ডিসেম্বরে বাংলাদেশে ফেরার কথা জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সেই ঘোষণাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকার মধ্যেই রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, তাঁর নিজ জেলা গোপালগঞ্জে হিংসাত্মক বিক্ষোভ দেখালেন আওয়ামী লীগের সমর্থকেরা। পুলিশের গাড়ি ও বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়।
২০২৪ সালের অগস্টে ছাত্রদের নেতৃত্বে গণঅভ্যুত্থানে সরকারের পতনের পর বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন হাসিনা। তখন থেকে তিনি ভারতেই রয়েছেন। তাঁর প্রস্তাবিত দেশে ফেরাকে ঘিরে নতুন করে উত্তেজনার মধ্যেই এই বিক্ষোভ।
বিক্ষোভকারীদের বিরুদ্ধে তাঁর সরকারের দমনপীড়নকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের নভেম্বরে হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাঁর অনুপস্থিতিতেই বিচার হয়। হাসিনা অভিযোগ ও বিচারপ্রক্রিয়া—দুই-ই প্রত্যাখ্যান করেছেন।
মৃত্যুদণ্ডের আদেশ থাকা সত্ত্বেও ৭৯ বছর বয়সি হাসিনা গত জুলাই থেকে বারবার বলেছেন, তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে চান।
দ্বিপাক্ষিক চুক্তির আওতায় ভারতের কাছে তাঁর প্রত্যর্পণ চেয়ে আসছে বাংলাদেশ সরকার। দেশে ফেরার সুবিধার্থে হাসিনাকে পাসপোর্ট দেওয়ার জন্য তাঁর তরফে লন্ডনের একটি আইন সংস্থা যে আবেদন জানিয়েছিল, তা-ও প্রত্যাখ্যান করেছে ঢাকা।
শনিবার, ১৪ নভেম্বর, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, হাসিনাকে ফেরানোর জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া বাংলাদেশ সম্পন্ন করেছে। এখন সিদ্ধান্ত ভারতের হাতে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের সঙ্গেও হাসিনার প্রত্যর্পণে অগ্রগতির বিষয়টি যুক্ত করেছে বাংলাদেশ। ঢাকার বক্তব্য, হাসিনা এবং বাংলাদেশ যাঁদের ফেরত চাইছে, সেই অন্য পলাতকদের প্রত্যাবর্তন এই সফরের অনুকূল পরিবেশ তৈরি করতে সাহায্য করবে।
বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধ পাওয়ার কথা স্বীকার করেছে ভারত। তবে এ বিষয়ে কোনও সিদ্ধান্ত ঘোষণা করেনি।
শুক্রবার, ১৩ নভেম্বর, নয়াদিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, হাসিনার প্রত্যর্পণ একটি আইনি বিষয় এবং সেই অনুযায়ীই বিষয়টি বিবেচনা করা হবে।
এ দিকে, রবিবার গোপালগঞ্জে বিক্ষোভকারীরা ২০২৪ সালের ৫ অগস্ট হাসিনা সরকারের পতনকে স্মরণ করে নির্মিত একটি স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলেন। পুলিশের ব্যারিকেড ভেঙে শহরের একাধিক রাস্তায় ঢুকে পড়েন তাঁরা। বহু মহিলা কর্মীও বিক্ষোভে যোগ দেন।
দলের এক সমাবেশে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা ইলিয়াস হক বলেন, “সাবেক প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে না পারা পর্যন্ত রাজপথে আমাদের আন্দোলন চলবে।” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রতিষ্ঠাতা।
বিক্ষোভের আগের রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শাসক দল বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টির (বিএনপি) দু’টি কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। টুঙ্গিপাড়াই হাসিনার জন্মস্থান।
এই ঘটনাপ্রবাহের জেরে জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রত্যাহার করেছে সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।
আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে দাঙ্গা নিয়ন্ত্রণকারী পুলিশকে সহায়তা করতে আধাসামরিক বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কয়েক প্লাটুন সদস্যও মোতায়েন করা হয়েছে।
রবিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ‘প্রথম আলো’ জানিয়েছে, প্রধানমন্ত্রী সংসদে দলের প্রবীণ নেতাদের সঙ্গেও বৈঠক করেন।
বৈঠকের বিষয়ে অবগত বিএনপি নেতাদের উদ্ধৃত করে সংবাদপত্রটি জানায়, তারেক রহমান দলের কর্মীদের মাঠে “সক্রিয় থাকতে” বলেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিককে উদ্ধৃত করে ‘প্রথম আলো’ জানিয়েছে, “সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেবে না।”
ওই আধিকারিক জানান, পরিস্থিতির উপর নজর রাখা হবে এবং ঘটনাপ্রবাহ অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা বাড়ানো হবে।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।