প্রাণ আর সৌন্দর্যের আলোয় দীপ্ত বারোটি অসাধারণ শিল্পকর্ম বুধবার, ১৮ নভেম্বর নিউ ইয়র্কের সোথবিজে নিলামে উঠবে। এই ছবিগুলি জনসমক্ষে দেখার সুযোগ মেলে কদাচিৎ।

সংগ্রহটি যেন কোর্টল্ড গ্যালারির একটি ক্ষুদ্র সংস্করণ। রয়েছে ভ্যান গগের আকাশছোঁয়া চেস্টনাটগাছ, মোনের তুলিতে তুইলেরি উদ্যানের ঝলমলে দৃশ্য এবং পল সেজানের ‘আর্লেকাঁ’, লাল-কালো বরফিকাটা নকশার পোশাকে শিল্পীর ছেলের প্রতিকৃতি। ছবিটির কৌণিক গড়ন বিমূর্ততার দিকে এগিয়ে যায়; পিকাসোর হার্লেকুইন-চিত্রগুলিকে তা নিশ্চয়ই অনুপ্রেরণা জুগিয়েছিল।

সোথবিজ এই নিলামের নাম দিয়েছে ‘লেজেন্ডারি’, কিংবদন্তিতুল্য। কারণ, যে ব্লাকিয়ের–আরিয়েতা সংগ্রহ থেকে এই ক্যানভাসগুলি এসেছে, শিল্পরসিকদের কাছে তার পরিচয় অসামান্য রুচি ও উৎকর্ষের নিদর্শন হিসেবে। আর্জেন্টিনার এক ধনী দম্পতি ছবিগুলি কিনেছিলেন মূলত গত শতকের সত্তরের দশকে। এমন সব ছবি কোনও জাদুঘরেই দেখতে পাওয়ার কথা; অথচ পুরনো আলোকচিত্রে দেখা যায়, সেগুলি সাজানো ছিল বুয়েনস আইরেসে তাঁদের অ্যাপার্টমেন্টে। কী লজ্জার কথা, সেই ছবিগুলির গায়ে লেগে রয়েছে অপহরণ ও হত্যার অভিযোগের দাগ।

লেদেসমা ও ‘নাইট অব দ্য ব্ল্যাকআউট’

ব্লাকিয়ের–আরিয়েতা সংগ্রহ গড়ে উঠেছিল চিনির ব্যবসার টাকায়। তবে এ কাহিনি আমেরিকা মহাদেশে চিনি উৎপাদন ও দাসত্বের ইতিহাস নিয়ে নয়। লেদেসমা চিনি সংস্থার প্রধান কার্লোস পেদ্রো ব্লাকিয়েরের বিরুদ্ধে সন্দেহ ছিল, ১৯৭৬ সালের জুলাই মাসের এক রাতে হুহুই অঞ্চলে কয়েকশো মানুষকে ‘গুম’ করার ঘটনায় তিনি জড়িত ছিলেন। সেই রাত পরিচিত ‘নাইট অব দ্য ব্ল্যাকআউট’ নামে, বিদ্যুৎহীন অন্ধকারের রাত। এলাকার বিদ্যুৎ সরবরাহ ছিল লেদেসমার নিয়ন্ত্রণে। বিদ্যুৎ চলে যাওয়ায় অন্ধকারের আড়ালে ধরপাকড় চালানো সম্ভব হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, লেদেসমার গাড়িতে মানুষজনকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল। বেঁচে ফেরা মানুষের সাক্ষ্য অনুযায়ী, তাঁদের সংস্থার চৌহদ্দিতেই আটকে রেখে নির্যাতন করা হয়েছিল।

১৯৭৬ থেকে ১৯৮৩ সালের মধ্যে সামরিক স্বৈরতন্ত্র আর্জেন্টিনাজুড়ে যে অসংখ্য নৃশংসতা চালিয়েছিল, এটি ছিল তারই একটি। ইউরোপিয়ান সেন্টার ফর কনস্টিটিউশনাল অ্যান্ড হিউম্যান রাইটস-এর তথ্য অনুযায়ী, ওই অন্ধকারের রাতে ধরে নিয়ে যাওয়া প্রায় ৪০০ জনের অধিকাংশই ছিলেন ব্লাকিয়েরের লেদেসমা চিনি সংস্থায় কর্মরত ট্রেড ইউনিয়নকর্মী। তাঁদের মধ্যে এখনও পর্যন্ত নিখোঁজ মানুষের সংখ্যা ৫৫ জন পর্যন্ত হতে পারে। ধরে নেওয়া হয়, তাঁদের হত্যা করা হয়েছে।

স্বৈরতন্ত্রের পতনের বহু পরে, ২০১২ সালে শেষ পর্যন্ত যখন ব্লাকিয়েরের বিরুদ্ধে অভিযোগ আনা হল, তখন তাঁর বয়স ৮৫। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, ‘বেআইনি ভাবে আটক রাখার ২৯টি ঘটনায় প্রধান অংশগ্রহণকারী’ ছিলেন তিনি। কিন্তু মামলার বিচার আর শুরুই হয়নি। একের পর এক আইনি আপিলে প্রক্রিয়া বিলম্বিত হতে থাকে। ২০২৩ সালে, ৯৫ বছর বয়সে, তাঁর মৃত্যু হয়।

কিন্তু এ তো সৌন্দর্যের আলোচনা, তাই না? হ্যাঁ, সৌন্দর্য এবং অর্থের। অনুমান করা হচ্ছে, ভ্যান গগের ‘শাতেনিয়ে অঁ ফ্লর’ এবং সেজানের ‘আর্লেকাঁ’, দু’টি ছবিই নিজ নিজ শিল্পীর কাজের নিলামমূল্যের নতুন রেকর্ড গড়তে পারে। সোথবিজ জানিয়েছে, ভ্যান গগের ছবিটির আনুমানিক দাম ‘১৮ কোটি ডলারের কাছাকাছি’, প্রায় ১৩ কোটি ৫০ লক্ষ পাউন্ড। তেমন হলে তাঁর কোনও শিল্পকর্মের বর্তমান সর্বোচ্চ মূল্য, ১১ কোটি ৭০ লক্ষ ডলারের রেকর্ড, অনেকটাই পিছনে পড়ে যাবে। কিন্তু ছবিটি যখন তাঁর সবচেয়ে বিখ্যাত কাজগুলির অন্যতম নয়, তখনও কি সত্যিই এত দাম উঠতে পারে?

উত্তর হল, যথেষ্ট সম্ভাবনা রয়েছে। মনকাড়া বিষণ্ণতায় ভরা এই অনন্য ছবিতে ফুটে উঠেছে ওভের-সুর-ওয়াজের একটি রাস্তা, ঢেউখেলানো, পূর্ণতার লাবণ্যে ভরা, বাতাসে আন্দোলিত। মানসিক চিকিৎসালয় ছেড়ে ১৮৯০ সালে ভ্যান গগ এখানেই চলে এসেছিলেন। কিন্তু আরও নিবিড়ভাবে তাকালে দেখা যায়, সবকিছুতেই যেন একটু ভারসাম্যহীনতা, একটু বেসামাল ভাব। হলুদ রাস্তা, গাঢ় নীল আকাশ থেকে শুরু করে বিরাট সেই গাছ, যার নীচে মানুষগুলিকে অতি ক্ষুদ্র দেখায়, সবকিছুতেই। একটি ঝড় আসছে। এই ছবি শেষ করার মাস দুয়েক পরেই তিনি নিজের শরীরে গুলি চালাবেন।

বিপুল দামে বিক্রি হতে গেলে ভ্যান গগের কোনও ছবিকে এখন আর তাঁর সবচেয়ে বিখ্যাত কাজগুলির একটি হতে হয় না। সারা পৃথিবীতে তিনি এমনই পূজিত যে, তাঁর মোজাও কয়েক মিলিয়ন ডলারে বিক্রি হয়ে যেতে পারে। আর ‘শাতেনিয়ে অঁ ফ্লর’ সত্যিই চোখ ফেরাতে না-পারা সৌন্দর্যে ভরা।

সেই বিদ্যুৎহীন রাতের রক্তপাতের ছায়া এই নিলামকে তাড়া করে ফেরে। অথচ সমস্ত তথ্য জনসমক্ষে থাকা সত্ত্বেও সোথবিজের প্রচারসামগ্রীতে এই অস্বস্তিকর ইতিহাস উপেক্ষিত।

সোথবিজের এক মুখপাত্র বলেছেন, “কার্লোস পেদ্রো ব্লাকিয়েরকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলির কথা আমরা অবশ্যই জানি। কোনও অপরাধে তিনি কখনও দোষী সাব্যস্ত হননি; বস্তুত, বরাবরই নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য ছিল, তাঁর সংস্থার সম্পদ ও পরিকাঠামো যে বেআইনি কাজের সহায়তায় ব্যবহার করা হচ্ছিল, তা তিনি জানতেন না। স্বাভাবিকভাবেই, এ ধরনের বিষয়ে আমরা আদালত ও আইনি প্রক্রিয়ার সিদ্ধান্তকেই মান্য করি… আমাদের মনে হয় না, এসবের ফলে শিল্পকর্মগুলির নিজস্ব গুণমান বা গুরুত্ব কমে যায়।”

এভাবেই এই নিলাম ব্লাকিয়ের–আরিয়েতা সংগ্রহের ‘কিংবদন্তি’কে ইতিহাসের পাতায় লিখে দেবে। আর ব্লাকিয়ের ও লেদেসমা চিনি সংস্থার বিরুদ্ধে ওঠা অপরাধের অভিযোগগুলি ক্রমশ সরে যাবে পাদটীকায়।

প্রশ্নটা হল, কী আমাদের চোখের সামনে থাকে, আর কী আড়ালে চলে যায়। আন্দ্রে দেরাঁর ফভবাদী ধারার অনন্য ছবি ‘বোটস অ্যাট দ্য পোর্ট অব কলিউর’-এ, নিলামের দ্বিতীয় লট, আমি উজ্জ্বল লাল, নীল, সবুজ আর হলুদ দেখতে পাচ্ছি। কিন্তু ১৯৭৬ সালের সেই রাতে তুলে নিয়ে যাওয়া যে মানুষগুলির সংখ্যা ৫৫ পর্যন্ত হতে পারে, যাঁদের আর কখনও খুঁজে পাওয়া যায়নি, তাঁদের আমি দেখতে পাচ্ছি না। তাঁরা নেই। তাঁরা গুম হয়ে গিয়েছেন।

এবার দর হাঁকা শুরু হোক।