বেঞ্জামিন নেতানিয়াহু ও তাঁর প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করার কথা ছিল ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারৎসোগের। দু’জনের মধ্যে কাকে প্রথমে সরকার গড়ার সুযোগ দেবেন, তা স্থির করতে তাঁর হাতে আর এক সপ্তাহও নেই।

গত মাসের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনকে বহু পর্যবেক্ষক গত কয়েক দশকে ইজরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ ভোট বলে মনে করছেন। অথচ ফল বেরোনোর পর ক্ষমতায় ফেরার স্পষ্ট পথ পাননি নেতানিয়াহু। একই অবস্থায় তাঁর প্রতিদ্বন্দ্বী আইজেনকটও। এই প্রাক্তন জেনারেল একসময় ইজরায়েলের সশস্ত্র বাহিনীর প্রধান ছিলেন।

ইজরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর জোট ৬৮ থেকে ৫৩ আসনে নেমে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। আইজেনকটের নেতৃত্বাধীন জায়নবাদী দলগুলির ‘চেঞ্জ’ জোট পেয়েছে ৪৮টি আসন। ফলে সরকার গঠনে নির্ণায়ক হয়ে উঠতে পারে ইজরায়েলের প্যালেস্তিনীয় নাগরিকদের প্রতিনিধিত্বকারী দুই দল। তাদের মিলিত আসনসংখ্যা এ বার রেকর্ড ১৯। এর মধ্যে জয়েন্ট লিস্ট পেয়েছে ১১টি। তুলনায় বেশি রক্ষণশীল ইসলামপন্থী দল রা’আম পেয়েছে আটটি।

ইজরায়েলের রাষ্ট্রব্যবস্থায় প্রেসিডেন্টের ভূমিকা মূলত আনুষ্ঠানিক। তবে ভোটের পর কোন প্রার্থীর পক্ষে স্থিতিশীল জোট সরকার গড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই বিচার করে তাঁকেই প্রথম সুযোগ দেন প্রেসিডেন্ট।

ইজরায়েলের নাগরিকত্ব রয়েছে যে প্যালেস্তিনীয়দের, তাঁরা দেশটির জনসংখ্যার প্রায় ২০ শতাংশ। এই আরব নাগরিকদের ভোটদানের হার দ্বিগুণেরও বেশি বেড়ে এ বার প্রায় ৮০ শতাংশে পৌঁছেছে। তাতেই বদলে গিয়েছে দেশের রাজনৈতিক সমীকরণ। অধিকৃত পশ্চিম তীর ও গাজার প্যালেস্তিনীয়দের এই নির্বাচনে ভোটাধিকার ছিল না।

ইজরায়েলের প্রধান প্যালেস্তিনীয় জোট জয়েন্ট লিস্টের নেতা ইউসেফ জাবারিন বৃহস্পতিবার স্বীকার করেন, “বহু বিষয়েই আইজেনকটের সঙ্গে আমাদের মতভেদ আছে।” তবে তাঁর কথায়, বর্তমান জোটের শাসনে বর্ণবিদ্বেষ, বৈষম্য ও অপরাধ বেড়েছে। প্যালেস্তিনীয় নাগরিকদের আরও বেশি করে কোণঠাসা করা হয়েছে। তাই তাঁরা পরিবর্তন চান।

ইজরায়েলি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জাবারিন বলেন, “ভাল আর আরও ভালর মধ্যে বেছে নেওয়ার সুযোগ আমাদের নেই। আমাদের চোখে একটা বিকল্প খারাপ, অন্যটা আরও খারাপ। এই দুটোর মধ্যেই বেছে নিতে হচ্ছে।”

গত মাসে জাবারিন ‘দ্য গার্ডিয়ান’কে বলেছিলেন, ইজরায়েলের আরব ভোটারদের প্রথম দাবি নেতানিয়াহু সরকারের বিদায়। বিশেষ করে তাঁরা ক্ষমতা থেকে সরাতে চান সরকারের দুই কট্টরতম মুখকে—জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচকে।

আরব দলগুলির সঙ্গে সম্ভাব্য জোট নিয়ে আইজেনকটও শর্ত দিয়েছেন। তাঁর দাবি, দলগুলিকে ইজরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে, অসামরিক কিংবা সামরিক ক্ষেত্রে বাধ্যতামূলক জাতীয় সেবার নীতি মেনে নিতে হবে এবং হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে নিন্দা করতে হবে।

জাবারিন ও তাঁর জয়েন্ট লিস্ট ইঙ্গিত দিয়েছে, বিরোধীরা সরকার গড়লে তারা বাইরে থেকে সমর্থন করবে। নেসেটে প্রয়োজনমতো সেই সরকারের পক্ষে ভোট দেবে তারা। রা’আম জানিয়েছে, আইজেনকটের নেতৃত্বে নতুন সরকার গঠিত হলে তারা তাতে যোগ দিতে রাজি।

ইজরায়েলের প্যালেস্তিনীয় নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলি এবং আরও কয়েকটি ছোট দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন হারৎসোগ। ফের যাতে নির্বাচনে যেতে না হয়, সে জন্য সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।

হারৎসোগ বলেন, “আমাদের সামনে নিরাপত্তা ও কূটনীতির ক্ষেত্রে কী কী চ্যালেঞ্জ রয়েছে, চারপাশের অঞ্চলটা কী ভাবে বদলে যাচ্ছে, সে দিকে তাকালেই আর কোন কোন প্রশ্নে আমরা ভিতর থেকে ছিন্নভিন্ন হয়ে যাচ্ছি, তা মনে রাখলেই যে কোনও বিবেচক মানুষ বুঝবেন, কত বড় দায়িত্ব আমাদের কাঁধে।”

নতুন জোট সরকার গঠিত হওয়া পর্যন্ত তদারকি সরকারের প্রধানমন্ত্রী থাকবেন নেতানিয়াহু। কোনও প্রার্থীই সরকার গড়তে না পারলে ফের নির্বাচন করতে হবে। সে ক্ষেত্রেও ভোট পর্যন্ত তিনিই দায়িত্বে থাকবেন।

৭৭ বছর বয়সি নেতানিয়াহু ভোটে প্রত্যাশার চেয়ে ভাল ফল করেছেন। তাঁর দল লিকুদ এককভাবে সবচেয়ে বেশি আসনও পেয়েছে। কিন্তু জাতীয়তাবাদী ও ধর্মীয় দলগুলিকে নিয়ে তাঁর যে জোট ইজরায়েলের ইতিহাসে সবচেয়ে দক্ষিণপন্থী সরকার গড়েছিল, সেই জোটই এ বার শাসন করার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে।

ক্ষমতা হারানোর মুখে নেতানিয়াহু ভোটে সম্ভাব্য কারচুপি নিয়ে নির্বাচনী আধিকারিকদের একটি তদন্তকে সামনে এনে ফলাফল নিয়ে সংশয় তুলেছেন। তাঁর অভিযোগ, ইজরায়েলের প্যালেস্তিনীয় নাগরিকদের নেতৃত্বাধীন দলগুলি ভোট চুরি করেছে। সমালোচকদের পাল্টা অভিযোগ, নেতানিয়াহু ও তাঁর শরিকেরাই ভোটের ফলাফলের বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে চাইছেন। নেতানিয়াহু সে অভিযোগ অস্বীকার করেছেন।

ইজরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি বুধবার জানিয়েছে, নির্বাচনের স্বচ্ছতা অক্ষুণ্ণ ছিল। কমিটির প্রধান, সুপ্রিম কোর্টের বিচারপতি নোয়াম সোলবার্গ, ভোটপ্রক্রিয়ার প্রতি মানুষের আস্থা রক্ষার জন্য দেশের নির্বাচিত জনপ্রতিনিধিদের আহ্বান জানিয়েছেন।

বুধবার প্রেসিডেন্টের বাসভবনে হারৎসোগকে সোলবার্গ বলেন, “বিপদটা বাস্তব। গণতন্ত্রের অন্যতম ভিত্তি হল শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর।” তাঁর কথায়, সংখ্যালঘু আরব নাগরিক-সহ এত বেশি সংখ্যক মানুষ ভোট দিয়েছেন, এ এক আশীর্বাদ।

এ দিকে বেন-গভির-সহ নেতানিয়াহুর অতি-দক্ষিণপন্থী শরিকেরা আরব দলগুলির নেতাদের অবিলম্বে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন।