহী কফি হাউসে তিন তারকাকে স্বাগত জানান মালিক ইলিয়াস চৌধুরী ও আমির চৌধুরী। চা, বান-মাস্কা এবং হালকা নাশতা খেতে খেতেই গল্পে মেতে ওঠেন তাঁরা। তবে সেই আড্ডা স্থায়ী হয় মাত্র ১০ থেকে ১৫ মিনিট।
কফি হাউসের ম্যানেজার ইনায়াত মারেদিয়ার কথায়, প্রস্তুতি শুরু হয়েছিল শনিবার দুপুর থেকেই। কয়েকজন অতিথি আগে এসে বসেছিলেন এবং বাইরে অপেক্ষা করছিলেন। কিন্তু কর্মীদের কেউই বুঝতে পারেননি, বিশ্বের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র ব্যক্তিত্বদের জন্যই সেই প্রস্তুতি চলছে।
পরে ইন্টারনেটে খোঁজ নিয়ে কর্মীরা জানতে পারেন, অপেক্ষমাণ অতিথিদের মধ্যে রয়েছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম হল্যান্ড। সন্ধ্যা ছ’টা নাগাদ নোলান, টম ও ম্যাট স্যুট পরে কফি হাউসে ঢুকতেই পরিস্থিতি মুহূর্তে বদলে যায়। খবর ছড়িয়ে পড়তেই বাইরে ভিড় জমাতে শুরু করেন উৎসাহী মানুষ।
তিন তারকার সঙ্গে নিরাপত্তারক্ষী এবং পুলিশও উপস্থিত ছিলেন। কিন্তু কৌতূহলী মানুষের ভিড় দ্রুত বেড়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে বেশি সময় সেখানে থাকা সম্ভব হয়নি। মাত্র ১৫ মিনিটের মধ্যেই কফি হাউস ছেড়ে বেরিয়ে যান তাঁরা।
বর্তমানে বহু প্রতীক্ষিত The Odyssey-এর প্রচারে ভারতে রয়েছেন ক্রিস্টোফার নোলান, টম হল্যান্ড ও ম্যাট ডেমন। শুক্রবার ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। শনিবার অনুষ্ঠিত হয় জাঁকজমকপূর্ণ প্রিমিয়ার, আর আগামী ১৭ জুলাই ছবিটি মুক্তি পাবে বিশ্বজুড়ে।
হলিউডের আন্তর্জাতিক তারকাদের এই অনাড়ম্বর সফর ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু। বিলাসবহুল রেস্তোরাঁ নয়, বরং মুম্বইয়ের এক শতাব্দীপ্রাচীন কফি হাউসে বসে চা আর বান-মাস্কার স্বাদ নেওয়ার ঘটনাকে অনেকেই ভারতের ক্যাফে-সংস্কৃতি এবং আন্তরিক আতিথেয়তার প্রতি তাঁদের ভালোবাসার প্রতীক হিসেবে দেখছেন।