মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’ প্ল্যাটফর্মে অনুপ্রবেশ, বিপন্ন হতে পারে সামরিক কৌশল, কর্মী ও রসদ-সংক্রান্ত তথ্য। কয়েক দিনের ব্যবধানেই সিআইএ-র ডেটাবেসে হানার খবর

মার্কিন নিরাপত্তা ব্যবস্থায় পর পর সাইবার হানা! এ বার হ্যাকারদের নিশানায় মার্কিন বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’। কয়েক দিন আগেই সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)-র ব্যবহৃত একটি ডেটাবেসে অনুপ্রবেশের খবর সামনে এসেছিল। তার পরেই বিমানবাহিনীর এই গুরুত্বপূর্ণ ব্যবস্থায় হানার খবর ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

শুক্রবার রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই অনুপ্রবেশের ফলে মার্কিন বিমানবাহিনীর স্পর্শকাতর রণকৌশলগত তথ্য, কর্মীদের বিবরণ এবং সামরিক রসদ-সংক্রান্ত তথ্যের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়তে পারে।

দু’টি সূত্রকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, প্রায় এক মাস আগে একটি সিস্টেম আপগ্রেডের সময় অনুপ্রবেশের বিষয়টি প্রথম ধরা পড়ে। তার পর থেকে গোটা প্ল্যাটফর্মের কাজকর্মেই বিঘ্ন ঘটেছে। তবে কারা এই সাইবার হানার নেপথ্যে রয়েছে, কতটা গভীরে অনুপ্রবেশ ঘটেছে কিংবা কোনও তথ্য চুরি হয়েছে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বিমানবাহিনীর তরফে অবশ্য এ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এক বিবৃতিতে বলা হয়েছে, “নির্দিষ্ট কোনও নেটওয়ার্ক বা সিস্টেমের নিরাপত্তা-ব্যবস্থা, দুর্বলতা কিংবা কার্যকরী অবস্থা নিয়ে আমরা মন্তব্য করি না। বিমানবাহিনীর তথ্য, সিস্টেম ও অভিযান পরিচালনার সক্ষমতা রক্ষায় আমরা নিরন্তর প্রয়োজনীয় পদক্ষেপ করছি।”

কিন্তু ঠিক কতটা গুরুত্বপূর্ণ এই ‘ক্লাউড ওয়ান’? বিমানবাহিনীর যাবতীয় তথ্যপ্রযুক্তিগত কাজকর্মকে একটি কেন্দ্রীয় ব্যবস্থার আওতায় আনতেই এটি তৈরি করা হয়েছিল। কর্মীদের ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে বেতন, সামরিক রসদ এবং বিমান ও অন্যান্য সরঞ্জামের রক্ষণাবেক্ষণ—সবই এই প্ল্যাটফর্মের আওতায়। এর পরিকাঠামো গড়ে তুলতে চারটি বড় প্রযুক্তি সংস্থার পরিষেবা ব্যবহার করা হয়। সেগুলি হল মাইক্রোসফ্‌ট, অ্যামাজ়ন, ওর‍্যাকল এবং অ্যালফাবেট।

শুধু প্রশাসনিক কাজেই নয়, সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই প্ল্যাটফর্মের। কম্যান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থার পাশাপাশি ‘থিয়েটার-ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশনস সিস্টেম’ (টিআইসিএমএস)-এর কাজেও এটি ব্যবহৃত হয়। বিশ্বের দু’শোরও বেশি স্থানে মজুত গোলাবারুদের হিসাব রাখা এবং সেগুলির ব্যবস্থাপনার দায়িত্ব এই ব্যবস্থার উপরেই। তাই এখানে অনুপ্রবেশের গুরুত্ব যে যথেষ্ট, তা স্পষ্ট। রয়টার্সকে একটি সূত্রের কথায়, “এখানে অনুপ্রবেশ মানে বড় ব্যাপার।”

একটি সূত্রের দাবি, কোনও একটি সফ্‌টওয়্যারের দুর্বলতাকে কাজে লাগিয়েই হ্যাকারেরা সিস্টেমের নিয়ন্ত্রণ-ব্যবস্থা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তাত্ত্বিক ভাবে, এই সুযোগ কাজে লাগিয়ে সামরিক বিমানগুলির কার্যকরী অবস্থা, যন্ত্রাংশের মজুত এবং এক জায়গা থেকে অন্য জায়গায় সেগুলির পরিবহণ সম্পর্কেও তথ্য জোগাড় করা সম্ভব ছিল। অর্থাৎ, শুধু তথ্য চুরিই নয়, সামরিক প্রস্তুতি সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা রয়েছে।

এটাই অবশ্য মার্কিন প্রশাসনের তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় প্রথম বড়সড় অনুপ্রবেশ নয়। এর আগে ফেডেরাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই), হোমল্যান্ড সিকিয়োরিটি দফতরের কর্মী-সংক্রান্ত তথ্যভান্ডার, অর্থ দফতর এবং দু’টি গুপ্তচর সংস্থায় সাইবার হানার খবর সামনে এসেছে।

পেন্টাগনের একটি তথ্যভান্ডারেও হানা দিয়েছিল হ্যাকারেরা। ‘ডিফেন্স ম্যানপাওয়ার ডেটা সেন্টার’ নামে ওই ব্যবস্থায় অনুপ্রবেশের ফলে বিপুল সংখ্যক মানুষের ব্যক্তিগত তথ্য বিপন্ন হয়। মার্কিন প্রতিরক্ষা দফতরের এক আধিকারিক মিলিটারি ডট কম-কে জানিয়েছেন, এই ঘটনায় ২৭ লক্ষ ৬০ হাজার জীবিত এবং ২ লক্ষ ৯৪ হাজার প্রয়াত ব্যক্তির তথ্য প্রভাবিত হয়েছে।

ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে সোশ্যাল সিকিয়োরিটি নম্বর। পাশাপাশি ব্যক্তিবিশেষের নাম, জন্মতারিখ, যোগাযোগের বিবরণ এবং সামরিক পেশাগত দক্ষতা সংক্রান্ত তথ্যও রয়েছে সেই তালিকায়।

এর মধ্যেই চলতি সপ্তাহের গোড়ায় আরও একটি অনুপ্রবেশের খবর সামনে আসে। সিআইএ এবং অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স (ওডিএনআই)-এর ব্যবহৃত একটি ব্যবস্থায় ঢুকে পড়েছিল হ্যাকারেরা। সেখান থেকে গোপনীয় নয়, এমন একাধিক তথ্যের নাগাল পাওয়ার অভিযোগ উঠেছে।

‘নিউ ইয়র্ক টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, আক্রান্ত ব্যবস্থাটি আসলে একটি গোয়েন্দা বিশ্লেষণ-যন্ত্র। প্রকাশ্য সূত্র থেকে পাওয়া তথ্য এবং অশ্রেণিবদ্ধ নথিপত্র খুঁটিয়ে বিশ্লেষণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও অন্তর্দৃষ্টি তুলে আনাই এর কাজ।

এই ঘটনা নিয়ে মুখ খুলতে চায়নি সিআইএ। তবে ব্লুমবার্গকে ইমেলে পাঠানো বিবৃতিতে ওডিএনআই-এর এক প্রতিনিধি জানিয়েছেন, “গুরুত্বপূর্ণ সক্ষমতা কিংবা গোপনীয় সিস্টেমে কোনও বিঘ্ন ঘটেনি।”

পর পর এই অনুপ্রবেশের ঘটনায় মার্কিন প্রশাসনের তথ্যপ্রযুক্তি ও নিরাপত্তা পরিকাঠামোর দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষত, সামরিক ও গোয়েন্দা তথ্যের মতো স্পর্শকাতর বিষয় যখন একাধিক বাণিজ্যিক ক্লাউড পরিষেবার উপর নির্ভরশীল, তখন একটি সফ্‌টওয়্যারের দুর্বলতাও কতটা বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে, তা নতুন করে সামনে এল।