বসন্তের এক গুমোট সন্ধে। মুম্বইয়ের ন্যাশনাল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসের (এনসিপিএ) জামশেদ ভাবা থিয়েটারের দরজায় দাঁড়িয়ে দেখছেন, আরব সাগরের বুকে সূর্য ডুবছে। জলের ওপর চিকচিক করছে কমলা রোদ। মুম্বইয়ের মেরিন ড্রাইভের এক প্রান্তে, সমুদ্র ভরাট করে তোলা জমিতে প্রায় ষাট বছর আগে গড়ে উঠেছিল এনসিপিএ। দর্শকেরা আসছেন একের পর এক। তাঁদের কথাবার্তায়, হাসির শব্দে ভরে উঠছে প্রশস্ত প্রবেশকক্ষ। নব্য ধ্রুপদি ধাঁচের সিঁড়ি আর ওপর থেকে ধাপে ধাপে নেমে আসা স্ফটিকের ঝাড়বাতিতে ইউরোপীয় স্থাপত্যের ছাপ স্পষ্ট।
সন্ধে ছ’টা বাজতেই খুলে গেল খিলানঘেরা মঞ্চের ১,১০৯ আসনের প্রেক্ষাগৃহের দরজা। আজ অদিতি মঙ্গলদাসের ‘The Absence of PRESENCE’-এর প্রথম অভিনয়। এই প্রথম সমকালীন কথকনৃত্যের কোনও প্রযোজনায় সরাসরি বাজাচ্ছে একটি সিম্ফনি অর্কেস্ট্রা। সিম্ফনি অর্কেস্ট্রা অব ইন্ডিয়ার (এসওআই) কাছেও এ এক নতুন অভিজ্ঞতা। এই দলের শিল্পীরা জুবিন মেটা, কার্লো রিৎসি, স্যার মার্ক এল্ডারের মতো খ্যাতনামা সংগীত পরিচালকদের নির্দেশনায় বাজিয়েছেন। কোনও নৃত্যপ্রযোজনায় সঙ্গত করছেন এই প্রথম। মঞ্চের ঠিক সামনের নিচু জায়গাটিতে মেলভিন টে-র নেতৃত্বে বসেছেন অর্কেস্ট্রার ৪৫ জন শিল্পী। পুরুষদের পরনে ছিমছাম কালো স্যুট, মহিলাদের কালো গাউন। রুশিল রঞ্জনের সংগীত এমন নিবিড়ভাবে জড়িয়ে আছে অদিতির নৃত্যপরিকল্পনায় যে, কখনও মনে হয় সুরের কোনও কথার উত্তর দিচ্ছে নর্তকের শরীর, কখনও তার উল্টোটা।
প্রেক্ষাগৃহের মাঝ বরাবর বসেছেন এনসিপিএ-র চেয়ারম্যান ও এসওআই-এর অন্যতম প্রতিষ্ঠাতা খুশরু এন সানটুক। পর্দা ওঠার আগে জানালেন, কেন এই কাজের ভার অদিতিকে দিয়েছিল তাঁর প্রতিষ্ঠান। “পৃথিবী জুড়ে সংঘাতে যে শিশুরা বিপর্যস্ত, ঘরছাড়া, এই প্রযোজনা তাদের জীবনের কথা বলে। সেই সঙ্গেই উদ্যাপন করে মানুষের ঘুরে দাঁড়ানোর শক্তিকে।” তাঁর কথায় মনে পড়ে, যে বাস্তবের দিকে তাকাতে আমাদের অস্বস্তি হয়, শিল্প তারও মুখোমুখি দাঁড় করাতে পারে। যে কাহিনি হয়তো অশ্রুতই থেকে যেত, তাকেও শোনাতে পারে।
পর্দা উঠতেই চোখে পড়ে মঞ্চের এ-মাথা থেকে ও-মাথা পর্যন্ত টাঙানো একটি দড়ি। তাতে শুকোচ্ছে বাচ্চাদের জামাকাপড়। একটু পরেই মঞ্চ ভরে যায় রঙিন ঘুড়িতে। ঘড়ঘড় শব্দ তুলে চলে ছোট ছোট দম-দেওয়া খেলনা। নৃত্যশিল্পীরা লাফিয়ে ওঠেন, পাক খেয়ে ঘোরেন। ভাঙাচোরা ইটপাথরের মধ্যে শিশুরা খেলছে। মনে পড়ে গাজার সংগীতশিক্ষক আহমেদ মুইন আবু আমশার সেই বহুল প্রচারিত ভিডিয়ো। জোড়াতালি দিয়ে খাটানো এক তাঁবুতে গিটার হাতে বসে আছেন তিনি। মাথার ওপর ড্রোনের একটানা গুঞ্জনে আতঙ্কিত শিশুগুলিকে উৎসাহ দিচ্ছেন তাঁর সঙ্গে গলা মেলাতে।
প্যালেস্টাইনের সঙ্গে এই দৃশ্যের মিল চোখ এড়ায় না। তবে অদিতি জানালেন, নৃত্যপরিকল্পনার সময় তাঁর মনে ছিল পৃথিবীর আরও অনেক প্রান্ত, আরও অনেক সংঘাত।
“ভারতীয় নৃত্য আর সিম্ফনি অর্কেস্ট্রা অব ইন্ডিয়াকে এক মঞ্চে আনার ভাবনাটা সানটুকের। আমরা এমন একটা গল্প খুঁজছিলাম, যার মধ্যে দিয়ে এই দুই শিল্পধারাকে মেলানো যায়। উনি চেয়েছিলেন এমন কিছু, যা পৃথিবীর যে কোনও প্রান্তের মানুষকে ছুঁয়ে যাবে। চারদিকে সংঘাতের ভয়াবহ সব ছবি দেখছিলাম। দেখছিলাম, মানুষকে, বিশেষ করে শিশুদের, কী নিদারুণ যন্ত্রণা সইতে হয়। আমাদের ইচ্ছে হল, এই ভাঙাচোরা পৃথিবীতে দাঁড়িয়ে এমন একটা কাজ করি, যা মানুষের প্রতি মানুষের মমতার কথা বলবে,” বললেন অদিতি।
‘The Absence of PRESENCE’-এর বীজ বোনা হয়েছিল অনেকটা তাঁর অজান্তেই। ২০২৪ সালে ‘ইন্ডিয়ান ডান্সার্স ফর গাজা’ উদ্যোগের জন্য অদিতি তৈরি করেছিলেন ‘Weeping RED’। “হাতে মাত্র তিন দিন ছিল। তার মধ্যেই কাজটা দাঁড় করাতে হয়েছিল। অথচ আমার নিজের ভিতরে তার রেশ রয়ে গেল বহু দিন। বুঝলাম, এমন পরিস্থিতিতে কে কোন দেশের, কোন সংস্কৃতির, কোন ধর্মের মানুষ, সে সব পরিচয়ের মূল্য কত সামান্য।”
সেই অভিজ্ঞতা তাঁর পুরনো একটি বিশ্বাসকে আরও দৃঢ় করেছিল। বৃহত্তর জগতের প্রশ্নগুলির সঙ্গে শিল্পের মাধ্যমেই বোঝাপড়া করতে পারেন তিনি। “শিল্প আমার দেখার চোখ তৈরি করে। তার ছাপ প্রায়ই আমার নাচে এসে পড়ে। আমি ঠিক করলাম, পৃথিবীর নানা প্রান্তে ঘটে চলা গণহত্যা নিয়ে ‘Weeping RED’ থেকেই একটি পূর্ণাঙ্গ প্রযোজনা তৈরি করব।”
কাজের প্রস্তুতি নিতে গিয়ে এমন অনেক কাহিনির সন্ধান পেয়েছিলেন অদিতি, যা তাঁকে অবশ করে দিয়েছিল। তার একটি গাজার এক বাবার। সদ্যোজাত যমজ সন্তানের জন্মের শংসাপত্র হাতে বাড়ি ফিরে তিনি দেখলেন, তিনতলায় তাঁর ফ্ল্যাটে বোমা পড়েছে। তাঁর স্ত্রী আর দুই শিশুই মারা গিয়েছে।
“ওই যন্ত্রণা আমি একমাত্র নাচের মধ্য দিয়েই প্রকাশ করতে পারি। তাই এই প্রযোজনার অনেকটা জুড়েই এমন সব দৃশ্য। মঞ্চে দেখতে দেখতে মনে হতে পারে, মৃত্যু আর শোকের ছবি বড় বেশি। কিন্তু আমি চেয়েছিলাম, যত বেশি সম্ভব ঘটনা দর্শকের মনে দাগ কাটুক, এই সব মর্মান্তিক অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করাক তাঁদের। তাই কোথাও শিল্পীরা শুয়ে থাকেন, গায়ে শবাচ্ছাদন। কোথাও মায়েরা অসহায় আক্রোশে, শোকে আর্তনাদ করে ওঠেন। আর এক জায়গায় আমি নিজের পেটে বাঁধা একখণ্ড কাপড়ের ভিতর থেকে একের পর এক জামাকাপড় টেনে বার করতেই থাকি। ওইভাবেই বোঝাতে চেয়েছি এক মায়ের শূন্য হয়ে যাওয়া গর্ভ।”
মানুষের যন্ত্রণাকে তার সমস্ত তীব্রতায় ধরার যে তাগিদ অদিতির নাচে বরাবর দেখা যায়, এ কাজেও তা স্পষ্ট। তাঁর নিজস্ব নৃত্যভাষায় নাচ আর অভিনয়ের সীমারেখা মুছে যায়। কথকের ভিতের ওপর দাঁড়িয়েই তিনি কখনও শব্দের পাশে রাখেন স্থিরতা, কখনও সংলাপের পাশে নীরবতা। আবেগ যে ভঙ্গিতে শরীরে ফুটে ওঠে, তা এতটাই তাৎক্ষণিক বলে মনে হয়, যেন মহলায় আগে থেকে কিছুই বাঁধা ছিল না। গল্প বলার ভার তখন শরীরেরই।
অদিতির কথায়, “আমার মনে হয়, মঞ্চ-আয়োজন যতটুকু দরকার ঠিক ততটুকু রাখলেই শিল্প মাটির কাছাকাছি থাকে। তখন গল্প বললে তা ধাক্কা দেয়। শিল্পী হিসেবে আমার পথ ঘুরে গেল যেদিন কথকের সঙ্গে নিজের মতো করে কথাবার্তা শুরু করলাম। দেখতে চাইলাম, আমার নিজের জীবনের সঙ্গে, অন্য মানুষের জীবনের সঙ্গে কথকের যোগটা কোথায়। তখনই তার চিরাচরিত নাটকীয়তার কিছুটা সরিয়ে দিলাম। তার জায়গায় এল রোজকার জীবনের চেনা অঙ্গভঙ্গি, অনুভূতি প্রকাশের অকপটতা।”
গত দু’দশকে অদিতির একাধিক প্রযোজনায় বিভিন্ন সংস্কৃতির শিল্পরীতির এমন মিলন ঘটেছে, যা সাড়া পেয়েছে আন্তর্জাতিক মঞ্চেও। ‘The Absence of PRESENCE’ সেই ধারারই কাজ। বিশ্বের অন্যান্য প্রান্তে নাচ ও মঞ্চাভিনয় নিয়ে যে চর্চা হচ্ছে, তার সঙ্গে অদিতির দীর্ঘদিনের সংযোগের কথাও মনে করিয়ে দেয় এই প্রযোজনা। বিশেষ করে মনে পড়ে ব্রিটেনের নৃত্যশিল্পী ও নৃত্যপরিকল্পক আকাশ ওডেদরার সঙ্গে তাঁর যৌথ কাজগুলির কথা।
অদিতির গুরু কুমুদিনী লাখিয়া কথককে নতুন চোখে দেখে এই নৃত্যধারায় এক পথ খুলে দিয়েছিলেন। অদিতিকেও শিখিয়েছিলেন, কথকের প্রতিটি রীতি নিয়ে প্রশ্ন করতে, নতুন করে ভাবতে। সেই শিক্ষার ছাপ তাঁর সাম্প্রতিক কাজেও। রায়ান স্ট্যাফোর্ডের আলো, মনীশ কানসারার মঞ্চসজ্জা আর উর্বশী কৌরের পোশাক সুর ও শরীরের গতির সঙ্গে এমনভাবে মিশে যায় যে, শিল্পীরা অনায়াসে বাস্তব থেকে পরাবাস্তবে চলে যান, আবার ফিরেও আসেন। আর দর্শক, ‘উপস্থিতির অনুপস্থিতি’ দেখতে এসে, শেষ পর্যন্ত টের পান বর্তমানেরই তীব্র উপস্থিতি—তার সমস্ত উদ্বেগ, সমস্ত আশাটুকু নিয়ে।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।