ইরানের গায়িকা পরস্তু আহমাদি এবং তাঁর ব্যান্ড ও প্রযোজনা দলের চার সদস্যকে কোম শহরে চাবুক মারা হয়েছে। এ কথা জানিয়েছেন তাঁদের আইনজীবীরা। প্রত্যেককে ৭৪ ঘা করে চাবুক মারা হয়েছে। আইনজীবী দলের এক সদস্য জানিয়েছেন, সোমবার, ২৩ নভেম্বর, কোমের ফৌজদারি দণ্ড কার্যকর দফতরে এই শাস্তি দেওয়া হয়।
২০২৪ সালের ডিসেম্বরে পরস্তুর ইউটিউব চ্যানেলে একটি অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হয়েছিল। সেখানে ২৯ বছরের এই গায়িকার পরনে ছিল হাতকাটা পোশাক, মাথায় হিজাব ছিল না। ইরানের আইনে মহিলাদের প্রকাশ্যে গান গাওয়া নিষিদ্ধ। মাথায় ওড়না আর ঢিলেঢালা, শালীন পোশাক পরাও বাধ্যতামূলক। আইনজীবীরা জানান, জুন মাসে কোমের একটি আদালত পরস্তু-সহ ন'জনকে দোষী সাব্যস্ত করে। সেপ্টেম্বরের শেষে আপিল আদালতও সেই সাজা বহাল রাখে।
আদালতের রায়ে কী ছিল
জুনে কোমের ফৌজদারি আদালত পরস্তু এবং আরও আট জনকে অশালীন বিষয়বস্তু প্রকাশ করে জনশালীনতা লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করে। অভিযুক্তেরা অভিযোগ অস্বীকার করেছিলেন। ৭৪ ঘা চাবুকের পাশাপাশি আদালত তাঁদের দু'বছরের জন্য অডিও-ভিস্যুয়াল কাজ করতে এবং দেশের বাইরে যেতে নিষেধ করে। অভিযুক্তেরা আপিল করেন। আইনজীবীদের বক্তব্য, সেপ্টেম্বরের শেষে কোমের আপিল আদালত সেই আবেদন খারিজ করে সাজা বহাল রাখে।
কাদের চাবুক মারা হল
আইনজীবী দলের এক সদস্য জানান, পরস্তু, তিন জন বাদ্যশিল্পী এবং এক প্রযোজককে ৭৪ ঘা করে চাবুক মারা হয়েছে। তিনি বলেন, কোমের দণ্ড কার্যকর দফতরের তৃতীয় শাখায় পরস্তু এবং তাঁর চার পুরুষ সহ-অভিযুক্তকে এই শাস্তি দেওয়া হয়। সংস্কারপন্থী দৈনিক এতেমাদ আর এক আইনজীবী মোস্তাফা নিলিকে উদ্ধৃত করে জানিয়েছে, ওই চার জন হলেন সোহেল ফকিহ-নাসিরি, আমিন তাহেরি, আমিরআলি পিরনিয়া এবং মোহসেন লশকরি। এক আইনজীবীর কথায়, রায় খারিজ করানো, নিদেনপক্ষে সাজা কমানো বা স্থগিত রাখার জন্য তাঁরা সব রকম চেষ্টা করেছিলেন, কিন্তু "তা কাজে আসেনি"। তিনি জানান, সাজা কার্যকর পিছিয়ে দেওয়ার আর্জিও জানানো হয়েছিল, কিন্তু দণ্ড কার্যকর দফতর তখনই শাস্তি দেওয়ার ব্যাপারে অনড় ছিল।
নিন্দায় মানবাধিকার সংগঠনগুলি
সাজা ঘোষণার সময়েই ইরানের শিল্পী ও মানবাধিকার কর্মীরা এর সমালোচনা করেছিলেন। তাঁদের বক্তব্য ছিল, চাবুক মারা নিষ্ঠুর, অমানবিক ও অবমাননাকর শাস্তি, যা নির্যাতনের উপরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পরিপন্থী। শাস্তি কার্যকর হওয়ার পরে আমেরিকার সংগঠন সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরানের অ্যাডভোকেসি বিভাগের অধিকর্তা বাহার ঘানদেহারি বলেন, এটি পরস্তুর মৌলিক অধিকারের স্পষ্ট লঙ্ঘন। তাঁর মতে, এই ঘটনা দেখিয়ে দিল, মহিলাদের স্বাধীনতা খর্ব করতে এবং বৈষম্যমূলক আইনকে যাঁরা চ্যালেঞ্জ করছেন তাঁদের শাস্তি দিতে কর্তৃপক্ষ বদ্ধপরিকর।
ইরানের পোশাকবিধি ও ২০২২ থেকে দমনপীড়ন
শরিয়ত আইনের যে ব্যাখ্যা ইরান মেনে চলে, তাতে বয়ঃসন্ধি পেরোনো মহিলা ও মেয়েদের হিজাবে চুল ঢাকতে হয় এবং শরীরের গড়ন ঢেকে রাখে এমন লম্বা, ঢিলেঢালা পোশাক পরতে হয়। ২০২২ সালের সেপ্টেম্বরে তেহরানে নীতি পুলিশ ঠিক মতো হিজাব না পরার অভিযোগে ২২ বছরের কুর্দ তরুণী মাহসা আমিনিকে আটক করে। হেফাজতেই তাঁর মৃত্যু হয়। দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মহিলারা প্রকাশ্যে মাথার ওড়না পুড়িয়ে বা উড়িয়ে প্রতিবাদ জানান। জানিয়েছিল, নিরাপত্তা বাহিনীর দমনপীড়নে কয়েকশো মানুষের মৃত্যু হয়। তার পর থেকে বহু মহিলা ও মেয়ে প্রকাশ্যে চুল ঢাকা বন্ধ করে দিয়েছেন। কর্তৃপক্ষ দফায় দফায় গ্রেফতার, সতর্কবার্তা আর ব্যবসা বন্ধ করে দিয়ে তার জবাব দিয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে অর্থনৈতিক সঙ্কটকে কেন্দ্র করে শুরু হওয়া আর এক দফা গণবিক্ষোভও নিরাপত্তা বাহিনী দমন করে। খবর, তাতে হাজার হাজার মানুষের মৃত্যু হয়, গ্রেফতার হন কয়েক হাজার। ফেব্রুয়ারির শেষে আমেরিকা ও ইজ়রায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের প্রয়োগ আরও বাড়িয়েছে কর্তৃপক্ষ। নরওয়ের সংগঠন ইরান হিউম্যান রাইটসের হিসাবে, জানুয়ারির বিক্ষোভে দোষী সাব্যস্ত অন্তত ৩৯ জন এবং ২০২২ সালের অস্থিরতায় দোষী সাব্যস্ত দু'জনের ফাঁসি হয়েছে। নিষিদ্ধ বিরোধী গোষ্ঠীর সঙ্গে যোগের অভিযোগে ১৬ জন এবং গুপ্তচরবৃত্তি বা বিদেশি রাষ্ট্রের হয়ে কাজ করার দায়ে ১৭ জনের ফাঁসির কথাও জানিয়েছে তারা। সংগঠনের দাবি, জানুয়ারিতে আটক আরও ১২১ জন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যাঁদের মধ্যে ছ'জন মহিলা এবং পাঁচ জন নাবালক অভিযুক্ত। যে কোনও দিন তাঁদের ফাঁসি হতে পারে।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।