ইগর পেরেইরা সান্তোস শেয়ার বাজারে ছোটখাটো লেনদেন করতেন। জীবনে একটু উত্তেজনা চাইছিলেন। তাঁর মনে আছে, ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে একটি ভিডিয়ো চোখে পড়ে। তাতে জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চারের ডাক ছিল, সঙ্গে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো টাকার প্রতিশ্রুতি।

ভিডিয়োয় বলা হয়েছিল, ব্রাজিলের উত্তর-পূর্বে তাঁর ঝিমিয়ে থাকা শহর থেকে প্রায় সাড়ে এগারো হাজার কিলোমিটার দূরের এক সেনাবাহিনীতে যোগ দিলে মাসে কয়েক হাজার ডলার রোজগার করা যাবে। দ্য নিউ ইয়র্ক টাইমস ভিডিয়োটি দেখেছে। তাতে মস্কোবাসী ব্রাজিলীয় পরিচয় দেওয়া দুই ব্যক্তি বিদেশিদের রুশ সেনায় ভর্তি হতে সাহায্যের প্রতিশ্রুতি দিচ্ছিলেন।

সান্তোস জানিয়েছেন, পরে ওই দুই ব্রাজিলীয় দালাল তাঁকে ও আরও অনেককে আশ্বাস দেন, কিছু টাকার বিনিময়ে সেনাবাহিনীতে তাঁদের পরিচিত লোকজন রান্নাঘরে বা অস্ত্র মেরামতির কাজ জুটিয়ে দেবেন, ইউক্রেন যুদ্ধের সম্মুখসমর থেকে অনেক দূরে। সাঁইত্রিশ বছরের সান্তোস ইতিহাসের ভক্ত, যুদ্ধের ছবি আর কমব্যাট ভিডিয়ো গেমের প্রতি তাঁর দুর্বলতা আছে। প্রস্তাবে রাজি হয়ে যান তিনি। তাঁর কথায়, "টিকিট কাটলাম, চলে গেলাম।"

কিন্তু গত বছর মস্কো পৌঁছনোর কয়েক সপ্তাহের মধ্যেই, তাঁর দাবি, সামান্য প্রশিক্ষণ দিয়ে তাঁকে রণাঙ্গনে পাঠিয়ে দেওয়া হয়। আর সেনায় যোগ দেওয়ার জন্য পাওয়া ২৫ হাজার ডলার উধাও হয়ে যায় তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। কয়েক মাস পরে পূর্ব ইউক্রেনে এক অভিযানে গিয়ে শেলের টুকরোয় তাঁর দুই পা গুরুতর জখম হয়। টাইমস তাঁর চিকিৎসার নথি খতিয়ে দেখেছে।

এক সাক্ষাৎকারে সান্তোস বলেন, "ওরা আকাশের চাঁদ-তারা পেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু বাস্তবটা ভয়াবহ।"

সেনায় যোগ দেওয়া সৈনিকদের কথায়, এই একই জুটির টোপে কয়েক ডজন ব্রাজিলীয় রুশ সেনায় নাম লেখাতে গিয়েছিলেন।

নয় জন ব্রাজিলীয় রিক্রুট, আরও তিন জনের আত্মীয়স্বজন এবং টাইমসের হাতে আসা নথি বলছে, রাশিয়ায় পৌঁছনোর পরে তাঁদের ঠকিয়ে এমন এক ভাষায় লেখা কাগজে সই করানো হয়, যা তাঁরা বুঝতেন না। ওই কাগজের জোরেই তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর সামরিক বেতনের নিয়ন্ত্রণ চলে যায় দালালদের হাতে।

কেউ কেউ জানিয়েছেন, তাঁরা নিজেরা বা তাঁদের সহযোদ্ধারা যুদ্ধে আহত হয়েছেন। চিকিৎসার নথিতে সেই দাবির সত্যতা মিলেছে। পরিবার ও সহযোদ্ধাদের কথায়, অন্তত তিন জন অভিযানে গিয়ে আর ফেরেননি।

টাইমস ব্রাজিলীয় সৈনিক ও তাঁদের আত্মীয়দের সাক্ষাৎকার নিয়েছে, খতিয়ে দেখেছে তাঁদের দেওয়া নথি, ছবি, ভিডিয়ো, অডিয়ো ও টেক্সট মেসেজ। নথির মধ্যে ছিল পাওয়ার অব অ্যাটর্নির ফর্ম, সামরিক চুক্তিপত্র ও ব্যাঙ্ক স্টেটমেন্ট।

এই সব বয়ান এবং দালালদের অনলাইন পোস্ট মিলিয়ে বোঝা যায়, কী ভাবে এই মানুষগুলিকে নিয়োগ করে প্রায় কোনও প্রস্তুতি ছাড়াই যুদ্ধে পাঠানো হয়েছিল।

যুদ্ধ যত দীর্ঘ হয়েছে, আকাশছোঁয়া হতাহতের ধাক্কায় পাতলা হয়ে আসা বাহিনী ভরাতে রাশিয়া ততই বিদেশ থেকে স্বেচ্ছাসেবক খুঁজেছে। মোটা অঙ্কের যোগদান-বোনাস, চড়া বেতন, এমনকি রুশ নাগরিকত্বের টোপে সারা দুনিয়া থেকে বিদেশি যোদ্ধারা এসেছেন।

কিন্তু নতুন সৈনিক জোগাড়ের এই তাড়াহুড়ো ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা-সহ নানা দেশে মুনাফালোভী প্রতারক ও দালালদের জন্যও দরজা খুলে দিয়েছে বলে মনে হচ্ছে।

সান্তোস মেনে নিয়েছেন, দালালদের বিশ্বাস করাটা তাঁর বোকামি হয়েছিল। "আমরা কিছুই সন্দেহ করিনি," বলেন তিনি।

বিক্রির কৌশল

২০২৪ সালের শেষ দিকে সমাজমাধ্যমে রুশ সেনায় যোগ দেওয়ার আহ্বান প্রথম চোখে পড়ে সান্তোসের।

টাইমস যে অনলাইন টিউটোরিয়ালগুলি দেখেছে, তাতে দুই দালাল, পরে পাওয়ার অব অ্যাটর্নির নথিতে যাঁদের নাম আর্তুর মিশেল ক্রেফ আভালোনে ও আন্তোনিও আগুইয়ার নেতো বলে জানা যায়, ব্যাখ্যা করছিলেন কী ভাবে রুশ সেনার সঙ্গে এক বছরের চুক্তি করে ব্রাজিলীয়রা ৫০ হাজার থেকে ১ লক্ষ ডলার রোজগার করতে পারেন।

একটি ভিডিয়োয় আভালোনেকে বলতে শোনা যায়, "ব্রাজিলবাসী, মন দিয়ে শুনুন। আসুন, গ্রহের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীতে নাম লেখান। রুশ ভাষা জানতে হবে না, সামরিক অভিজ্ঞতার প্রমাণও লাগবে না।"

দালালেরা বলতেন, ব্রাজিলীয়দের শুধু মস্কোর একমুখী টিকিট কাটতে হবে। ইউটিউব, ইনস্টাগ্রাম ও টিকটকে পোস্ট করা ভিডিয়োগুলির শেষটা মোটামুটি একই রকম হত: "আরও জানতে টেলিগ্রামে যোগাযোগ করুন।"

সেই মেসেজিং অ্যাপে আভালোনে ও নেতো বিদেশি যোদ্ধা হওয়ার খুঁটিনাটি নির্দেশ দিতেন।

প্রতিশ্রুত সুযোগসুবিধার তালিকা অনেকটা ছাত্র-বিনিময় কর্মসূচির প্রচারপুস্তিকার মতো। পোস্টে লেখা থাকত, "কী কী থাকছে?" তার নীচে একটি দফায় "বিমানবন্দর থেকে যাতায়াত", আর একটিতে "রুশ সংস্কৃতির সঙ্গে পরিচয়"।

একাধিক বার যোগাযোগ করা হলেও আভালোনে বা নেতো কোনও উত্তর দেননি। গত কয়েক মাস ধরে তাঁদের অনলাইন প্রচার বন্ধ, তাঁরা কোথায় আছেন তা-ও স্পষ্ট নয়।

ওই দুই ব্রাজিলীয়র সঙ্গে সেনার কোনও যোগ আছে কি না, বা তাঁরা সেনার হয়ে সৈনিক নিয়োগ করছিলেন কি না, ইমেলে পাঠানো সেই প্রশ্নের জবাব দেয়নি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক। রুশ বিদেশমন্ত্রী সের্গেই ভি. লাভরভ এ বছর স্বীকার করেছেন যে বিদেশিরা যুদ্ধে অংশ নিচ্ছেন, তবে তাঁর দাবি, তাঁর সরকার কাউকে ঠকিয়ে সেনায় ভর্তি করায় না।

দুই দালালের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চলছে কি না, সে বিষয়ে মুখ খুলতে চায়নি ব্রাজিল বা রাশিয়া, কোনও দেশের কর্তৃপক্ষই।

রুশ সেনায় নিয়োগের প্রসঙ্গে ব্রাজিল সরকার সরাসরি কিছু বলেনি, তবে তাদের বিদেশ মন্ত্রক নাগরিকদের বিদেশি সংঘাতে জড়াতে নিষেধ করেছে। টাইমসের দেখা ইমেলে মস্কোর ব্রাজিলীয় দূতাবাস নিখোঁজ দুই ব্রাজিলীয়র আত্মীয়দের জানিয়েছে যে রুশ সেনায় থাকাকালীন তাঁরা নিখোঁজ হয়েছেন, কিন্তু আর কোনও বিবরণ দেয়নি।

দক্ষিণ আফ্রিকা, কেনিয়া ও বলিভিয়ার আধিকারিকেরা নাগরিকদের ঠকিয়ে রাশিয়ার হয়ে যুদ্ধে পাঠানো নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন।

সেপ্টেম্বরে রাষ্ট্রপুঞ্জে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি জানান, তাঁর দেশ ৪৭টি দেশের মানুষকে যুদ্ধবন্দি করেছে। তাঁর কথায়, "আপনাদের দেশের মানুষ প্রতারণা আর ছলচাতুরির ফাঁদে পড়ে রাশিয়ায় গিয়ে পৌঁছেছেন।"

নিয়োগ হওয়া ব্রাজিলীয়দের এক জন সান্তোস জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়া এক দাদুস্থানীয় আত্মীয়ের গল্প পরিবারে শুনে শুনে বরাবরই তিনি মুগ্ধ ছিলেন। "আমি ইতিহাসের অংশ হতে এসেছিলাম," বলেন তিনি।

সান্তোসের কথায়, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তিনি মস্কো পৌঁছলে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান নেতো, নিয়ে যান একটি হস্টেলে। পরের কয়েক দিনে আরও কয়েক জন ব্রাজিলীয় একে একে এসে পৌঁছন।

তাঁদের এক জন, চব্বিশ বছরের অ্যান্ডারসন দে অলিভেইরা ফেরেইরা, সাও পাওলোর এক দরিদ্র পাড়ার রাইড-শেয়ার চালক। বন্ধুদের কথায়, রাশিয়ায় রোজগারের টাকায় তিনি একটা বাড়ি আর একটা বৈদ্যুতিক গাড়ি কেনার পরিকল্পনা করেছিলেন।

তাঁর প্রাক্তন বান্ধবী গাব্রিয়েলা আপারেসিদা অলিভেইরা সিলভা জানান, মস্কোয় প্রথম রাতেই ফেরেইরা ভিডিয়ো কলে তাঁদের পাঁচ বছরের মেয়েকে বরফে ঢাকা রাস্তা দেখিয়েছিলেন।

সিলভার মনে আছে, মেয়েকে তিনি বলেছিলেন, "দেখো, এখানে বরফ পড়ে।" সিলভাকে ফেরেইরা জানিয়েছিলেন, তিনি দেহরক্ষীর কাজ করছেন। "আমরা জানতামই না যে ও যুদ্ধ করতে যাচ্ছে," বলেন সিলভা।

দলে যোগ দেন পঁয়তাল্লিশ বছরের ফার্নান্দো মাজ্জোও। তিনি জানান, গ্রামীণ ব্রাজিলে পরিবহণ লজিস্টিক্সের চাকরিতে একঘেয়ে হয়ে পড়ে রাশিয়ায় গিয়েছিলেন। "জীবনের মানে খুঁজে বেড়ানোর অনুভূতিটা বোঝেন তো?" বলেন মাজ্জো। "মনে হয়েছিল, এটাই হয়তো সেই মানে।"

ফর্মের পর ফর্ম

মাজ্জো ও সান্তোস জানান, পৌঁছনোর পরে তাঁদের মস্কোর এক ম্যাড়মেড়ে অফিসবাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে এক কর্মী তাঁদের রুশ ভাষায় প্রশ্ন করেন, যে ভাষা তাঁরা জানতেন না। তাঁদের কথায়, দোভাষীর কাজ করেন নেতো, বুঝিয়ে দেন যে বাহিনীতে কাজের জন্য তাঁদের যাচাই করা হচ্ছে।

সান্তোসের কথায়, তাঁদের হাতে রুশ ভাষায় লেখা কিছু নথি দেওয়া হয়, বলা হয় সেগুলি সেনায় ভর্তির ফর্ম। "আমরা ওদের বিশ্বাস করতাম," বলেন তিনি, "তাই সই করে দিলাম।"

মাজ্জো ও সান্তোস জানান, পরে দালালেরা তাঁদের একটি রুশ ব্যাঙ্কে নিয়ে যান। সেখানে বেতন জমা পড়ার জন্য স্থানীয় অ্যাকাউন্ট খুলতে আরও কাগজে সই করেন তাঁরা।

মাজ্জো জানান, শেষ পর্যন্ত তাঁকে, সান্তোস ও ফেরেইরাকে মস্কোর উপকণ্ঠে একটি রুশ সামরিক প্রশিক্ষণকেন্দ্রে পাঠানো হয়। "জায়গাটা ছিল যুদ্ধের নার্সারি স্কুলের মতো," বলেন তিনি। তাঁর কথায়, সেখানে কয়েক সপ্তাহ ধরে তাঁরা ড্রোন চালানো, অস্ত্র চালানো, বিস্ফোরক এড়িয়ে চলা আর ভাঙা ভাঙা রুশে নির্দেশ বোঝা শেখেন।

মাজ্জো ও সান্তোস জানান, ফোনের ব্যাঙ্ক অ্যাপে তাঁরা নতুন রুশ অ্যাকাউন্ট থেকে সন্দেহজনক টাকা তোলা লক্ষ করতে শুরু করেন। সেনাঘাঁটিতে আভালোনে ও নেতোর হাত ধরে আসা আরও কয়েক জন ব্রাজিলীয়র সঙ্গে দেখা হয়, তাঁরাও সন্দেহ করছিলেন দালালেরা তাঁদের অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে। এক আইনজীবীর সাহায্যে তাঁরা জানতে পারেন, যে নথিতে তাঁরা সই করেছিলেন সেগুলি আসলে পাওয়ার অব অ্যাটর্নি, যার বলে তাঁদের আর্থিক বিষয়ের উপরে আইনি কর্তৃত্ব পেয়ে গিয়েছিলেন আভালোনে ও নেতো।

"প্রতারণাটা যখন ধরতে পারলাম, তখন আমরা সেনায় নাম লিখিয়ে ফেলেছি," বলেন মাজ্জো।

তাঁর কথায়, মাত্র কুড়ি দিনের প্রশিক্ষণের পরে তাঁকে পাঠানো হয় ক্রিমিয়ায়, তার পরে কুর্স্ক অঞ্চলে। সান্তোস জানান, তাঁকে ও ফেরেইরাকে পাঠানো হয় ইউক্রেনের সঙ্গে পূর্ব সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের একটি রুশ ঘাঁটিতে।

ইতিমধ্যে অনলাইনে আভালোনে ও নেতোর অনুগামীদের কেউ কেউ মন্তব্যে তাঁদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলতে শুরু করেন। দালালেরা অভিযোগ অস্বীকার করে দোষ চাপান ইউক্রেনীয় চরদের অপপ্রচারের ঘাড়ে। একটি ভিডিয়োয় নেতো বলেন, "এর সঙ্গে টাকার কোনও সম্পর্ক নেই।" তাঁর দাবি, তিনি রাশিয়ার লক্ষ্যপূরণে সাহায্য করছেন।

'মৃত্যুর কারবারি'

মাজ্জো জানান, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার পূর্ব সীমান্ত থেকে ১৬ কিলোমিটারেরও কম দূরে তাঁর ইউনিটকে রোজ ড্রোন হামলার মুখে পড়তে হত। তার পরে গত বছরের এপ্রিলে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন, তাঁকে সরিয়ে নেওয়া হয় সেন্ট পিটার্সবার্গের একটি সামরিক হাসপাতালে।

"সম্ভবত ওটাই আমাকে বাঁচিয়ে দিয়েছে," বলেন মাজ্জো।

তাঁর কথায়, হাসপাতাল থেকে পালিয়ে, সেনা ছেড়ে তিনি ব্রাজিলে ফিরে আসতে পেরেছেন।

সান্তোস জানান, পূর্ব ইউক্রেনের ভোলচানস্ক শহরের কাছে তাঁর ইউনিটও ইউক্রেনীয় বাহিনীর অবিরাম হামলার মুখে ছিল। ২০২৫ সালের ১৮ জুন তিনি আহত হন, যখন তিনি ও আরও ছয় সৈনিক গুলি ও শেলের টুকরোয় বিদ্ধ হন।

পরিবারের কথায়, তিন সপ্তাহ পরে ইউক্রেনের ওই একই অঞ্চলে নিখোঁজ হয়ে যান ফেরেইরা।

"ওদের ঠকিয়ে ওখানে মরতে পাঠানো হয়েছিল," বলেন তাঁর মা এলাদে দে অলিভেইরা মাদেইরোস।

সান্তোস জানান, আহত হওয়ার ঠিক আগে তিনি জানতে পারেন, আভালোনে তাঁর অ্যাকাউন্ট থেকে প্রায় ২০ লক্ষ রুবল, অর্থাৎ ২৫ হাজার ডলারের সমান অঙ্ক তুলে নিয়েছেন। "ওরা মৃত্যুর কারবারি," বলেন সান্তোস। "অন্যের রক্ত বেচে মুনাফা করে।"

অগস্টের গোড়ায় দেখা যায়, আভালোনে নিজেই যুদ্ধে যোগ দিয়েছেন বলে মনে হচ্ছে। একটি ভিডিয়োয় তাঁকে অন্য সৈনিকদের সঙ্গে সম্ভবত একটি সেনাবাহী গাড়ির পিছনে বসে থাকতে দেখা যায়।

ছেলে নিখোঁজ হওয়ার কয়েক মাস পরে মাদেইরোস সাও পাওলোর একটি পুলিশ ভবনে যান। সেখানে এক চিকিৎসক তাঁর মুখের লালার নমুনা নেন। একটি ফরেনসিক ল্যাবরেটরি সেই জিনগত নমুনা বিশ্লেষণ করে নিখোঁজ ব্যক্তিদের তথ্যভান্ডারে যোগ করেছে।

ছেলেকে জীবিত ফিরে পাওয়ার আশা আর রাখেন না মাদেইরোস। তবে তাঁর কথায়, এই জিনগত সূত্র হয়তো ছেলের দেহাবশেষের খোঁজ দিতে পারে।

"ওকে ওখানে পরিত্যক্ত পড়ে থাকতে দেব না," বলেন তিনি। "ওকে ফেরত চাই, শুধু হাড়গোড় হলেও।"