রেলপথ, জ্বালানি ও প্রতিরক্ষা পরিকাঠামোয় বাড়ছে নাশকতা, যে কোনও সময় ঘটতে পারে বড়সড় প্রাণহানি। তার জেরে রাশিয়ার বিরুদ্ধে প্রত্যাঘাতের দাবি উঠলে প্রকাশ্যে আসতে পারে ইউরোপীয় ইউনিয়নের অন্দরের বিভাজন, সতর্ক করল আইআইএসএস
ইউরোপের মাটিতে রাশিয়ার নাশকতামূলক তৎপরতা ক্রমশ বাড়ছে। আগের চেয়ে বেশি দক্ষ এজেন্ট, আরও নিখুঁত কৌশল এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামোয় একের পর এক হামলা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, যে কোনও সময় ঘটে যেতে পারে বড়সড় প্রাণহানির ঘটনা। আর তেমন কিছু হলে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের দাবি সামলাতে গিয়ে আরও বড় সংকটে পড়তে পারে ইউরোপ। এমনই সতর্কবার্তা দিল বিশ্বের অন্যতম প্রথম সারির রণনীতি-বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ় (আইআইএসএস)।
সংস্থার সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, রুশ গোয়েন্দা সংস্থা এবং তাদের মদতপুষ্ট এজেন্টদের নিশানায় রয়েছে ইউরোপের রেলপথ, জ্বালানি পরিকাঠামো এবং প্রতিরক্ষা শিল্প। লক্ষ্য একটাই, ইউক্রেনের পাশে দাঁড়ানোর জন্য ইউরোপ যে সামরিক ও রসদ-সহায়তা দিচ্ছে, তাতে বাধা তৈরি করা।
আইআইএসএস-এর হিসাব অনুযায়ী, গত ১২ মাসে ইউরোপে রুশ নাশকতার ঘটনা বেড়েছে ১৬ শতাংশ। অগ্নিসংযোগ ও বিস্ফোরক ব্যবহারের ঘটনা বেড়েছে দ্বিগুণ। রিপোর্টে সতর্ক করা হয়েছে, এই পরিস্থিতিতে বড়সড় প্রাণহানির আশঙ্কা আর উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ, সামান্য ভুল হিসাবও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। আর তেমন হামলা ঘটলে তার পাল্টা প্রতিক্রিয়া থেকে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
রিপোর্টে আরও বলা হয়েছে, এখনও পর্যন্ত অধিকাংশ নাশকতামূলক অভিযান চালাচ্ছে অপেক্ষাকৃত অদক্ষ ভাড়াটে লোকজন। তবে ছবিটা বদলাচ্ছে। তৈরি হয়েছে আধা-দক্ষ এজেন্টদের একটি নতুন স্তর। তারা আগের চেয়ে অনেক বেশি পরিকল্পিত ও সূক্ষ্ম কৌশলে হামলা চালাচ্ছে। সেই কৌশলের মধ্যে রয়েছে টাইমার এবং দূরনিয়ন্ত্রিত ডিটোনেটর-সহ দেশীয় পদ্ধতিতে তৈরি বিস্ফোরক (আইইডি) ব্যবহার।
এই তৎপরতা ঠেকাতে ইউরোপের বিভিন্ন দেশ ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছে। সন্দেহভাজন এজেন্টদের গ্রেফতার করা হয়েছে, রুশ গোয়েন্দা আধিকারিকদের বহিষ্কার করা হয়েছে, এমনকি কোথাও কোথাও বন্ধ করে দেওয়া হয়েছে রুশ কনস্যুলেটও। কিন্তু আইআইএসএস-এর দাবি, এত কিছুর পরেও নাশকতার পরিকল্পনা থেকে ক্রেমলিন পিছিয়ে এসেছে, এমন কোনও স্পষ্ট প্রমাণ নেই।
রিপোর্টের পর্যবেক্ষণ, সন্দেহভাজন এজেন্টদের গ্রেফতার করে অভিযান চালানোর লোকজনকে সরিয়ে দেওয়া সম্ভব। কিন্তু নেপথ্যে থাকা রুশ গোয়েন্দা সংস্থাগুলিকে এ ভাবে নিরস্ত করা কার্যত অসম্ভব। একাধিক স্তরের মধ্যস্থতাকারীকে কাজে লাগিয়ে এই অভিযান চালানো হয়। হামলাগুলিও হয় একটানা নয়, বরং নির্দিষ্ট বিরতিতে ঢেউয়ের মতো। কৌশলগত গুরুত্ব রয়েছে, এমন দেশ ও পরিকাঠামোকেই বেছে নেওয়া হয়।
এই তালিকায় বিশেষ ভাবে রয়েছে জার্মানি ও পোল্যান্ড। কারণ, ইউক্রেনে সামরিক সরঞ্জাম ও অন্যান্য রসদ পাঠানোর ক্ষেত্রে এই দুই দেশের পরিবহণ ব্যবস্থা এবং শিল্প পরিকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইআইএসএস-এর রিপোর্ট অনুযায়ী, গত এক বছরে ইউরোপে রুশ নাশকতার অর্ধেকেরও বেশি ঘটনার লক্ষ্য ছিল এই ধরনের গুরুত্বপূর্ণ পরিকাঠামো।
২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত শুধু পোল্যান্ডেই মস্কোর সঙ্গে যোগসূত্র রয়েছে, এমন ২৯টি নাশকতামূলক ঘটনার খবর মিলেছে। তার মধ্যে রয়েছে ২০২৫ সালের নভেম্বরের একটি ঘটনা। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছিল ইউক্রেনে রসদ পাঠানোর কাজে ব্যবহৃত একটি রেললাইন।
জার্মানিতেও ঘটেছে উদ্বেগজনক ঘটনা। গত ৪ অগস্ট লাইপজ়িগে সামরিক রসদ বহনকারী একটি ইউক্রেনীয় আন্তোনভ কার্গো বিমানের কাছে বিস্ফোরক-বোঝাই একটি ড্রোন উদ্ধার হয়। তদন্তকারীদের সন্দেহ, বিমান চলাচল সাময়িক ভাবে বন্ধ হওয়ার কিছু ক্ষণ পরেই দ্বিতীয় একটি ড্রোন ডিএইচএল-এর একটি কার্গো বিমানে আঘাত করেছিল।
তবে আইআইএসএস-এর মতে, ইউরোপের সামনে এখন শুধু নাশকতা ঠেকানোই চ্যালেঞ্জ নয়। বরং বিভিন্ন দেশের বিচ্ছিন্ন পদক্ষেপকে একটি সমন্বিত সর্বইউরোপীয় রণনীতির আওতায় নিয়ে আসাই সবচেয়ে জরুরি। আর তা করতে হবে রুশ গোয়েন্দা সংস্থা বা তাদের মদতপুষ্ট এজেন্টদের কোনও অভিযানে বড়সড় প্রাণহানি ঘটানোর আগেই।
কারণ, কোনও হামলায় বহু মানুষের মৃত্যু হলে বা বড় মাপের বিপর্যয় ঘটলে রাশিয়ার বিরুদ্ধে প্রত্যাঘাতের দাবি উঠতে বাধ্য। আর সেই চাপ সামলাতে গিয়েই ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলির মধ্যে মতবিরোধ প্রকাশ্যে চলে আসতে পারে। আইআইএসএস-এর দাবি, এস্তোনিয়া, লিথুয়ানিয়া ও রোমানিয়ায় সাম্প্রতিক নাশকতার ঘটনাগুলির পরেও কোনও দেশই এখনও পর্যন্ত স্পষ্ট করে জানায়নি, ঠিক কোন পরিস্থিতিতে তারা পাল্টা পদক্ষেপ করবে।
সবচেয়ে বড় আশঙ্কা, বড়সড় প্রাণহানির ঘটনা ইচ্ছাকৃত ভাবে ঘটানো হোক বা ভুল হিসাবের ফলেই ঘটুক, তার পর ইউরোপের প্রথম প্রতিক্রিয়া হয়ে উঠতে পারে সংঘাত আরও বাড়িয়ে দেওয়া। তাই কোন মাত্রার হামলার জবাবে কী ধরনের পদক্ষেপ করা হবে, তা আগেভাগেই স্পষ্ট করে দেওয়ার পরামর্শ দিয়েছে আইআইএসএস। অর্থাৎ, নিজেদের ‘লক্ষ্মণরেখা’ আগেই নির্ধারণ করতে হবে ইউরোপকে।
এ দিকে, ইউক্রেনের প্রতি ইউরোপীয় ইউনিয়নের সমর্থন দুর্বল করে দিতে গোটা মহাদেশ জুড়ে ড্রোন হামলা, সাইবার আক্রমণ, অগ্নিসংযোগ ও বিস্ফোরণের মতো নাশকতামূলক অভিযান চালানোর অভিযোগ তুলেছে পশ্চিমী দেশগুলির সরকার ও গোয়েন্দা সংস্থাগুলি। তবে মস্কো বরাবরের মতোই এই সমস্ত অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।