অধিকৃত পশ্চিম তীরে প্যালেস্টাইনি গ্রামগুলিতে জঙ্গি ইজরায়েলি বসতি স্থাপনকারীদের অগ্নিসংযোগ ঘিরে ইজরায়েলে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দলনেতা গাদি আইজেনকট এই হামলার কড়া নিন্দা করেছেন এবং একে ‘ইহুদি সন্ত্রাস’ বলে বর্ণনা করেছেন।
শনিবার রাতে কয়েক ডজন বসতি স্থাপনকারী প্যালেস্টাইনি জনপদে হামলা চালায়। তারা প্রায় এক ডজন গাড়ি এবং কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়, দেওয়ালে বর্ণবিদ্বেষী কথা লিখে যায়। অন্তত চারটি জনপদ আক্রান্ত হয়েছে। ইজরায়েলি পুলিশ জানিয়েছে, ফরেন্সিক দল নিয়ে তদন্ত শুরু হয়েছে।
রামাল্লার কাছে কাফর মালিক গ্রামের ছবিতে হিব্রু ভাষায় লেখা একটি স্লোগান দেখা গিয়েছে: ‘এটা প্রথম প্রতিশোধ।’ ওই গ্রামে বেশ কয়েকটি গাড়ি ও বাড়িতে আগুন লাগানো হয়। পাশের দেইর আল-সুদান গ্রামের ছবিতে জ্বলন্ত গাড়ি দেখা গিয়েছে। প্যালেস্টাইনি সূত্রের খবর, দেইর বাল্লুতে একটি কৃষি-ভবনে আগুন দেওয়া হয়েছে এবং দেইর আবু মাশালে গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।
গত মাসের নির্বাচনে কোনও পক্ষই নিরঙ্কুশ ফল পায়নি, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। আইজেনকটকে সরকার গড়তে ডাকা হয়েছে, যদিও তাঁর সম্ভাবনাও খুব একটা উজ্জ্বল দেখাচ্ছে না।
পশ্চিম তীরকে তার বাইবেলীয় নামে উল্লেখ করে আইজেনকট বলেন, ‘গত রাতে জুডিয়া ও সামারিয়ায় যে অগ্নিসংযোগ হয়েছে, তা সব অর্থেই ইহুদি সন্ত্রাস। যে চরমপন্থী গোষ্ঠীগুলি গাড়ি আর বাড়িতে আগুন দিচ্ছে, তারা আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে, মানুষের প্রাণ বিপন্ন করছে এবং ইজরায়েলের জাতীয় নিরাপত্তা ও বিদেশনীতির গুরুতর ক্ষতি করছে।’ অতি-দক্ষিণপন্থী দুই মন্ত্রী ইতামার বেন-গভির এবং বেজালেল স্মোতরিচের নাম করে তিনি আরও বলেন, ‘পশ্চিম তীরে বেন-গভির আর স্মোতরিচের নেতৃত্বে যা চলছে, তা এলাকাটিকে লাগামছাড়া অরাজকতার কিনারায় এনে দাঁড় করিয়েছে।’
প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের জন্য আইজেনকটকে ২৮ দিন সময় দিয়েছেন, প্রয়োজনে আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে। আইজেনকট সরকার ও নিরাপত্তা প্রতিষ্ঠানের কাছে আর্জি জানিয়েছেন, ‘প্রশাসনিক আটক এবং শিন বেতের নির্দিষ্ট অভিযান-সহ হাতে থাকা প্রতিটি উপায় কাজে লাগিয়ে দাঙ্গাবাজদের থামাতে হবে এবং তাদের কঠোর শাস্তি দিতে হবে।’
রবিবার নজিরবিহীন ভাবে ইজরায়েলি পার্লামেন্টের আরও কয়েক জন সদস্য প্যালেস্টাইনিদের উপরে জঙ্গি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান হিংসা নিয়ে নেতানিয়াহুর সমালোচনা করেছেন।
ইয়েশ আতিদ দলের নেতা ইয়াইর লাপিদ এই হামলায় মদত দেওয়ার জন্য নেতানিয়াহু সরকারকেই দায়ী করেছেন। এক্স-এ তিনি লেখেন, ‘ইহুদি সন্ত্রাস ইজরায়েল সরকারের অপরাধমূলক গাফিলতির ফসল।’ তাঁর অভিযোগ, মন্ত্রীরা ‘মুখ বন্ধ রেখে’ জেনেবুঝে জঙ্গি বসতি স্থাপনকারীদের হিংসায় উস্কানি দিচ্ছেন।
ডেমোক্র্যাটস দলের নেতা ইয়াইর গোলান তৃতীয় ইন্তিফাদার আশঙ্কার কথা শুনিয়েছেন। তাঁর মতে, পশ্চিম তীর এখন ‘বিস্ফোরণের মুখে’। এক্স-এ গোলান লেখেন, ‘যিনিই তৃতীয় ইন্তিফাদা ঠেকাতে চান, তাঁকে বর্তমান সরকারকে সরাতে হবে। এই সরকার ইহুদি সন্ত্রাসকে আড়াল করে, মদত দেয় এবং নিরাপত্তার দায় ঝেড়ে ফেলে। ইহুদি সন্ত্রাস নিরীহ প্যালেস্টাইনি এবং ইজরায়েলি সেনাদের ক্ষতি করছে, ইজরায়েলকে নজিরবিহীন আন্তর্জাতিক বিচ্ছিন্নতার দিকে ঠেলে দিচ্ছে।’
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এবং নেসেট সদস্য নোয়াম টিবনও একই রকম সতর্কবার্তা দিয়েছেন। তিনি লেখেন, ‘ইজরায়েল যদি পশ্চিম তীরে ইহুদি সন্ত্রাস নির্মূল না করে, তবে তা ইজরায়েলকেই ধ্বংস করবে।’ এই সব অভিযোগের এখনও কোনও জবাব দেননি নেতানিয়াহু।
বুধবার অস্ট্রেলিয়া তিন জন ব্যক্তি এবং চারটি ইজরায়েলি সংস্থার উপরে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। তাদের মধ্যে একটি নির্মাণ সংস্থাও আছে। অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতির সম্প্রসারণ এবং প্যালেস্টাইনিদের উপরে মানবাধিকার লঙ্ঘনে তাদের ভূমিকার জন্যই এই পদক্ষেপ। তার আগের দিন ব্রিটেন পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণে যুক্ত আটটি ইজরায়েলি নির্মাণ সংস্থার উপরে নিষেধাজ্ঞা জারি করে। রাষ্ট্রপুঞ্জের মতে, পশ্চিম তীর প্যালেস্টাইনি ভূখণ্ড, যা ১৯৬৭ সাল থেকে ইজরায়েলের দখলে রয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের নেতৃত্বে হামলার পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইজরায়েলি বসতির সম্প্রসারণ এবং প্যালেস্টাইনিদের উপরে হিংসা দুই-ই লাফিয়ে বেড়েছে। সেখানে ইজরায়েলি বাহিনী বা বসতি স্থাপনকারীদের হাতে এখনও পর্যন্ত ১,১০০-রও বেশি প্যালেস্টাইনির মৃত্যু হয়েছে।
গত মঙ্গলবার জেরিকোর কাছে একটি গ্রামে রাতের হামলায় জঙ্গি ইজরায়েলি বসতি স্থাপনকারীদের গুলিতে ৭২ বছরের এক প্যালেস্টাইনি মহিলা নিহত হন। কয়েকটি প্যালেস্টাইনি বাড়ি দখল করে ওই গোষ্ঠী সম্প্রতি সেই গ্রামেই ঘাঁটি গেড়েছে।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।