লন্ডনের হ্যামারস্মিথে নিজের রেস্তরাঁয় ‘সগর্বে নন-হালাল’ লেখা ব্যানার টাঙিয়ে খবরের শিরোনামে এসেছিলেন হরমন সিংহ কপূর। এ বার তাঁর গ্রেফতারি ঘিরে দ্বিধাবিভক্ত জনমত, নতুন করে মাথাচাড়া দিয়েছে বাক্স্বাধীনতার সীমা নিয়ে বিতর্ক। ১৩ নভেম্বর ‘চরম আপত্তিকর ছবি রাখা ও ছড়ানোর সন্দেহে’ হরমনকে গ্রেফতার করে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ। পরে জামিনে ছাড়া পান তিনি।
আফগান শিখ শরণার্থী থেকে ব্রিটিশ নাগরিক হয়ে ওঠা হরমন ১৯৯৬ সাল নাগাদ কাবুল ছাড়েন। লন্ডনে রাজনৈতিক আশ্রয় পেয়ে শহরের নানা রেস্তরাঁয় বাসন মাজা আর টেবিল মোছার কাজ শুরু করেন। তার চোদ্দো বছর পরে খোলেন নিজের রেস্তরাঁ ‘রংরেজ’। পরে তার নাম বদলে রাখা হয় ‘সিংহ’স ডাইনিং’। হরমনের দাবি, এখানে মেলে ‘খাঁটি ভারতের স্বাদ’।
মাসের পর মাস ধরে সমালোচনার মুখে হরমন। কারণ, রেস্তরাঁর ওই ‘সগর্বে নন-হালাল’ ব্যানার আর মুসলিম, অভিবাসী ও প্যালেস্টাইনিদের নিয়ে সমাজমাধ্যমে তাঁর উস্কানিমূলক পোস্ট। এপ্রিলে এক পোস্টে তিনি লেখেন, “মুসলিমরা ব্রিটেনে শরিয়া আইন কায়েম করছে।” সেপ্টেম্বরে গাজ়ার একটি মেয়েদের স্কুলের ভিডিয়ো পোস্ট করে তাতে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ট্যাগ করেন এবং প্রশ্ন তোলেন, বাড়িটা এখনও দাঁড়িয়ে আছে কেন। তীব্র প্রতিক্রিয়ার পরে আর একটি ভিডিয়ো প্রকাশ করে তিনি জানান, ‘নিজের অহং গিলে’ কথা বলছেন। সেই ভিডিয়োয় হরমন বলেন, একের পর এক নেতিবাচক রিভিউয়ের জেরে আর্থিক চাপ বাড়ছে। ব্যবসা বাঁচাতে ক্রেতাদের পাশে দাঁড়ানোর আর্জিও জানান।
হরমনের সমর্থকও কম নেই। তাঁদের যুক্তি, নিজের মত প্রকাশের এবং নিজের প্রতিষ্ঠানে যা খুশি পরিবেশন করার স্বাধীনতা তাঁর আছে। ‘মন্টি পাইথন’ ও ‘ফল্টি টাওয়ার্স’ খ্যাত ব্রিটিশ অভিনেতা জন ক্লিজ় হরমনকে গ্রেফতারের জন্য লন্ডন পুলিশের সমালোচনা করেছেন, রেস্তরাঁর জন্য বেসরকারি নিরাপত্তারক্ষীরও ব্যবস্থা করেছেন। কপূরের গ্রেফতারির পরে ক্লিজ় এক্স-এ লেখেন, “এই হল ২০২৬-এর ব্রিটেন, লেবার সরকারের অধীনে।” তাঁর মতে, এই গ্রেফতারি ‘পুলিশের সম্পূর্ণ অযৌক্তিক বাড়াবাড়ি’, এবং স্রেফ মত প্রকাশের জন্যই নিশানা করা হচ্ছে হরমনকে।
রেস্তরাঁর সামনে হরমনের স্ত্রী খুশি হরমন কপূর একটি প্ল্যাকার্ড হাতে দাঁড়ান। তাতে লেখা, “মেট পুলিশ এই রেস্তরাঁকে রক্ষা করবে না, তাই টাকা দিয়ে রক্ষা করছেন জন ক্লিজ়।” এর আগে স্ত্রীর অ্যাকাউন্ট থেকে কপূর পোস্ট করেছিলেন, তাঁর রেস্তরাঁয় বিক্ষোভকারীরা হাজির হচ্ছেন; পুলিশি সুরক্ষাও চেয়েছিলেন। লেখেন, “ন্যায়, স্বাধীনতা, সাম্য আর নিরাপদ ব্রিটেনের জন্য এক সঙ্গে দাঁড়াই। ব্রিটেনকে আবার মহান করে তুলি!”
আইন কী বলছে
ব্রিটেনে বাক্স্বাধীনতা সংক্রান্ত দু’টি আইন রয়েছে— ১৯৯৮ সালের হিউম্যান রাইটস অ্যাক্ট এবং ২০২৩ সালে সংশোধিত পাবলিক অর্ডার অ্যাক্ট। এই স্বাধীনতা নিরঙ্কুশ নয়; নিরাপত্তা ও জনসুরক্ষার স্বার্থে তার উপরে বিধিনিষেধ আছে। লক্ষণীয়, মুসলিম সমাজের ভিতর থেকেও কিছু কণ্ঠ হরমনের বাক্স্বাধীনতার পক্ষে সওয়াল করেছে।
নিজেকে ‘মুসলিম জ়ায়নিস্ট’ বলে পরিচয় দেওয়া মার্কিন সেনার প্রাক্তন সদস্য মনসুর হুসেন লাঘারি এক্স-এ লেখেন, “লন্ডনের এক জন মানুষ আমার ধর্ম নিয়ে যা ভাবেন, বলতেই পারেন। আমি তাঁকে বলতে পারি তিনি ভুল, তার পরে বাড়ি ফিরে নমাজ পড়ে নিশ্চিন্তে ঘুমোতে পারি… আর আপনি যদি নিজের বাক্স্বাধীনতা প্রয়োগ করতে রাস্তায় নামেন, তা হলে ওঁর কথা বলার স্বাধীনতাকেও রক্ষা করার শালীনতাটুকু দেখান।”
মানবাধিকার সংগঠন লিবার্টি জোর দিয়ে বলেছে, প্রতিটি আপত্তিকর মন্তব্যকেই ফৌজদারি অপরাধ ধরে না নিয়ে পুলিশ ও আদালতের উচিত প্রতিটি বক্তব্যের প্রেক্ষাপট বিচার করা।
নিজের সমাজেই একঘরে
তবে নিজের মতামতের জেরে হরমন নিজের সম্প্রদায়েরই অনেকের থেকে দূরে সরে গিয়েছেন। লন্ডনে একাধিক শিখ প্রতিনিধি ও গোষ্ঠীর সঙ্গে কাজ করা নিষ্কাম সোয়াট (শিখ ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাওয়্যারনেস টিম)-এর প্রতিষ্ঠাতা রণদীপ এস লাল বলেন, “উনি শিখ সমাজের প্রতিনিধি নন। উনি এক জনের একটা ব্র্যান্ড, যা কেবল নিজেরই প্রতিনিধিত্ব করে।”
একাধিক শিখ সংগঠনের সক্রিয় সদস্য, একেমিডিয়া৪৭-এর জাস সিংহ মনে করেন, ঝটকা মাংসের পক্ষে অবস্থান নেওয়া জরুরি। কিন্তু তাঁর সংযোজন, “হরমনের আরও ভাল ভাবে কাজটা করা উচিত ছিল… এতটা আক্রমণাত্মক ভাবে নয়।” জাসের কথায়, “নন-হালাল আন্দোলনের জন্য আমরা চেয়েছিলাম বিভিন্ন সম্প্রদায় এক সঙ্গে কাজ করুক। কিন্তু ওঁর কাণ্ডকারখানায় সম্প্রদায়গুলির প্রতি ঘৃণা আরও বাড়ছে।”
অনেকের কাছে প্যালেস্টাইন নিয়ে হরমনের মন্তব্যই শেষ খড়কুটো। লাল বলেন, “প্রতিটি সম্প্রদায়ের আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে। কোনও প্রাণহানিকে কখনও উদ্যাপন করা উচিত নয়। আমাদের রাজনৈতিক মত আলাদা হতে পারে, কিন্তু তা দিয়ে গোটা একটা সম্প্রদায়কে অসম্মান বা বিদ্রুপ করা কখনওই সমর্থনযোগ্য নয়। সমাজমাধ্যমকে ঘৃণা আর বিদ্বেষ ছড়ানোর অস্ত্র বানানো যায়, এবং আমার বিশ্বাস হরমন তা-ই করেছেন— প্যালেস্টাইনি সম্প্রদায়কে নিশানা করে তাদের হেয় করেছেন।” লাল জানান, পরিস্থিতি কী ভাবে সামলানো যায়, তা নিয়ে লন্ডনের শিখ সংগঠনগুলি বৈঠকে বসেছে।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।