বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক প্রতিশ্রুতি দিয়েছেন, আমেরিকার প্রতিটি শিশু স্পেসএক্সের দুটি করে শেয়ার পাবে। মহাকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থাটি মাস্কই চালান। সব মিলিয়ে এই শেয়ারের দাম প্রায় ১৮০০ কোটি ডলার।

নিজের মালিকানাধীন সমাজমাধ্যম এক্স-এ ছোট একটি পোস্টে মাস্ক জানিয়েছেন, প্রতিটি শিশু একটি শেয়ার পাবে সংস্থার তরফে, অন্যটি তাঁর ব্যক্তিগত তরফে। বুধবার দিনের শুরুতেই স্পেসএক্স ঘোষণা করে, প্রতিটি সক্রিয় ‘ট্রাম্প অ্যাকাউন্ট’-এ তারা নতুন ইস্যু করা একটি করে ক্লাস এ সাধারণ শেয়ার দেবে, আর সংস্থা যত শেয়ার দেবে, ঠিক ততগুলিই নিজের তরফে দেবেন মাস্ক।

১৮ বছরের কম বয়সি প্রত্যেক আমেরিকানকে শেয়ার বাজারে অংশীদার করে ছোটবেলা থেকেই সঞ্চয় গড়ে তুলতে সাহায্য করার লক্ষ্যে ট্রাম্প অ্যাকাউন্ট প্রকল্পটি তৈরি। গত মাসে হোয়াইট হাউস জানিয়েছিল, প্রায় সাত কোটি অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে। বুধবার বাজার বন্ধের সময় স্পেসএক্সের শেয়ারের দাম ছিল ১২৭.৪৪ ডলার। সেই হিসাবে প্রতিশ্রুতির মূল্য দাঁড়ায় প্রায় ১৮০০ কোটি ডলার।

মাস্কের ব্যক্তিগত শেয়ারগুলিও ট্রাম্প অ্যাকাউন্টের মাধ্যমেই দেওয়া হবে কি না, এই প্রশ্নের তাৎক্ষণিক কোনও উত্তর দেয়নি স্পেসএক্স।

আলাদা একটি পোস্টে মাস্ক জানিয়েছেন, সংস্থার শেয়ারগুলি আগামী মাসেই হস্তান্তর করা হবে, তাঁর নিজের শেয়ার যাবে পরে। তাঁর কথায়, “আমার কাছ থেকে সরাসরি যে শেয়ারটি যাবে, সেটি হস্তান্তর হবে আগামী বছরের জুনে আমার লক-আপের মেয়াদ শেষ হলে।”

অক্টোবরেই মাস্ক জানিয়েছিলেন, আমেরিকার প্রতিটি শিশুকে নিজের একটি করে স্পেসএক্স শেয়ার দিতে চান তিনি। তাঁর মোট সম্পদের পরিমাণ এখন প্রায় ৮২,৪০০ কোটি ডলার। সেই সময় এক্স-এ তিনি লিখেছিলেন, “এটা অনেকগুলির মধ্যে প্রথম।” চলতি বছরের জুন পর্যন্ত সংস্থাটিতে তাঁর প্রায় ৬৪২ কোটি শেয়ার ছিল।

মাস্কের দানধ্যানের বেশির ভাগটাই এত দিন হয়েছে মাস্ক ফাউন্ডেশনের মাধ্যমে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ফাউন্ডেশনটির হাতে প্রায় ১৬০০ কোটি ডলারের সম্পদ রয়েছে।

অক্টোবরেই স্পেসএক্সের প্রেসিডেন্ট গুইন শটওয়েল ও তাঁর স্বামী ট্রাম্প অ্যাকাউন্ট প্রকল্পের আওতায় থাকা ২০ লক্ষেরও বেশি শিশুর প্রত্যেককে নিজেদের স্পেসএক্স শেয়ার থেকে একটি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এআই-জোয়ারের লাভ কী ভাবে ভাগ করা হবে, তা নিয়ে সম্প্রতি একেবারে আলাদা দুই পথের কথা জানিয়েছে মাস্ক এবং তাঁর প্রতিদ্বন্দ্বী এআই সংস্থা অ্যানথ্রপিক। চলতি মাসের গোড়াতেই শেয়ার বাজারে নথিভুক্ত হয়েছে অ্যানথ্রপিক। সংস্থাটি জানিয়েছে, ‘জনকল্যাণে’ তৈরি নতুন একটি তহবিলে তারা নিজেদের ৫ শতাংশ শেয়ার দেবে। বর্তমান বাজারদরে এর মূল্য প্রায় ৫৪০০ কোটি ডলার। সংস্থার দাবি, এই উদ্যোগের ফলে মানবজাতির কল্যাণে দান করার ক্ষেত্রে তারা আরও স্বাধীন ভাবে এবং অনেক বড় মাপে কাজ করতে পারবে।

দীর্ঘ দিন ধরে চলা বড় মাপের জনহিতকর উদ্যোগগুলির মধ্যে রয়েছে বার্কশায়ার হ্যাথাওয়ের প্রাক্তন চেয়ারম্যান ওয়ারেন বাফেটের দান। রিপোর্ট অনুযায়ী, তিনি এখনও পর্যন্ত ৬০০০ কোটি ডলার দান করেছেন, এবং ১৫,০০০ কোটি ডলারের সম্পদের বাকি অংশেরও বেশির ভাগ একই ভাবে দিয়ে যেতে চান।

অন্য দিকে, ২০০০ সালে প্রতিষ্ঠার পর থেকে গেটস ফাউন্ডেশন ১০,০০০ কোটি ডলারেরও বেশি বিতরণ করেছে। এর একটা অংশ এসেছে বাফেটের দান থেকেই।