তুরস্কে রাষ্ট্রপুঞ্জের কপ৩১ জলবায়ু আলোচনা শেষ হল নাটকীয় ভাবে। জলবায়ুর ভবিষ্যৎ নিয়ে প্রস্তাবিত চুক্তিটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে খারিজ করে দিল ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন এবং উন্নয়নশীল বিশ্বে তাদের সহযোগী দেশগুলি। তাদের মূল আপত্তি, খসড়ায় জীবাশ্ম জ্বালানির উল্লেখটুকুও নেই।

ইইউ-র হয়ে বলতে গিয়ে আয়ারল্যান্ডের পরিবেশমন্ত্রী ডারা ও’ব্রায়েন জানান, প্রস্তাবিত চুক্তি ‘সময়ের দাবি মেটাতে পারেনি’। তাঁর কথায়, “বিজ্ঞানের ডাকে সাড়া দেয় না, উল্টে বিশ্বের প্রতিশ্রুতি আর প্রয়োজনীয় পদক্ষেপের মধ্যেকার ফাঁক আরও চওড়া করে দিতে পারে, এমন কোনও সিদ্ধান্তে আমরা সই করব না। এতে জীবাশ্ম জ্বালানির উল্লেখটুকুও নেই।”

আলোচনা শেষ হওয়ার কথা ছিল শুক্রবার। কিন্তু তা গড়াল রবিবার বিকেল পর্যন্ত, জলবায়ু সম্মেলনের ইতিহাসে যা দীর্ঘতম। ততক্ষণে স্পষ্ট হয়ে গিয়েছিল, সম্মেলনের যৌথ সভাপতি তুরস্ক ও অস্ট্রেলিয়া যে ‘আন্তালিয়া চুক্তি’র খসড়া তৈরি করেছিল, পাশ হওয়ার মতো ঐকমত্য তা পাবে না।

আন্তালিয়া চুক্তিতে দেশগুলিকে অর্থনীতির বিদ্যুতায়নের আহ্বান জানানো হয়েছে। জলবায়ু সঙ্কটের অভিঘাতের সঙ্গে মানিয়ে নিতে ধনী দেশগুলিকে দরিদ্র দেশগুলির হাতে অর্থ তুলে দিতে বলা হয়েছে। প্যারিস চুক্তির ১.৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণায়নের সীমা যতটা কম সম্ভব ছাপিয়ে যায়, সেই চেষ্টা করতেও বলা হয়েছে দেশগুলিকে। কিন্তু ১৩০টিরও বেশি দেশ যে ‘জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসা’র দাবি তুলেছিল, খসড়ায় তার সমর্থন নেই। উল্টে তাতে রাখা হয়েছে ‘কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ’ (সিসিএস) প্রযুক্তি নিয়ে বিতর্কিত কিছু ধারা। অনেকেরই অভিযোগ, এই প্রযুক্তি আসলে জীবাশ্ম জ্বালানিকে টিকিয়ে রাখার রাস্তা।

তবে সংশ্লিষ্ট কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত পাশ করিয়ে ‘কনফারেন্স অব দ্য পার্টিজ়’-কে পুরোপুরি ভেস্তে যাওয়া থেকে বাঁচিয়েছেন দুই সভাপতি। তার মধ্যে আছে ‘ন্যায্য রূপান্তর’-এর প্রশ্ন, অর্থাৎ বেশি কার্বন নিঃসরণকারী শিল্পের শ্রমিকদের কম কার্বনের অর্থনীতিতে সরে যেতে সাহায্য করা। তুরস্কের কপ সভাপতি মুরাত কুরুম অবশ্য মেনে নিয়েছেন, মূল ‘কভার ডিসিশন’-এর খসড়া নিয়ে কোনও সমঝোতা হয়নি, তাই সেটি গৃহীত হয়নি। তিনি বলেন, “আমরা সাধ্যমতো চেষ্টা করেছি। শেষ পর্যন্ত এই খসড়া আমরা কারও উপরে চাপিয়ে দিইনি, ‘নিলে নাও, না হলে ছাড়ো’ গোছের কোনও চরমপত্রও দিইনি। এটা স্পষ্ট যে এই সভাকক্ষে এমন পক্ষ আছে, যারা এই খসড়ার বিরোধী। আমরা স্বীকার করছি, এই নথি নিয়ে ঐকমত্য নেই। ফলে এই সিদ্ধান্তগুলি গৃহীত হল না।”

এ বারের কপের প্রধান ফলাফল হওয়ার কথা ছিল যে আন্তালিয়া চুক্তির, তাকে সমর্থন করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে বহু দেশ। সেই তালিকায় ইইউ ও ব্রিটেন যেমন আছে, তেমনই আছে ছোট দ্বীপরাষ্ট্রগুলি এবং বিশ্বের দরিদ্রতম কিছু দেশ। নাটকীয় হস্তক্ষেপে ইইউ-র তরফে ও’ব্রায়েন জানিয়ে দেন, বর্তমান চেহারায় চূড়ান্ত খসড়া তাঁরা মেনে নিতে পারছেন না। তাঁর বক্তব্য, “এটি সময়ের দাবি মেটাতে ব্যর্থ। জলবায়ু পরিবর্তনের প্রধান চালিকাশক্তি যে জীবাশ্ম জ্বালানি, তার উল্লেখটুকু পর্যন্ত নেই, এমন কভার ডিসিশন বা আন্তালিয়া চুক্তিতে আমরা সায় দেব না।” তিনি আরও বলেন, ‘জীবাশ্ম জ্বালানির গায়ে সবুজ রং চড়ায়’, এমন কোনও সিদ্ধান্ত ইইউ মানবে না। তাঁর বক্তৃতা শেষ হতেই হাততালিতে ফেটে পড়ে সভাকক্ষ। পরে একই রকম আপত্তি তোলে পানামা, মার্শাল দ্বীপপুঞ্জ ও নরওয়ে।

উপদেষ্টা সংস্থা ক্লাইমেট অ্যানালিটিক্সের প্রধান কার্যনির্বাহী আধিকারিক বিল হেয়ারের মতে, “এ যেন সত্যিই একটা গণ্ডি টেনে দেওয়ার মুহূর্ত। দেশগুলি জীবাশ্ম জ্বালানির স্বার্থের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ‘না’ বলছে।”

তবে অন্য সুরও শোনা গিয়েছে। এই সম্মেলনকে ‘সবচেয়ে খারাপ কপ’ আখ্যা দিয়ে থিঙ্কট্যাঙ্ক পাওয়ার শিফট আফ্রিকার অধিকর্তা মহম্মদ আদো বলেন, “ইইউ এই খসড়া খারিজ করেছে ঠিকই, কিন্তু যে ধ্বংসস্তূপ তৈরিতে তার নিজেরও হাত আছে, তার দায় সে ঝেড়ে ফেলতে পারে না। যে সব দেশ ফসলহানি, ঘরবাড়ি ধ্বংস আর ক্রমবর্ধমান ঋণের বোঝার মুখোমুখি, তাদের কাছে এর অর্থ, এই সঙ্কটের জন্য সবচেয়ে বেশি দায়ী ধনী দেশগুলি তাদের ফেলে চলে গেল।” তাঁর আরও অভিযোগ, “ইউরোপের ভণ্ডামি স্তম্ভিত করে দেওয়ার মতো। তাদের সরকারগুলি অন্যদের কাছে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার রূপরেখা দাবি করছে, অথচ নিজেরাই জীবাশ্ম জ্বালানির ব্যবহার বাড়িয়ে চলেছে।”

খসড়ায় সিসিএস রাখার সিদ্ধান্তের পক্ষে সওয়াল করেছে সৌদি আরব। আফ্রিকা গোষ্ঠী, চিন ও পাকিস্তান-সহ আরও কয়েকটি দেশও চুক্তিতে আপত্তি জানায়নি, যদিও তাদের কারও কারও কিছু দ্বিধা ছিল। পাকিস্তান সম্মেলনে জানায়, চুক্তির কয়েকটি বিষয়ে কারও কারও আপত্তি আছে বলেই বাকিটা বিসর্জন দেওয়া উচিত নয়। তাদের কথায়, “জলবায়ু পদক্ষেপ কোনও মেনুকার্ড নয় যে, শুধু নিজের পছন্দের পদটুকু বেছে নেব।” প্রক্রিয়া নিয়ে সমালোচনা থাকলেও চূড়ান্ত খসড়া খারিজ করেনি ঘানা। তাদের বক্তব্য, “আফ্রিকা বরাবর বহুপাক্ষিকতা থেকে মুখ ফিরিয়ে না নিয়ে তাকে গড়ে তোলার পথই বেছে নিয়েছে।”

তুরস্ক ও অস্ট্রেলিয়ার যৌথ সভাপতিত্বে প্রায় ২০০টি দেশ দু’সপ্তাহ ধরে আন্তালিয়ায় বৈঠক করেছে। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়া এই আলোচনায় বারবার দীর্ঘ অচলাবস্থা তৈরি হয়েছে, দেশগুলি কোনও সাধারণ জমি খুঁজে পায়নি। কপের সহ-সভাপতি, অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন মন্ত্রী ক্রিস বোয়েন অবশ্য নিজেদের নেতৃত্বের পক্ষেই সওয়াল করেছেন। তাঁর দাবি, “অস্ট্রেলিয়া চেষ্টায় কোনও খামতি রাখেনি।” কিন্তু যে ‘লক্ষ্মণরেখা’গুলির মধ্যে দুই সভাপতি সমঝোতার চেষ্টা করছিলেন, তিনি বলেন, সেগুলির মধ্যে সেতুবন্ধন অসম্ভব ছিল।

ঐকমত্যভিত্তিক যে ব্যবস্থা এ বার ভেঙে পড়ল, তা নিয়ে প্রশ্নের জবাবে রাষ্ট্রপুঞ্জের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কাঠামো চুক্তির (ইউএনএফসিসিসি) কার্যনির্বাহী সচিব সাইমন স্টিল বলেন, “আজ এটা নিঃসন্দেহে প্রত্যাশা পূরণ করতে পারেনি।” তবে তিনি জোর দিয়ে জানান, আলোচ্যসূচির উল্লেখযোগ্য সংখ্যক বিষয় পাশ হয়েছে, যাতে “সত্যিকারের অগ্রগতি ও বাস্তব ফল” মিলেছে।

কিন্তু অনেক অংশগ্রহণকারীর কাছেই এই আলোচনা বেআব্রু করে দিল সম্মিলিত সদিচ্ছার অভাব, বিশেষত জলবায়ু সঙ্কটের জরুরি অবস্থার মোকাবিলায় ধনী বিশ্বের ব্যর্থতা। এ বছর গোটা বিশ্বে চরম আবহাওয়ার দাপট আরও বেড়েছে। তাপপ্রবাহে, নেপালের হিমবাহ ধসের মতো বিপর্যয়ে, অতিশক্তিশালী এল নিনোয় আরও তীব্র হয়ে ওঠা খরা ও বন্যায় প্রাণ গিয়েছে হাজার হাজার মানুষের। তার মধ্যে জলবায়ু আলোচনার এই শম্বুকগতি হতবাক করেছে পোড়খাওয়া অংশগ্রহণকারীদেরও।

আলোচনা যখন নির্ধারিত সমাপ্তির দিকে এগোচ্ছে, তখন আয়ারল্যান্ডের প্রাক্তন প্রেসিডেন্ট তথা রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন জলবায়ু দূত মেরি রবিনসন বলেছিলেন, “এই বিষয়গুলির মোকাবিলায় যে তাগিদ থাকা দরকার, তা নেই। আমার কাছে এটা ভীষণ হতাশার। আমাদের যে সহ-সভাপতিরা আছেন, তাঁরা সত্যিই এগিয়ে এসে সেই নেতৃত্ব দেননি।”