পায়ের গোড়ালিতে বাঁধা বৈদ্যুতিন নজরদারি যন্ত্র খুলে শুয়োরের মাংস ভরা নলের মধ্যে লুকিয়ে রেখে, পাঁচতলার বারান্দা থেকে নেমে পালালেন ইতালির উগ্র মার্ক্সবাদী সংগঠন রেড ব্রিগেডসের এক প্রাক্তন সদস্য। আর্জেন্টিনায় গৃহবন্দি ছিলেন ৭৪ বছরের লিওনার্দো বের্তুলাৎসি। বুধবার তাঁর পালানোর খবর নিশ্চিত করেছে সে দেশের নিরাপত্তা মন্ত্রক।

ইতালিতে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করার জন্য প্রত্যর্পণের আগে, ২০২৪ সালে বের্তুলাৎসিকে বুয়েনস আইরেসে গৃহবন্দি করা হয়। রাষ্ট্রবিরোধী একটি সংগঠনে যোগ দেওয়া এবং সশস্ত্র গোষ্ঠীর সদস্য থাকার অপরাধে ১৯৮৭ সালে তাঁকে ওই সাজা দেওয়া হয়েছিল।

বহু বছর আত্মগোপনে থাকার পর ২০০২ সালে আর্জেন্টিনার কর্তৃপক্ষের হাতে প্রথম গ্রেফতার হন বের্তুলাৎসি। কয়েক মাস পরেই অবশ্য তিনি ছাড়া পান। ২০০৪ সালে পান শরণার্থীর মর্যাদা। সেই মর্যাদা প্রত্যাহার করার পর ২০২৪ সালে তাঁকে ফের গ্রেফতার করা হয়।

গৃহবন্দি অবস্থা থেকে পালানোর পর তাঁকে পুনরায় ধরতে সাহায্য করবে এমন তথ্যের জন্য বুধবার ১৩ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রক।

রেড ব্রিগেডসের গুরুত্বপূর্ণ নেতৃত্বস্থানীয় পদে ছিলেন বের্তুলাৎসি। ইতালিতে ‘ইয়ার্স অব লেড’ বা ‘সিসার বছরগুলি’ নামে পরিচিত ১৯৬৯ থেকে ১৯৮০ সালের রক্তাক্ত পর্বে একাধিক হামলার জন্য দায়ী ছিল এই উগ্র মার্ক্সবাদী সংগঠন। তাদের সবচেয়ে কুখ্যাত অপরাধ—১৯৭৮ সালে ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী আলদো মোরোকে অপহরণ ও হত্যা।

নজরদারি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, একটি বাড়ি থেকে নীচে নেমে রাস্তায় এসে পড়ছেন বের্তুলাৎসি। পাশ দিয়ে তখন গাড়ি চলাচল করছে।

বের্তুলাৎসির খোঁজে তদন্তে যুক্ত এক গোয়েন্দা আর্জেন্টিনার সংবাদপত্রকে জানিয়েছেন বলে খবর, শরীরে সুরক্ষা-বেল্ট বা হারনেস বেঁধে দড়ির সাহায্যে পাঁচতলা থেকে নেমেছিলেন তিনি।

সংবাদপত্রটির প্রতিবেদন অনুযায়ী, ওই গোয়েন্দা বলেন, “প্রথমে তিনি পায়ের গোড়ালির বৈদ্যুতিন নজরদারি যন্ত্রটি খুলে শুয়োরের মাংস ভরা একটি নলের মধ্যে রাখেন। তাপমাত্রা বজায় রাখতে তার সঙ্গে রাখেন রক্তচাপ মাপার একটি যন্ত্রও। তার পর একটি ছাদে ওঠেন। সেখান থেকে দড়ি বেয়ে পাঁচ মিটার নেমে নিজের বসবাসের বাড়িটির পিছনের ফাঁকা জমিতে লাফ দেন। এর পর ধাতব গেট টপকে রাস্তায় পৌঁছন।”

ফুটেজে সময় দেখা যাচ্ছে ১০ নভেম্বর সকাল ৬টা ১ মিনিট। সেখানে দেখা যায়, বের্তুলাৎসি কিছু ক্ষণের জন্য বসে বিশ্রাম নিচ্ছেন। সম্ভবত পালানোর ধকলে কিছুটা বিচলিত হয়ে পড়েছিলেন তিনি।

গোড়ালিতে বাঁধা নজরদারি যন্ত্রটি থেকে নড়াচড়ার তথ্য আসা বন্ধ হয়ে গিয়েছে দেখে পুলিশ তাঁর বাড়িতে যায়। সেখানে পড়ে থাকা যন্ত্রটি পাওয়া গেলেও বের্তুলাৎসির কোনও হদিস মেলেনি।

তাঁর শেষ আবেদনও আর্জেন্টিনার সুপ্রিম কোর্ট খারিজ করে দেওয়ার পর, ২০২৫ সালের জুলাইয়ে তাঁকে ইতালিতে প্রত্যর্পণের অনুমোদন দেয় আর্জেন্টিনা।