ব্রাজিলের বৃহত্তম দাসবিদ্রোহে অংশ নেওয়া এক ব্যক্তির বলে মনে করা হচ্ছে, এমন একটি খুলি-সহ দু’টি মানুষের খুলি বুধবার ব্রাজিলে ফিরিয়ে আনা হয়েছে। ওই ব্যক্তির দেহাবশেষ একসময় যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছিল এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বর্ণবাদী ‘সুপ্রজননবিদ্যা’ বা ইউজেনিক্সের গবেষণায় ব্যবহার করা হয়েছিল।

উনিশ শতক থেকে এই দেহাবশেষ দু’টি ব্রাজিলের বাইরে ছিল। প্রায় ১৯০ বছর আগে একটি নিয়ে যাওয়া হয় বাহিয়া রাজ্যের রাজধানী সালভাদর থেকে। অন্যটি প্রায় ১৬০ বছর আগে নিয়ে যাওয়া হয়েছিল রিও দে জেনেইরো থেকে। বুধবার দুই শহরেই আবেগঘন, অনাড়ম্বর অনুষ্ঠানে তাদের ফিরিয়ে নেওয়া হয়।

ধারণা করা হচ্ছে, খুলি দু’টি আফ্রিকান অথবা আফ্রিকান বংশোদ্ভূত ব্রাজিলীয়দের। আটলান্টিক মহাসাগর পেরিয়ে চলা দাসব্যবসার যুগে অন্য যে কোনও দেশের তুলনায় বেশি সংখ্যক আফ্রিকানকে দাস হিসেবে নিয়ে আসা হয়েছিল ব্রাজিলে।

প্রতিটি খুলি রাখা হয়েছিল নরম আস্তরণ দেওয়া একটি বাক্সে। সেই বাক্স রাখা হয় বিশেষভাবে মজবুত করা সুটকেসের মধ্যে। ব্রাজিলের কূটনীতিকেরা বিমানে সেগুলি দেশে নিয়ে আসেন। যুক্তরাষ্ট্রে হার্ভার্ডের পিবডি মিউজিয়াম অব আর্কিয়োলজি অ্যান্ড এথনোলজি থেকে দেহাবশেষগুলি ফেরানোর জন্য চার বছর ধরে চেষ্টা চলেছিল।

ব্রাজিলের স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলির গবেষকেরা এখন এই দুই ব্যক্তির পরিচয় সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করবেন।

খুলি দু’টি কোনও জাদুঘরে প্রদর্শন করা হবে না। তাদের ছবিও প্রকাশ করা হবে না। ব্রাজিল সরকার প্রতিশ্রুতি দিয়েছে, পরিচয় নির্ধারণের প্রক্রিয়া শেষ হলেই অন্ত্যেষ্টিক্রিয়ার আচার মেনে তাঁদের সমাধিস্থ করা হবে।

হার্ভার্ডের সঙ্গে চুক্তিতে সই করতে বস্টনে গিয়েছিলেন সরকারি আধিকারিক ক্যারোলিনা দিয়াস দোস রেইস। তিনি বলেন, “জীবনে এবং মৃত্যুর পরেও এই মানুষগুলির যে মর্যাদা কেড়ে নেওয়া হয়েছিল, তা ফিরিয়ে দেওয়া অত্যন্ত জরুরি।”

২০২২ সালে খুলি দু’টির অস্তিত্বের কথা প্রকাশ্যে আসে। এরপর ব্রাজিলের গবেষকেরা হার্ভার্ডের কাছে সেগুলি ফেরত চান। কিন্তু তাঁদের বক্তব্য, প্রক্রিয়াটি দীর্ঘসূত্রতায় আটকে ছিল। ২০২৪ সালের শেষ দিকে ব্রাজিল সরকার উদ্যোগী হওয়ার পরেই তা এগোতে শুরু করে।

সাম্প্রতিক মাসগুলিতে উদ্বেগ তৈরি হয়েছিল, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার প্রতি ডোনাল্ড ট্রাম্পের মাঝেমধ্যে বৈরী আচরণ দেহাবশেষ ফেরানোর প্রক্রিয়াকে ভেস্তে দিতে পারে। শেষ পর্যন্ত অবশ্য তা হয়নি।

রেইস আরও বলেন, “দেশ হিসেবে আমাদের অতীতকে ফিরে পেতে হবে, তা যতই কঠিন এবং হিংসায় ভরা হোক না কেন। তবেই বুঝতে পারব, বর্তমানে আমরা কিসের মধ্য দিয়ে যাচ্ছি—সমাজের কাঠামোর গভীরে প্রোথিত বর্ণবাদের পরিণতি ও ক্ষতচিহ্ন।”

ব্রাজিলে দাসপ্রথা বিলুপ্ত হয়েছিল ১৮৮৮ সালে। কিন্তু তার প্রায় দেড়শো বছর পরেও আফ্রিকান বংশোদ্ভূত ব্রাজিলীয়েরা দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী হয়েও প্রতিটি আর্থসামাজিক সূচকে সবার নীচে রয়েছেন। ক্ষুধা, দারিদ্র্য, লিঙ্গভিত্তিক হিংসা এবং অপরাধী বা পুলিশের হাতে নিহত হওয়ার পরিসংখ্যানে তাঁরাই সবচেয়ে বেশি।

রিও দে জেনেইরোয় দেহাবশেষ গ্রহণের অনুষ্ঠানে গবেষকেরা যখন সুটকেসটি গ্রহণ করছিলেন, তখন মাটিতে এক গ্লাস জল ঢেলে দেন ইতিহাসের অধ্যাপক এবং আফ্রো-ব্রাজিলীয় ধর্ম কান্দোম্বলের ধর্মযাজক ইভানির দোস সান্তোস।

তিনি বলেন, “এটি ছিল একটি ধর্মীয় আচার। কারণ, পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা না জানিয়ে তাঁদের দেহাবশেষ নিয়ে কাজ করা যায় না। এটি কোনও গবেষণার বস্তু নয়… আমাদের কাছে সেই মানুষটি এখনও স্মৃতিতে বেঁচে আছেন, বেঁচে আছেন আমাদের পূর্বপুরুষ হিসেবে।”

খুলি দু’টি ঠিক কাদের, তা এখনও জানা যায়নি। সালভাদরে ফিরিয়ে আনা খুলিটি এমন এক ব্যক্তির বলে মনে করা হচ্ছে, যিনি ১৮৩৫ সালে ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরভিত্তিক দাসবিদ্রোহে অংশ নিয়েছিলেন। সেই বিদ্রোহে প্রায় ৬০০ আফ্রিকান মুসলমান তৎকালীন ব্রাজিলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। শেষ পর্যন্ত পুলিশের কাছে তাঁরা পরাজিত হন। পুলিশের হাতে নিহত হন ৭০ জন বিদ্রোহী।

ওই ব্যক্তি একটি হাসপাতালে মারা যান। মনে করা হচ্ছে, গিডিয়ন টি স্নো নামে এক মার্কিন কূটনীতিক তাঁর খুলি বস্টনে পাঠিয়েছিলেন।

দেহাবশেষ ফেরানোর দাবিতে সবচেয়ে সক্রিয় সংগঠনগুলির অন্যতম বাহিয়া ইসলামিক কালচারাল সেন্টার ওই ব্যক্তির নাম দিয়েছে ‘আরাকুনরিন’। ইয়োরুবা ভাষায় যার অর্থ ‘ভাই’।

অন্য ব্যক্তির সম্পর্কে তথ্য আরও কম। প্রথমে শুধু এটুকুই জানা গিয়েছিল যে, ১৮৬০-এর দশকে “রিও দে জেনেইরোর রাস্তা” থেকে কবর খুঁড়ে তাঁর দেহাবশেষ তোলা হয়েছিল। তবে বুধবার ব্রাজিল সরকারের আধিকারিকেরা জানান, হার্ভার্ডের গবেষকেরা তাঁদের বলেছেন, কিছু বৈশিষ্ট্য দেখে অনুমান করা হচ্ছে, খুলিটি কোনও নারীর হতে পারে। এর আকার প্রাপ্তবয়স্ক পুরুষের খুলির চেয়ে ছোট, কিন্তু শিশুর খুলির চেয়ে বড়।

দেহাবশেষ ফেরানোর প্রক্রিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ইতিহাসবিদ ব্রুনো ভেরাস বিভিন্ন ডায়েরি, চিঠি এবং শহরের মানচিত্র মিলিয়ে দেখেছেন। তাঁর ধারণা, সদ্য আসা আফ্রিকানদের জন্য নির্দিষ্ট কোনও সমাধিক্ষেত্র থেকে খুলিটি নেওয়া হয়ে থাকতে পারে। দীর্ঘ আটলান্টিক যাত্রায় যাঁদের মৃত্যু হয়েছিল অথবা জাহাজ থেকে নামার কিছুদিনের মধ্যেই যাঁরা মারা গিয়েছিলেন, তাঁদের সেখানে সমাহিত করা হত।

মনে করা হচ্ছে, ওয়াল্টার হানিওয়েল নামে বস্টনের এক ধনী পরিবারের ছাত্র খুলিটি যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়েছিলেন। তিনি হার্ভার্ডের অধ্যাপক লুই আগাসির নেতৃত্বাধীন একটি অভিযানের সদস্য ছিলেন। নিজের বর্ণবাদী তত্ত্বের সমর্থনে মানুষের শারীরিক গঠন ও বৈশিষ্ট্য নথিবদ্ধ করতে ব্রাজিলে এসেছিলেন আগাসি।

ভেরাস বলেন, “একটি খুলি চুরি করে অন্য দেশে নিয়ে যাওয়া, এমনকি বর্ণবাদী গবেষণার প্রেক্ষাপটেও, ছিল হিংসার কাজ।”

ফরেনসিক নৃবিজ্ঞানের গবেষকেরা এখন খুলির মাপজোক এবং অণুবীক্ষণিক বিশ্লেষণের মাধ্যমে ওই দুই ব্যক্তির লিঙ্গ ও অন্য তথ্য নিশ্চিত করার চেষ্টা করবেন। সালভাদরে থাকা খুলিটি সম্পূর্ণ। রিওতে ফিরিয়ে আনা খুলিটির চোয়াল নেই। প্রয়োজন হলে জিনগত পরীক্ষা কিংবা দেহাবশেষের বয়স নির্ধারণের পরীক্ষার জন্য অনুমতি চাইবেন তাঁরা।

একটি খুলি দেশে নিয়ে আসা কূটনীতিক ইরিনা ফাইস্তহাউয়ার সিলভেইরা বলেন, “দাসত্বের এই ইতিহাস মুছে ফেলা যায় না। কিন্তু অতীতের ভুলগুলি স্বচ্ছতার সঙ্গে স্বীকার করা আরও সমতাপূর্ণ, ন্যায়সংগত এবং কম হিংসাময় ভবিষ্যৎ গড়ে তোলার প্রথম পদক্ষেপ।”