বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া আহমেদ শাহরিয়ার রেজা দীপকে তিন দফায় ১০ দিনের রিমান্ড জিজ্ঞাসাবাদ শেষে অবশেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম আসামির জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন রিমান্ড শেষে অভিযুক্ত দীপকে আদালতে হাজির করেন। মামলার তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে আটকে রাখার আবেদন জানান তদন্ত কর্মকর্তা। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মুতাসিম বিল্লাহ আদালতে আসামির জামিনের পক্ষে সওয়াল করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু দীপের আমন্ত্রণে বাসা থেকে বের হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হন তাহসিফ সৌরি। এর পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে নৌ-পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনায় নিহতের বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে গত ৩০ অক্টোবর রাতে রাজধানীর উত্তরাখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ সন্দেহভাজন হিসেবে দীপকে গ্রেপ্তার করে। গত ৩১ অক্টোবর তাকে প্রথম দফায় ৪ দিন এবং পরবর্তীতে ৩ নভেম্বর দ্বিতীয় দফায় আরও ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।